ঢাকা   মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রাহায়ণ ১৪৩৩

ডিজিটাল প্ল্যাটফর্মে এজিএম করতে বিএসইসির দুই শর্ত, মানতে হবে যেকোনো একটি

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৯:৪৪, ২৪ নভেম্বর ২০২৬

সর্বশেষ

ডিজিটাল প্ল্যাটফর্মে এজিএম করতে বিএসইসির দুই শর্ত, মানতে হবে যেকোনো একটি

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর ডিজিটাল প্ল্যাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজনের ক্ষেত্রে নতুন শর্ত নির্ধারণ করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, কোনো কোম্পানি সংশ্লিষ্ট বছরে ‘এ’ ক্যাটাগরিতে থাকলে অথবা কমপক্ষে ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করলে ডিজিটাল প্ল্যাটফর্মে এজিএম আয়োজন করতে পারবে। এর বাইরে থাকা কোম্পানিগুলো এ সুবিধা পাবে না।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিএসইসির ১ হাজার ৪০তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কমিশনের চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে বিএসইসির সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠক শেষে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে সই করেন বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম।

কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, ডিজিটাল প্ল্যাটফর্মে এজিএম আয়োজনের ক্ষেত্রে কোম্পানিগুলোকে দুটি শর্তের যেকোনো একটি পূরণ করতে হবে।

শর্ত দুটি হলো—

1. সংশ্লিষ্ট বছরে কোম্পানিকে শেয়ারবাজারের ‘এ’ ক্যাটাগরিতে থাকতে হবে।

2. ‘এ’ ক্যাটাগরিতে না থাকলেও সংশ্লিষ্ট বছরের জন্য কমপক্ষে ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করতে হবে।

অর্থাৎ, যেসব কোম্পানি ৫ শতাংশের কম ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করবে এবং ‘এ’ ক্যাটাগরিতেও থাকবে না, তারা ডিজিটাল প্ল্যাটফর্মে এজিএম আয়োজনের সুযোগ পাবে না।

বিএসইসির সিদ্ধান্ত অনুযায়ী, নতুন এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে। এর ফলে তালিকাভুক্ত কোম্পানিগুলোর এজিএম আয়োজনের ক্ষেত্রে ক্যাটাগরি ও নগদ লভ্যাংশ ঘোষণার বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

সর্বশেষ