দীর্ঘ পাঁচ বছরের বিরতি কাটিয়ে আবারও ছোটপর্দায় ফিরছে জনপ্রিয় কমেডি রিয়েলিটি শো ‘মিরাক্কেল’। নতুন আয়োজন নিয়ে দর্শকদের সামনে আসার প্রস্তুতি নিচ্ছে ভারতীয় বাংলা ভাষার এই অনুষ্ঠান। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী বছরের ফেব্রুয়ারিতে শুরু হতে পারে নতুন মৌসুম।
একসময় দর্শকদের হাসিতে মাতিয়ে রাখা ‘মিরাক্কেল’-এর সঞ্চালক ছিলেন মীর আফসার আলী। তাঁর বুদ্ধিদীপ্ত উপস্থাপনা, তাৎক্ষণিক রসিকতা ও ব্যতিক্রমী সঞ্চালনা অনুষ্ঠানটিকে ব্যাপক জনপ্রিয়তা এনে দিয়েছিল। টিআরপির তালিকাতেও শীর্ষস্থান দখল করেছিল শোটি।
এই অনুষ্ঠানের মঞ্চ থেকেই পরিচিতি পেয়েছেন অনেক কৌতুকশিল্পী। পরে তাঁদের অনেকে শোবিজ অঙ্গনেও নিজেদের অবস্থান তৈরি করেছেন।
দীর্ঘদিন অনুষ্ঠানটি বন্ধ থাকায় নতুন মৌসুমের অপেক্ষায় ছিলেন দর্শকেরা। এবার সেই অপেক্ষার অবসানের ইঙ্গিত মিলেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়েছে ‘মিরাক্কেল’-এর নতুন মৌসুমের একটি প্রোমো। এরপর থেকেই অনুষ্ঠানটির প্রত্যাবর্তন নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
অডিশনে অংশ নিতে পারবেন বিভিন্ন দেশের শিল্পীরা
নতুন মৌসুমে প্রতিযোগিতার পরিসরও বাড়ানো হচ্ছে। শুধু ভারত নয়, বিভিন্ন দেশ থেকে কৌতুকশিল্পীদের অডিশনে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। প্রাথমিক বাছাইপর্ব শেষে নির্বাচিত প্রতিযোগীদের নিয়ে শুরু হবে মূল পর্ব। সেখানে নিজেদের রসবোধ, অভিনয় ও কৌতুক পরিবেশনার মাধ্যমে প্রতিদ্বন্দ্বিতা করবেন তাঁরা।
অনুষ্ঠানটির পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায় ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন, সবকিছু পরিকল্পনামতো এগোলে আগামী ফেব্রুয়ারিতেই পর্দায় ফিরবে ‘মিরাক্কেল’।
তবে নতুন মৌসুমে বিচারকের আসনে কারা থাকবেন, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এ নিয়ে আলোচনা চলছে।
























