ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও অন্যান্য ছুটি মিলিয়ে টানা দীর্ঘ ছুটি পাচ্ছেন দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা। তবে শিক্ষাপ্রতিষ্ঠানের স্তরভেদে ছুটির মেয়াদে রয়েছে পার্থক্য। প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ১২ দিন, মাদরাসায় ১৫ দিন এবং কলেজ ও উচ্চমাধ্যমিক স্তরে ১৮ দিন ছুটি থাকবে।
ছুটির তালিকা পর্যালোচনায় দেখা গেছে, শিক্ষা মন্ত্রণালয়ের একাডেমিক ক্যালেন্ডার, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বর্ষপঞ্জি এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) পৃথক বিজ্ঞপ্তিতে এসব ছুটির তথ্য উল্লেখ রয়েছে।
প্রাথমিক বিদ্যালয়ে ১২ দিনের ছুটি
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বর্ষপঞ্জি অনুযায়ী, আগামী ২০ ডিসেম্বর থেকে শুরু হবে প্রাথমিক বিদ্যালয়ের শীতকালীন অবকাশ। ছুটি চলবে ২৯ ডিসেম্বর পর্যন্ত।
২০ ডিসেম্বর রবিবার হওয়ায় এর আগের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি রয়েছে। পাশাপাশি ২৫ ডিসেম্বর যিশুখ্রিষ্টের জন্মদিন বা বড়দিনের সরকারি ছুটি। সব মিলিয়ে প্রাথমিক বিদ্যালয়ে টানা ১২ দিনের ছুটি উপভোগ করবেন শিক্ষক-শিক্ষার্থীরা।
মাধ্যমিক বিদ্যালয়েও ১২ দিন
শিক্ষা মন্ত্রণালয়ের বর্ষপঞ্জি অনুযায়ী, মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়েও ২০ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত শীতকালীন অবকাশ থাকবে। ছুটি শুরুর আগের দুই দিন সাপ্তাহিক ছুটি থাকায় এসব বিদ্যালয়েও টানা ১২ দিনের ছুটি মিলবে।
কলেজে ১৮ দিনের ছুটি
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) কলেজ শাখার বিজ্ঞপ্তি অনুযায়ী, কলেজ ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি শুরু হবে ১৭ ডিসেম্বর। চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।
এর আগে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের ছুটি রয়েছে। ৩১ ডিসেম্বর বৃহস্পতিবার হওয়ায় পরের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি মিলবে। সব মিলিয়ে কলেজ ও উচ্চমাধ্যমিক স্তরে টানা ১৮ দিনের ছুটি পাবেন শিক্ষক-শিক্ষার্থীরা।
মাদরাসায় ১৫ দিনের ছুটি
সরকারি ও বেসরকারি মাদরাসাগুলোতে শীতকালীন অবকাশ শুরু হবে ১৩ ডিসেম্বর। ছুটি চলবে ২৪ ডিসেম্বর পর্যন্ত। এর আগে ও পরে দুই দিন করে সাপ্তাহিক ছুটি থাকায় মোট ১৫ দিনের ছুটি পাবেন শিক্ষক-শিক্ষার্থীরা।
এই ছুটির আওতায় রয়েছে স্বতন্ত্র ইবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদরাসা।
দুই দিন অতিরিক্ত ছুটির সুযোগ
ডিসেম্বরের এই ছুটির মধ্য দিয়েই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ২০২৬ সালের নির্ধারিত ছুটি শেষ হবে। তবে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের হাতে সংরক্ষিত দুই দিনের ছুটি শীতকালীন অবকাশের সঙ্গে সমন্বয় করে থাকে। সে ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা নির্ধারিত ছুটির বাইরেও অতিরিক্ত দুই দিন ছুটি ভোগ করতে পারেন।
























