ঢাকা   বুধবার ১৮ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২

বিশেষ সুবিধা কেলেঙ্কারি: ইসলামী ব্যাংকের পরিচালক অপসারণ

অর্থ ও বাণিজ্য

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ২২:১১, ১৭ মার্চ ২০২৬

বিশেষ সুবিধা কেলেঙ্কারি: ইসলামী ব্যাংকের পরিচালক অপসারণ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পর্ষদের পরিচালক মো. আবদুল জলিল-কে অপসারণ করেছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (১৬ মার্চ) এ সিদ্ধান্ত নেওয়া হয়। একই পদে সনদপ্রাপ্ত হিসাববিদ এস এম আবদুল হামিদ-কে নতুন স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, একজন গ্রাহককে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ ওঠে আবদুল জলিলের বিরুদ্ধে, যার সত্যতা তদন্তে পাওয়া যায়। এর আগেও এ অভিযোগে তাঁকে সতর্ক করা হয়েছিল। বিষয়টি গুরুতর হওয়ায় শেষ পর্যন্ত তাঁকে পরিচালক পদ থেকে সরিয়ে দেওয়া হয়।

জানা গেছে, আবদুল জলিলের দীর্ঘদিনের ব্যাংকিং অভিজ্ঞতা রয়েছে। তিনি একসময় বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা ছিলেন এবং পরে ইসলামী ব্যাংকে কাজ করেন। পরবর্তীতে আল-আরাফাহ ইসলামী ব্যাংক থেকে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে অবসর নেন। ইসলামী ব্যাংকের সঙ্গে তাঁর পুরোনো সম্পর্কও ছিল।

অভিযোগ রয়েছে, রাজনৈতিক কর্মসূচির জন্য গ্রাহকদের কাছ থেকে অর্থ আদায় এবং পক্ষপাতমূলক আচরণের মতো বিষয়েও তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। এর আগে তাঁকে পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির চেয়ারম্যান পদ থেকেও সরানো হয়েছিল।

উল্লেখ্য, ২০১৭ থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত ব্যাংকটি এস আলম গ্রুপ-এর নিয়ন্ত্রণে ছিল। এ সময় বিপুল অর্থ অনিয়মের অভিযোগে ব্যাংকটি সংকটে পড়ে। পরে অন্তর্বর্তী সরকারের সময়ে পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়।

এদিকে, নতুন পরিচালক হিসেবে নিয়োগ পাওয়া এস এম আবদুল হামিদ জানিয়েছেন, ঈদের পর দায়িত্ব গ্রহণ করবেন। তাঁর মতে, ব্যাংকটিতে বর্তমানে নানা জটিলতা রয়েছে, যা সমাধানে ব্যাপক কাজ করতে হবে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান অপসারণের বিষয়টি নিশ্চিত করেছেন।