জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘পালিয়ে যাব না’ বলে যারা দেশ ছেড়ে পালিয়ে যায়, তারা আর ফিরে আসে না। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে তিনি বলেন, তিনি দেশে ফেরার কথা বললেও শেষ পর্যন্ত ফিরবেন না বলে মনে করেন তিনি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে এনসিপির মোটরসাইকেল শোভাযাত্রা শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন হাসনাত আবদুল্লাহ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিরোধে পাঁচ দফা দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এনসিপি ঢাকা মহানগর উত্তর এ শোভাযাত্রার আয়োজন করে।
শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘উনি কি মেহমান নাকি যে উনার জন্য বিমান পাঠাইতে হবে? উনি সারা জীবন বলতেন, আমরা পালিয়ে যাব না। পালিয়ে যাব না বলে যে চলে যায়, সে আসি আসি বলেও আসবে না। আমরাও তো চাই, উনি ফেরত আসুক। ফেরত আসলে উনার জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত আছে। এখন এগুলো হচ্ছে সব নাটক।’
আওয়ামী লীগের বিরুদ্ধে আগুন-সন্ত্রাসের অভিযোগ তুলে এনসিপির এই নেতা বলেন, আগুন-সন্ত্রাস আওয়ামী লীগের রাজনৈতিক চরিত্রের অংশ। তাঁর দাবি, এ ধরনের কর্মকাণ্ড আন্তর্জাতিক পর্যায়েও বিস্তৃত হয়েছে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যেও আওয়ামী লীগের সংশ্লিষ্ট ব্যক্তিদের মাধ্যমে সন্ত্রাসী কার্যক্রম দেখা গেছে বলে অভিযোগ করেন তিনি।
ভারতের ভূমিকা নিয়েও অভিযোগ করেন হাসনাত আবদুল্লাহ। তাঁর দাবি, ভারত থেকে প্রশিক্ষণ নিয়ে এবং দেশটির ভূখণ্ড ব্যবহার করে কিছু ব্যক্তি বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আবার সীমান্ত পেরিয়ে চলে যাচ্ছে। এ ধরনের আন্তসীমান্ত সন্ত্রাসকে ভারত প্রশ্রয় দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
আওয়ামী লীগের নেতাদের বর্তমান কর্মকাণ্ড প্রসঙ্গে হাসনাত বলেন, দলটির নেতারা এখন ‘হিডেন কনটেন্ট ক্রিয়েটরে’ পরিণত হয়েছেন। তাঁরা নিচু স্বরে ‘জয় বাংলা’ বলে ভিডিও তৈরি করে হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারের মাধ্যমে দেশের বাইরে পাঠাচ্ছেন বলে দাবি করেন তিনি।
তাঁর ভাষ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগের রাজনৈতিক ফয়সালা হয়ে গেছে। বর্তমান কর্মকাণ্ডের মাধ্যমে দলটি বাংলাদেশে পুনর্বাসনের পরিবর্তে নিজেদের ফ্যাসিবাদী ও গণবিমুখ শক্তি হিসেবে তুলে ধরছে।
সরকারের সঙ্গে সংলাপের বিষয়ে করা প্রশ্নের জবাবে হাসনাত আবদুল্লাহ বলেন, গণভোটের রায় বাস্তবায়নে সরকারের পরিকল্পনা জানতে চেয়েছেন তাঁরা। তাঁর মতে, ডিসেম্বর, শীতকাল, গ্রীষ্মকাল কিংবা শরৎকালকেন্দ্রিক সাময়িক ঐক্য দীর্ঘস্থায়ী হতে পারে না। দেশের স্থিতিশীলতা, অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে স্থায়ী ঐক্য প্রয়োজন।
তিনি বলেন, এ ধরনের ঐক্য গড়ে তুলতে হলে গণভোটের রায় বাস্তবায়ন, সংস্কার এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে। আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে ২০২৪ সালের ৫ আগস্ট ঐক্য চূড়ান্ত হয়েছে উল্লেখ করে তিনি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান জানান।
এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে বলতেন, ভারতকে তিনি যা দিয়েছেন, দেশটি তা সারা জীবন মনে রাখবে। অথচ এখন ভারত তাঁকে একটি বিমানও দিচ্ছে না বলে মন্তব্য করেন তিনি। তাঁর দাবি, বেলারুশসহ বিভিন্ন দেশে পাঠানোর চেষ্টা করা হলেও কেউ এ দায়িত্ব নিতে চাচ্ছে না।
আসিফ মাহমুদ বলেন, কোনো উপায় না পেয়ে আওয়ামী লীগ বাংলাদেশের পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে। বন্দিবিনিময় চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর এবং তাঁর বিচারের রায় দ্রুত বাস্তবায়নের দাবি জানান তিনি।
পাঁচ দফা দাবিতে দেশব্যাপী কর্মসূচি
পাঁচ দফা দাবিতে সারা দেশে এনসিপির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান আসিফ মাহমুদ। দাবিগুলো হলো—
1. সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার।
2. শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় কার্যকর।
3. জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করা।
4. গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায়।
5. গণভোটের গণরায় বাস্তবায়ন।
এসব দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার মোটরসাইকেল শোভাযাত্রার আয়োজন করে এনসিপি ঢাকা মহানগর উত্তর। এতে শতাধিক মোটরসাইকেল অংশ নেয়। বেলা ২টার দিকে মানিক মিয়া অ্যাভিনিউ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে আগারগাঁও, শেওড়াপাড়া, কাজীপাড়া ও মিরপুর ১০ নম্বর হয়ে মিরপুর ১২ নম্বরে যাওয়ার কর্মসূচি ছিল।
এ সময় এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য আরিফুল ইসলাম আদীব, যুগ্ম আহ্বায়ক তারেক এ আদেলসহ দলের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
























