একটি রঙিন টেলিভিশন কেনার জন্যই জনপ্রিয় ধারাবাহিক ‘এইসব দিনরাত্রি’ লিখতে শুরু করেছিলেন কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদ। নাটকটি লেখার পেছনে ছিল না খ্যাতি কিংবা দর্শকপ্রিয়তার কোনো প্রত্যাশা। ছিল শুধু মেয়েদের ছোট্ট একটি আবদার পূরণের ইচ্ছা। আর সেই আবদার পূরণ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই নাটকটির লেখাও বন্ধ করে দেন তিনি।
আজ ১৩ নভেম্বর হুমায়ূন আহমেদের জন্মদিন। বিশেষ এই দিনে তাঁর জীবনের নানা ঘটনা ও সৃষ্টির নেপথ্যের গল্প নতুন করে আলোচনায় আসে। তেমনই এক মজার অথচ আবেগঘন গল্প জড়িয়ে রয়েছে বিটিভির জনপ্রিয় ধারাবাহিক ‘এইসব দিনরাত্রি’কে ঘিরে।
মধ্যবিত্ত পরিবারের সুখ-দুঃখ, হাসি-কান্না ও সম্পর্কের গল্প নিয়ে নির্মিত ধারাবাহিকটি একসময় দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পায়। কিন্তু এই নাটক লেখার শুরুটা হয়েছিল একেবারেই ব্যক্তিগত একটি প্রয়োজন থেকে।
সে সময় হুমায়ূন আহমেদের বাসায় কোনো টেলিভিশন ছিল না। তাঁর মেয়েরা টেলিভিশন দেখতে যেতেন নিচের বাসায়। একদিন পছন্দের অনুষ্ঠান দেখতে না পেরে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে বাবার কাছে টেলিভিশন কিনে দেওয়ার আবদার করেন। তবে তাঁদের চাওয়া ছিল সাদাকালো নয়, রঙিন টেলিভিশন।
এক সাক্ষাৎকারে সেই স্মৃতিচারণ করে হুমায়ূন আহমেদ বলেছিলেন, মেয়েরা একদিন কাঁদতে কাঁদতে ফিরে এসে টেলিভিশন কিনে দেওয়ার কথা জানায়। তিনি রাজি হলে মেয়েরা শর্ত দেয়, টেলিভিশন হতে হবে রঙিন।
মেয়েদের কথা রাখতেই হিসাব শুরু করেন হুমায়ূন আহমেদ। একটি রঙিন টেলিভিশন কিনতে কত টাকা লাগবে, আর বিটিভির জন্য নাটকের প্রতিটি পর্ব লিখে কত সম্মানী পাওয়া যাবে—সব হিসাব মিলিয়ে নেন তিনি। এরপরই শুরু করেন ‘এইসব দিনরাত্রি’ লেখা।
তাঁর পরিকল্পনা ছিল খুবই সহজ। রঙিন টেলিভিশন কেনার মতো টাকা হয়ে গেলেই নাটক লেখা বন্ধ করে দেবেন। শেষ পর্যন্ত ঠিক সেটাই করেছিলেন।
হুমায়ূন আহমেদ নিজেই জানিয়েছিলেন, রঙিন টেলিভিশন কেনার টাকা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই নাটক লেখা বন্ধ করে দেন। সেই টাকা দিয়ে মেয়েদের জন্য কিনেও ফেলেন রঙিন টেলিভিশন। অর্থাৎ দর্শকের কাছে কালজয়ী হয়ে ওঠা ধারাবাহিকটির জন্ম হয়েছিল মূলত অর্থ উপার্জন করে সন্তানদের আবদার পূরণের উদ্দেশ্যে।
তবে লেখকের এই সিদ্ধান্তে খুশি হতে পারেননি নাটকের অভিনয়শিল্পীরা। কারণ, তত দিনে ‘এইসব দিনরাত্রি’ দর্শকদের কাছে দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে। অভিনয়শিল্পীরাও নাটকটিতে কাজ করে আনন্দ পাচ্ছিলেন। হঠাৎ লেখা বন্ধের সিদ্ধান্তে তাঁরা কষ্ট পেয়েছিলেন।
অভিনয়শিল্পীরা হুমায়ূন আহমেদকে জানিয়েছিলেন, তাঁরা এত আগ্রহ ও আনন্দ নিয়ে নাটকটিতে কাজ করছেন, অথচ তিনি এককথায় লেখা বন্ধ করে দিয়েছেন। এতে তাঁরা নিজেদের ছোট মনে করেছেন।
জবাবে হুমায়ূন আহমেদ নিজের অবস্থান পরিষ্কার করে বলেছিলেন, কাউকে ছোট করার জন্য নয়, তিনি সত্য কথাটাই বলেছেন। টেলিভিশন কেনার জন্যই নাটকটি লিখেছিলেন।
মেয়েদের রঙিন টেলিভিশন কেনার ছোট্ট একটি আবদার থেকে জন্ম নেওয়া ‘এইসব দিনরাত্রি’ শেষ পর্যন্ত হয়ে ওঠে বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক। যে নাটক লেখার উদ্দেশ্য ছিল নির্দিষ্ট পরিমাণ অর্থ উপার্জন, সেটিই জায়গা করে নেয় অসংখ্য দর্শকের হৃদয়ে।
১৯৪৮ সালের ১৩ নভেম্বর জন্মগ্রহণ করেন হুমায়ূন আহমেদ। ২০১২ সালের ১৯ জুলাই ৬৩ বছর বয়সে মারা যান তিনি। তাঁর অসংখ্য সাহিত্যকর্ম ও নাটকের পাশাপাশি এমন গল্পও মনে করিয়ে দেয়, কিংবদন্তি লেখকের সৃষ্টির আড়ালে ছিলেন সন্তানদের আবদার পূরণে ব্যস্ত একজন স্নেহশীল বাবা।
























