বাংলাদেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় একদিন পিছিয়েছে ঈদ। ফলে আগামীকাল শুক্রবার রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং দেশব্যাপী পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হবে শনিবার। মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসবকে ঘিরে ইতোমধ্যে শুরু হয়েছে প্রস্তুতি ও আনন্দের আমেজ।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এর সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ এ ঘোষণা দেন। তিনি জানান, দেশের সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং দূর অনুধাবন প্রতিষ্ঠান(স্পারসো) সহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য পর্যালোচনা করে নিশ্চিত হওয়া গেছে যে দেশের কোথাও শাওয়ালের চাঁদ দেখা যায়নি।
ইসলামী বিধান অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষেই ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করা হয়। সে অনুযায়ী ২৯ রমজানে চাঁদ দেখা না গেলে ৩০ দিন রোজা পূর্ণ করে পরদিন ঈদ উদ্যাপন করা হয়। এ বছরও সেই নিয়ম অনুসরণ করেই শনিবার ঈদ পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এক মাস সিয়াম সাধনার পর শাওয়ালের প্রথম দিনে মুসলমানরা ঈদুল ফিতর উদ্যাপন করেন। এই দিনটি ধর্মীয় আনন্দ, সামাজিক বন্ধন ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য প্রতীক হিসেবে বিবেচিত হয়। দেশের সর্বত্র ঈদের নামাজ, আত্মীয়-স্বজনের সঙ্গে দেখা-সাক্ষাৎ এবং দান-সদকার মাধ্যমে উদ্যাপিত হবে মুসলিম উম্মাহর এই মহোৎসব।
ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজকের সভায় ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (পশ্চিম এশিয়া) মো. হুমায়ুন কবীর, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ছাদেক আহমদ, প্রধান তথ্য অফিসার ইয়াকুব আলী, ঢাকা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল অধ্যাপক মোহাম্মদ ওবায়দুল হক, ইসলামিক ফাউন্ডেশন দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক মোহাম্মদ হারুনুর রশীদ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের (স্পারসো) মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মুহাম্মদ শহিদুল ইসলাম, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. আরিফুল হক মৃদুল, ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক ওয়ারেছ আনসারী, বাংলাদেশ টেলিভিশনের বার্তা সম্পাদক মো. ফারুক আহম্মদ, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির দাওয়া অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ ফারুক, জামিয়াতুল উলুমিল ইসলামিয়ার উপাধ্যক্ষ আবদুল গাফফার প্রমুখ উপস্থিত ছিলেন।
























