ঢাকা   মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রাহায়ণ ১৪৩৩

সামরিক বাহিনীর ইতিহাসে নতুন অধ্যায় রচিত হয়েছে: প্রধানমন্ত্রী

জাতীয়

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২০:১০, ২৪ নভেম্বর ২০২৬

সর্বশেষ

সামরিক বাহিনীর ইতিহাসে নতুন অধ্যায় রচিত হয়েছে: প্রধানমন্ত্রী

বাংলাদেশের সামরিক বাহিনীর ইতিহাসে প্রথমবারের মতো তিন বাহিনীর বিশেষায়িত কমান্ডো ইউনিটের অংশগ্রহণে যৌথ সামরিক মহড়া অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত, পেশাদার এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত।

মঙ্গলবার (২৪ নভেম্বর) নোয়াখালীর স্বর্ণদ্বীপে সেনা, নৌ ও বিমানবাহিনীর স্পেশাল ফোর্সের যৌথ সামরিক মহড়া পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

মহড়া শেষে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের সামরিক বাহিনীর ইতিহাসে নতুন অধ্যায় রচিত হয়েছে। এর সাক্ষী হতে পেরে আমি গর্বিত। জাতির ইতিহাসে এটিই সর্বপ্রথম যৌথ সামরিক মহড়া, যেখানে তিন বাহিনীর স্পেশাল ফোর্স একসঙ্গে অনুশীলন সম্পন্ন করেছে।’

তিনি আরও বলেন, ‘আজকের এই মহড়া বিশ্বের দরবারে স্পষ্ট বার্তা দেবে যে বাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত, পেশাদার ও যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত। এই মহড়ার পেছনে দূরদর্শী চিন্তা সরকারের সামরিক আধুনিকায়নের অঙ্গীকারের প্রতিফলন।’

প্রধানমন্ত্রী বলেন, সশস্ত্র বাহিনী দেশের জন্য যেমন গর্বের, তেমনি ভবিষ্যতে যেকোনো সংকটে দায়িত্ব পালনে তারা অবিচল থাকবে।

এর আগে স্বর্ণদ্বীপে পৌঁছালে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানান সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানরা। প্রতীকী যুদ্ধক্ষেত্রে সশরীরে উপস্থিত থেকে তিন বাহিনীর সদস্যদের সামরিক সক্ষমতা ও যুদ্ধকৌশল পর্যবেক্ষণ করেন সরকারপ্রধান।

এ সময় সেনাপ্রধানকে সঙ্গে নিয়ে সামরিক যান চালিয়ে মহড়া পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী। তাঁর সঙ্গে প্রতিরক্ষা উপদেষ্টা, তিন বাহিনীর প্রধান এবং মন্ত্রিসভার কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন।

শত্রুর দখল থেকে স্বর্ণদ্বীপ উদ্ধারের মহড়া

যৌথ সামরিক মহড়ার মূল প্রেক্ষাপট ছিল খনিজসম্পদে সমৃদ্ধ স্বর্ণদ্বীপকে শত্রুপক্ষের দখল থেকে মুক্ত করা। দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং দখল হয়ে যাওয়া ভূখণ্ড পুনরুদ্ধারের কৌশল অনুশীলনে স্থল, নৌ ও আকাশপথে সমন্বিত অভিযান পরিচালনা করেন তিন বাহিনীর বিশেষায়িত সদস্যরা।

মহড়ায় আকাশ থেকে প্যারা-কমান্ডোদের অবতরণ এবং শত্রুর ঘাঁটি লক্ষ্য করে অবস্থান নেওয়ার মাধ্যমে বিমানবাহিনীর সক্ষমতা তুলে ধরা হয়। অন্যদিকে, নৌ-কমান্ডোদের বিশেষ অভিযান এবং স্থলপথে সম্মুখযুদ্ধের মাধ্যমে শত্রুর দুর্গ গুঁড়িয়ে দেওয়ার কৌশল প্রদর্শন করেন সেনাবাহিনীর কমান্ডোরা।

এই যৌথ প্রশিক্ষণ মহড়ায় সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নেয়।

উল্লেখ্য, নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরের বুকে প্রাকৃতিকভাবে জেগে ওঠা স্বর্ণদ্বীপে সেনাবাহিনী দীর্ঘদিন ধরে প্রশিক্ষণ ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে আসছে। দেশের সামরিক সক্ষমতা বৃদ্ধি এবং তিন বাহিনীর মধ্যে সমন্বিত অভিযান পরিচালনার দক্ষতা বাড়াতে এ মহড়া আয়োজন করা হয়।

সর্বশেষ