ঢাকা   বৃহস্পতিবার ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

২২ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

গ্রামবাংলা

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৩:২০, ১৯ মার্চ ২০২৬

২২ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

বগুড়ার আদমদীঘিতে নীলসাগর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ার প্রায় ২২ ঘণ্টা পর বৃহস্পতিবার বেলা ১১টা ২০ মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। লাইনচ্যুতির কারণে দেশের বিভিন্ন রুটে ৯ জোড়া ট্রেন আটকা পড়ে, যার ফলে নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও জয়পুরহাটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্থগিত ছিল।

বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চল সূত্রে জানা গেছে, আটকা পড়া ট্রেনগুলোর মধ্যে রয়েছে পঞ্চগড় ও ঢাকার মধ্যে চলাচলকারী তিন জোড়া, নীলফামারী ও খুলনার মধ্যে চলাচলকারী দুই জোড়া, এবং রাজশাহী ও নীলফামারীর মধ্যে চলাচলকারী বরেন্দ্র ও তিতুমীর এক্সপ্রেসের দুটি জোড়া। আটকা পড়া যাত্রীরা শান্তাহার জংশনের কাছে বাগবাড়ি এলাকায় দুই পাশে আটকা পড়ে যান, যাদের বিকল্প ব্যবস্থা হিসেবে প্রায় তিন কিলোমিটার পথ অন্য যানবাহনের মাধ্যমে ট্রেনে তুলে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

এ ঘটনায় মহাপরিচালকের কার্যালয় চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিতে মেকানিক্যাল, ইঞ্জিনিয়ারিং, সিগন্যাল ও অপারেটিং বিভাগের প্রধানদের রাখা হয়েছে, যারা তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করবেন।

বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ জানিয়েছেন, “হিউম্যান ফেইলিয়র বা দায়িত্বহীনতার কারণে দুর্ঘটনা ঘটেছে। এখন একজনের দায় আরেকজনের ওপর চাপানো হচ্ছে। তদন্ত প্রতিবেদন পেলে আসল কারণ জানা যাবে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।” তিনি আরও জানান, আজ সকাল সাড়ে ১০টার দিকে লাইন পুনরায় ফিট করা হয়েছে এবং ছয়টি বগি মেরামত করা ছাড়া লাইন তোলা সম্ভব হয়নি।