‘নসীব’ সিনেমায় খলচরিত্রে অভিনয় করছিলেন সোহেল খান। গল্প অনুযায়ী, শেষ পর্যন্ত তাঁর চরিত্রটিরও মৃত্যুর কথা ছিল। কিন্তু সেই দৃশ্যের শুটিং শেষ হওয়ার আগেই বাস্তবেই পৃথিবী থেকে বিদায় নিলেন এই অভিনেতা। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
সিনেমাটির পরিচালক মোহাম্মদ ইকবাল জানিয়েছেন, সোহেল খানের চরিত্রের মৃত্যুর দৃশ্যসহ আরও তিন-চারটি দৃশ্যের শুটিং বাকি ছিল। কাজ শেষ করে দুই-তিন দিনের মধ্যে তাঁর ঢাকায় ফেরার কথা ছিল।
আরশাদ আদনানের প্রযোজনায় নির্মিত ‘নসীব’ সিনেমার শেষ পর্যায়ের শুটিং চলছিল বগুড়ায়। বলিউড অভিনেতা মুকেশ ঋষি ও বাপ্পারাজের সঙ্গে এরই মধ্যে বেশ কয়েকটি দৃশ্যের শুটিং করেছিলেন সোহেল খান। মঙ্গলবার (২৪ নভেম্বর)ও তাঁর শুটিংয়ের সূচি ছিল। সকালে সহকর্মীদের সঙ্গে নাশতাও করেন তিনি। এরপর শুটিংয়ের প্রস্তুতি নিতে নিজের কক্ষে ফেরার কিছুক্ষণ পরই অসুস্থ হয়ে পড়েন।
নাশতার পর কক্ষে গিয়ে অসুস্থ
পরিচালক মোহাম্মদ ইকবাল জানান, সকালে নাশতা শেষে মেকআপ নেওয়ার জন্য বগুড়ার মম ইন হোটেলে নিজের কক্ষে যান সোহেল খান। পরে শুটিংয়ের জন্য তাঁকে ডাকতে গিয়ে সহকারী পরিচালক রাজু কক্ষে পড়ে থাকতে দেখেন। তাঁর ডাক শুনে পাশের কক্ষ থেকে ছুটে আসেন সহকর্মীরা।
অভিনেতা এল আর খান সীমান্ত জানান, কক্ষে গিয়ে তাঁরা সোহেল খানের নাড়ির স্পন্দন পাচ্ছিলেন না। তখন তিনি ও মেকআপশিল্পী বাবু সিপিআর দেন। দ্রুত গাড়ির ব্যবস্থা করে তাঁকে হাসপাতালে নেওয়া হয়।
বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা সোহেল খানকে মৃত ঘোষণা করেন। তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। হাসপাতালের মৃত্যুসনদে মৃত্যুর কারণ হিসেবে ‘কার্ডিয়াক অ্যারেস্ট’ উল্লেখ করা হয়েছে।
নিজের চরিত্রের পরিণতি নিয়ে করেছিলেন রসিকতা
‘নসীব’ সিনেমায় চারটি খলচরিত্রে অভিনয় করেছেন মুকেশ ঋষি, বাপ্পারাজ, সোহেল খান ও মুকিত জাকারিয়া। পরিচালক জানিয়েছেন, গল্পে একে একে চারটি চরিত্রেরই মৃত্যু হয়।
গত শুক্রবার রাতে বগুড়ার মম ইন হোটেলের লবিতে প্রথম আলোর প্রতিবেদকের সঙ্গে আড্ডায় ‘নসীব’ নিয়ে কথা বলেছিলেন সোহেল খান। বলিউড থেকে মুকেশ ঋষির আসা, বাপ্পারাজ ও মুকিত জাকারিয়ার সঙ্গে কাজের অভিজ্ঞতা এবং সিনেমায় নিজের চরিত্রের পরিণতি নিয়েও কথা হয়। একপর্যায়ে মজা করে বলেছিলেন, ‘একে একে সব ভিলেন মারা যাবে।’
ঈদে সিনেমাটি মুক্তি পেলে দর্শকেরা উপভোগ করবেন বলেও আশা প্রকাশ করেছিলেন তিনি।
একসঙ্গে এসেছিলেন, ফেরা হলো না একসঙ্গে
মোস্তফা কামাল রাজ পরিচালিত ধারাবাহিক ‘ফ্যামিলি ক্রাইসিস’-এ এর আগে সোহেল খান ও মুকিত জাকারিয়া একসঙ্গে অভিনয় করেছিলেন। তাঁদের পরিচয় ও বন্ধুত্ব ১৪ বছরের বেশি সময়ের।
এবার ‘নসীব’-এর শুটিংয়ে বগুড়ায় এসে একই হোটেলে পাশাপাশি কক্ষে ছিলেন দুজন। শুটিং শেষে একসঙ্গে ঢাকায় ফেরার কথা ছিল তাঁদের। কিন্তু সোহেল খানের মৃত্যুতে সেই ফেরা আর হলো না। বন্ধুর মৃত্যুর পর মুকিত জাকারিয়া বলেন, ‘একসঙ্গে এসেছিলাম। একসঙ্গে ঢাকায় ফেরার কথা ছিল।’
বন্ধ রাখা হয় দিনের শুটিং
সোহেল খানের মৃত্যুর পর মঙ্গলবারের শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় প্রযোজনা প্রতিষ্ঠান। প্রযোজক আরশাদ আদনান বলেন, ‘হঠাৎ এ ঘটনায় পুরো শুটিং ইউনিটের পরিস্থিতি এলোমেলো হয়ে গেছে। কারও মানসিক অবস্থা ভালো নেই। সবকিছু বিবেচনা করে আজকের দিনের শুটিং বন্ধ রাখছি।’
বগুড়ায় প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে সোহেল খানের মরদেহ ঢাকার ধামরাইয়ের উদ্দেশে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
‘নসীব’ সিনেমায় আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম ও শাহরিয়ার নাজিম জয়। আগামী ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন পরিচালক মোহাম্মদ ইকবাল।
























