ঢাকা   মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রাহায়ণ ১৪৩৩

এসএমই বোর্ডে বিনিয়োগের বাধা কমছে, ন্যূনতম বিনিয়োগ ৩০ লাখ থেকে ১০ লাখ টাকা

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৬, ২৪ নভেম্বর ২০২৬

সর্বশেষ

এসএমই বোর্ডে বিনিয়োগের বাধা কমছে, ন্যূনতম বিনিয়োগ ৩০ লাখ থেকে ১০ লাখ টাকা

শেয়ারবাজারের এসএমই (ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ) বোর্ডে শেয়ার কেনাবেচার সুযোগ বাড়াতে বড় সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এসএমই বোর্ডের সেকেন্ডারি মার্কেটে লেনদেনের যোগ্যতা অর্জনে বিনিয়োগকারীদের ন্যূনতম বিনিয়োগসীমা ৩০ লাখ টাকা থেকে কমিয়ে ১০ লাখ টাকা নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। ফলে আগের তুলনায় ২০ লাখ টাকা কম বিনিয়োগ থাকলেই যোগ্য ব্যক্তি বিনিয়োগকারীরা এ বোর্ডে শেয়ার কেনাবেচার সুযোগ পাবেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিএসইসির ১ হাজার ৪০তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে কমিশনের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভা শেষে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে সই করেন বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম।

বিএসইসির সিদ্ধান্ত অনুযায়ী, এসএমই বোর্ডের সেকেন্ডারি মার্কেটে শেয়ার লেনদেনের যোগ্যতা অর্জনের জন্য একজন বিনিয়োগকারীর শেয়ারবাজারে ন্যূনতম বিনিয়োগ থাকতে হবে ১০ লাখ টাকা। আগে এ সীমা ছিল ৩০ লাখ টাকা। অর্থাৎ বিনিয়োগের বাধ্যবাধকতা এক ধাক্কায় দুই-তৃতীয়াংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

তবে কমিশন সভায় সিদ্ধান্ত হলেও নতুন নিয়মটি তাৎক্ষণিকভাবে কার্যকর হচ্ছে না। বিএসইসির আগের আদেশ বা নির্দেশনা সংশোধন করে নতুন আদেশ জারির তারিখ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

উল্লেখ্য, এর আগে ২০২২ সালের ফেব্রুয়ারিতে এসএমই বোর্ডে লেনদেনের যোগ্যতা অর্জনে ন্যূনতম বিনিয়োগসীমা ২০ লাখ টাকা নির্ধারণ করেছিল বিএসইসি। একই বছরের জুলাইয়ে তা বাড়িয়ে ৩০ লাখ টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ২২ সেপ্টেম্বর এ বিষয়ে আনুষ্ঠানিক আদেশ জারি করে কমিশন।

বিনিয়োগসীমা বাড়ানোর ওই সিদ্ধান্তের বিরুদ্ধে একজন বিনিয়োগকারী উচ্চ আদালতে রিট করেন। তবে ২০২৩ সালের সেপ্টেম্বরে আদালত বিএসইসির আদেশ বহাল রাখেন।

নতুন সিদ্ধান্ত কার্যকর হলে এসএমই বোর্ডে বিনিয়োগের প্রবেশযোগ্যতা বাড়বে। বিশেষ করে তুলনামূলক কম মূলধনের যোগ্য ব্যক্তি বিনিয়োগকারীদের জন্য এ বাজারে লেনদেনের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে এসএমই বোর্ডের শেয়ার কেনাবেচায় বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ার সম্ভাবনাও তৈরি হবে।

সর্বশেষ