ঢাকা   মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রাহায়ণ ১৪৩৩

৫৩ বলে ২০৪! ২৮ ছক্কায় বিশ্বরেকর্ডের ঝড় তুললেন ১৪ বছরের সূর্যবংশী

খেলার জগৎ

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৯:৫৪, ২৪ নভেম্বর ২০২৬

সর্বশেষ

৫৩ বলে ২০৪! ২৮ ছক্কায় বিশ্বরেকর্ডের ঝড় তুললেন ১৪ বছরের সূর্যবংশী

ক্রিকেট মাঠে এমন ইনিংস সচরাচর দেখা যায় না। ১৪ বছর বয়সেই ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব চালিয়েছেন ভারতের বিস্ময়বালক বৈভব সূর্যবংশী। মাত্র ৫৩ বলে ২০৪ রানের অবিশ্বাস্য ইনিংস খেলেছেন তিনি। যেখানে ছিল ২৮টি ছক্কা। এক ইনিংসেই একের পর এক রেকর্ড ভেঙে লিস্ট ‘এ’ ক্রিকেটের ইতিহাসে নতুন অধ্যায় লিখেছেন এই তরুণ ব্যাটসম্যান।

কাতারের দোহায় এশিয়া কাপ রাইজিং স্টার টুর্নামেন্টে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ভারত ‘এ’ দলের হয়ে এই বিধ্বংসী ইনিংস খেলেন সূর্যবংশী। তাঁর ব্যাটিং তাণ্ডবে রীতিমতো অসহায় হয়ে পড়ে প্রতিপক্ষের বোলাররা।

ইনিংসের শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন এই বাঁহাতি ব্যাটসম্যান। মাত্র ১৬ বলে তুলে নেন নিজের প্রথম ফিফটি। এরপর ২৮ বলে পূর্ণ করেন সেঞ্চুরি। ৪০ বলে দেড় শ এবং মাত্র ৫২ বলেই পৌঁছে যান ডাবল সেঞ্চুরিতে। শেষ পর্যন্ত ৫৩ বলে ২০৪ রান করে থামেন তিনি।

এই ইনিংসে ২৮টি ছক্কা মেরেছেন সূর্যবংশী, যা স্বীকৃত ক্রিকেটের এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার নতুন রেকর্ড। এর আগে এই রেকর্ড ছিল তন্ময় আগারওয়ালের দখলে। রঞ্জি ট্রফিতে চার দিনের ম্যাচে এক ইনিংসে ২৬টি ছক্কা মেরেছিলেন তিনি।

শুধু ছক্কার রেকর্ডই নয়, এক ইনিংসে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও নিজের করে নিয়েছেন সূর্যবংশী। এর আগে লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার জ্যাক ফ্রেজার-ম্যাগার্কের। ২০২৩ সালে দ্য মার্শ কাপে ২৯ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি। সূর্যবংশী সেই রেকর্ড ভেঙেছেন ২৮ বলে শতক তুলে নিয়ে।

দ্রুততম দেড় শ রানের রেকর্ডও নিজের দখলে নিয়েছেন এই বিস্ময়বালক। গত বছর বিজয় হাজারে ট্রফিতে ৫৯ বলে দেড় শ রান করেছিলেন তিনি। এবার নিজের সেই রেকর্ড ভেঙেছেন মাত্র ৪০ বলে।

লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ডও এখন সূর্যবংশীর। এর আগে নিউজিল্যান্ডের চ্যাড বোয়েস ১০৩ বলে ডাবল সেঞ্চুরি করেছিলেন। এবার মাত্র ৫২ বলেই দুই শ রানের মাইলফলক স্পর্শ করেছেন ১৪ বছর বয়সী এই ব্যাটসম্যান।

ইনিংসজুড়ে তাঁর স্ট্রাইক রেট ছিল ৩৮৪.৯০, যা লিস্ট ‘এ’ ক্রিকেটের ইতিহাসে নতুন রেকর্ড। অর্থাৎ প্রতিটি বলে গড়ে প্রায় চার রান করে তুলেছেন তিনি।

সূর্যবংশীর এমন বিধ্বংসী ব্যাটিংয়ে বড় লক্ষ্য তাড়াতেও নতুন ইতিহাস গড়েছে ভারত ‘এ’ দল। ২৫০ রানের বেশি লক্ষ্য মাত্র ১৪.২ ওভারেই পেরিয়ে গেছে দলটি। ২০০ রানের বেশি রান তাড়ায় এটিও বিশ্বরেকর্ড।

মাত্র ১৪ বছর বয়সে এক ইনিংসে এতগুলো বিশ্বরেকর্ড! বৈভব সূর্যবংশীর এই ব্যাটিং প্রদর্শনী শুধু প্রতিপক্ষকেই নয়, ক্রিকেটের রেকর্ড বইকেও রীতিমতো এলোমেলো করে দিয়েছে।

সর্বশেষ