দেশের শেয়ারবাজারে সূচকের উত্থান-পতন আর লেনদেনের ওঠানামা নিয়মিত আলোচনায় এলেও শিল্প ও ব্যবসাপ্রতিষ্ঠানে দীর্ঘমেয়াদি মূলধন জোগানের ক্ষেত্রে বাজারটির ভূমিকা এখনো সীমিত। নতুন শিল্প স্থাপন, উৎপাদন সক্ষমতা বাড়ানো কিংবা ব্যবসা সম্প্রসারণে উদ্যোক্তাদের বড় অংশকে নির্ভর করতে হচ্ছে ব্যাংকঋণের ওপর। এতে বাড়ছে সুদ ব্যয়, আর্থিক চাপ ও ব্যবসার ঝুঁকি। ফলে প্রশ্ন উঠছে—শেয়ারবাজারের আকার বাড়লেও কেন তা দেশের উৎপাদনশীল খাতে প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত করতে পারছে না?