ঢাকা   সোমবার ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রাহায়ণ ১৪৩৩

‘কফি উইথ করণ’-এর শেষ পর্বে শাহরুখ, থাকছেন সুহানাও!

বিনোদন

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২০:৫৬, ১৬ নভেম্বর ২০২৬

সর্বশেষ

‘কফি উইথ করণ’-এর শেষ পর্বে শাহরুখ, থাকছেন সুহানাও!

বলিউডের জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’-এর নবম সিজনের শেষ পর্ব ঘিরে তৈরি হয়েছে বাড়তি উন্মাদনা। দীর্ঘদিনের গুঞ্জন সত্যি হলে সিজনের সমাপনী পর্বে অতিথি হিসেবে দেখা যাবে বলিউড বাদশা শাহরুখ খানকে। শুধু তাই নয়, বাবার সঙ্গে থাকতে পারেন মেয়ে সুহানা খানও। চমক হিসেবে হাজির হতে পারেন সঞ্চালক করণ জোহরের দুই সন্তান রুহি ও যশ।

‘ভ্যারাইটি ইন্ডিয়া’র এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘কফি উইথ করণ’-এর শেষ পর্বে অংশ নেবেন শাহরুখ খান। এমনকি করণের দুই সন্তান রুহি ও যশকেও শাহরুখের সঙ্গে কফি কাউচে দেখা যেতে পারে। সত্যি হলে এটিই হবে পর্দায় তাদের প্রথম উপস্থিতি।

তবে শাহরুখকে পুরো পর্বজুড়ে দেখা যাবে কি না, তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। কারণ, বর্তমানে নিজের আসন্ন সিনেমা ‘কিং’-এর কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেতা।

এদিকে একই সিনেমার প্রচারের অংশ হিসেবে শোতে হাজির হতে পারেন শাহরুখকন্যা সুহানা খান। সত্যি হলে কোনো টক শোতে এটিই হবে তাঁর প্রথম উপস্থিতি। প্রতিবেদন অনুযায়ী, নবম সিজনের শেষ পর্বের শুটিং ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।

২০০৪ সালে যাত্রা শুরু করে ‘কফি উইথ করণ’। প্রথম সিজনের প্রথম পর্বেই অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন শাহরুখ খান ও কাজল। দীর্ঘ ২২ বছর পর শোয়ের শেষ অধ্যায়েও শাহরুখের উপস্থিতির খবর ভক্তদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি করেছে।

ইতিমধ্যে নবম সিজনের পাঁচটি পর্ব সম্প্রচারিত হয়েছে। প্রথম পর্বে অতিথি ছিলেন সালমান খান। এ ছাড়া শোতে এসেছেন কারিশমা কাপুর, রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডা এবং সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি।

আগামী পর্বগুলোতে দেখা যেতে পারে সারা আলি খান ও তাঁর ভাই ইব্রাহিম আলি খানকে। পাশাপাশি থাকবেন আলিয়া ভাট ও তাঁর বোন শাহিন ভাট। করণ জোহরের ছোটবেলার বন্ধু টুইঙ্কেল খান্না আসতে পারেন তাঁর মা ডিম্পল কাপাডিয়ার সঙ্গে। এ ছাড়া অনন্যা পাণ্ডে, অনন্যা বিড়লা ও শানায়া কাপুরেরও শোতে উপস্থিত হওয়ার কথা রয়েছে।

সব মিলিয়ে শাহরুখ-সুহানার সম্ভাব্য উপস্থিতি এবং করণের সন্তানদের প্রথম পর্দায় আত্মপ্রকাশ—দুইয়ে মিলে ‘কফি উইথ করণ’-এর শেষ পর্বকে ঘিরে দর্শকদের প্রত্যাশা এখন তুঙ্গে।

সর্বশেষ