রাশিয়ার রাজধানী মস্কো, ক্রিমিয়া উপদ্বীপসহ দেশটির বিস্তীর্ণ এলাকায় রাতভর ইউক্রেনের ৬৯৯টি ড্রোন প্রতিহত ও ধ্বংস করার দাবি করেছে মস্কো। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রাতভর দেশটির আকাশ প্রতিরক্ষা বাহিনী ৬৯৯টি ইউক্রেনীয় ড্রোন প্রতিহত ও ধ্বংস করেছে।
মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানান, রাজধানী লক্ষ্য করে ৩৫৫টি ড্রোন ছোড়া হয়েছিল। এর মধ্যে ৬৩টি ড্রোন মস্কোর কাছাকাছি পৌঁছানোর পর ধ্বংস করা হয়।
রুশ কর্তৃপক্ষ এখন পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহতের খবর জানায়নি।
প্রায় পাঁচ বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে দুই দেশই একে অপরের সামরিক ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে। শীত মৌসুম সামনে রেখে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে রাশিয়ার হামলাও বেড়েছে।
এদিকে, গত সপ্তাহান্তে লিবিয়া উপকূলে রাশিয়ার দুটি জাহাজে হামলার দায় স্বীকার করেছে ইউক্রেন। সোমবার কিয়েভ জানায়, জাহাজ দুটির একটি বন্দরে নোঙর করা ছিল, অন্যটি কাছাকাছি সাগরে অবস্থান করছিল। ইউক্রেনের দাবি, হামলায় রাশিয়ার তুলনামূলক নতুন একটি যুদ্ধজাহাজ পুরোপুরি ধ্বংস হয়েছে।
























