আমানত সংগ্রহ ও ঋণ বিতরণের মতো প্রচলিত ব্যাংকিং কার্যক্রম থেকে যে আয় হয়, তা দিয়ে কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতার ৪০ শতাংশও মেটাতে পারছে না শেয়ারবাজারে তালিকাভুক্ত মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি)। এক বছরের ব্যবধানে ব্যাংকটির নিট সুদ আয় কমেছে ৬৬ শতাংশ। তবে সরকারি ট্রেজারি বিল, বন্ড ও বিভিন্ন সিকিউরিটিজে বিনিয়োগ বাড়িয়ে এ খাত থেকে আয়ও বাড়িয়েছে ৬৬ শতাংশ। ফলে মূল ব্যাংকিং ব্যবসায় আয় কমলেও বিনিয়োগ ও অন্যান্য খাতের আয়ের ওপর নির্ভর করে মুনাফা ধরে রেখেছে ব্যাংকটি। ২০২৫ সালের আর্থিক প্রতিবেদন বিশ্লেষণে এ চিত্র পাওয়া গেছে।