ঢাকা   বৃহস্পতিবার ১৯ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২

মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল করে নতুন নজির মালয়েশিয়ার

অর্থ ও বাণিজ্য

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ২২:৪৯, ১৮ মার্চ ২০২৬

মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল করে নতুন নজির মালয়েশিয়ার

যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত ‘রিসিপ্রোকাল ট্রেড’ চুক্তি থেকে সরে দাঁড়িয়েছে মালয়েশিয়া। এর ফলে ওয়াশিংটনের ট্যারিফভিত্তিক বাণিজ্য কাঠামো থেকে বেরিয়ে আসা প্রথম দেশ হিসেবে নতুন নজির গড়ল দেশটি।

মালয়েশিয়ার বিনিয়োগ, বাণিজ্য ও শিল্পমন্ত্রী জোহারি আব্দুল গনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র–মালয়েশিয়া ‘অ্যাগ্রিমেন্ট অন রিসিপ্রোকাল ট্রেড (এআরটি)’ এখন সম্পূর্ণ অকার্যকর। এই চুক্তির আর কোনো আইনি বা বাস্তব প্রভাব নেই।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়ে ট্রাম্প প্রশাসনের আরোপিত রিসিপ্রোকাল ট্যারিফ অবৈধ ঘোষণার পরই এই চুক্তির ভিত্তি দুর্বল হয়ে পড়ে। ফলে মালয়েশিয়ার এই সরে দাঁড়ানো ছিল অনেকটাই প্রত্যাশিত।

এর আগে ২০২৫ সালে কুয়ালালামপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে চুক্তিটি স্বাক্ষরিত হয়। এতে শুল্ক কমানোর বিনিময়ে যুক্তরাষ্ট্রকে বাজার সুবিধা দেয় মালয়েশিয়া।

তবে বর্তমান পরিস্থিতিতে মালয়েশিয়া স্পষ্ট করেছে—ভবিষ্যতে যুক্তরাষ্ট্র যদি নতুন শুল্ক আরোপ করতে চায়, তবে তা নির্দিষ্ট খাতভিত্তিক ও যুক্তিসঙ্গত হতে হবে।

বিশ্লেষকরা বলছেন, মালয়েশিয়ার এই সিদ্ধান্ত ইউরোপীয় ইউনিয়ন, জাপান, ভারতসহ অন্যান্য দেশের জন্যও একটি গুরুত্বপূর্ণ বার্তা। এতে বৈশ্বিক বাণিজ্যে নতুন সমীকরণ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।