ইউক্রেনের সঙ্গে প্রায় পাঁচ বছর ধরে চলা যুদ্ধে এক হাজারের বেশি রুশ সেনা আত্মহত্যা করেছেন। রাশিয়ার রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থা রসস্ট্যাটের ফাঁস হওয়া গোপন নথি বিশ্লেষণ করে এমন তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।
বেলারুশভিত্তিক সাইবার পার্টিজানস ও ইউক্রেনীয় হ্যাকার গোষ্ঠী সাইলেন্ট ক্রো রসস্ট্যাটের ১ কোটি ১০ লাখের বেশি মৃত্যুসনদের তথ্যভান্ডার সংগ্রহ করেছে। এসব নথি বিশ্লেষণ করে গার্ডিয়ান গত সোমবার জানায়, ইউক্রেন যুদ্ধে অন্তত ১ হাজার ৮৭ জন রুশ সেনার আত্মহত্যার তথ্য পাওয়া গেছে।
২০২৪ সালের অক্টোবরে অধিকৃত দোনেৎস্ক অঞ্চলের একটি সামরিক সদর দপ্তরে দায়িত্ব পালন করছিলেন রুশ সার্জেন্ট অ্যালেক্সি বোলগভ। একদিন ফোনে স্ত্রী নাতালিয়াকে তিনি বলেছিলেন, ‘এখানে যা চলছে, তা ভয়াবহ। ফিরে এসে সব বলব।’ কিন্তু আর ফেরা হয়নি তাঁর।
পাঁচ সপ্তাহ পর, ২৯ বছর বয়সে ইউনিটের কমান্ড পোস্ট থেকে প্রায় ৩০০ মিটার দূরের একটি বনে আত্মহত্যা করেন বোলগভ। সামরিক কমান্ডারের বিবরণেও ঘটনার দিন তাঁর বিমর্ষ থাকার কথা উল্লেখ ছিল।
গার্ডিয়ানের বিশ্লেষণে দেখা গেছে, আত্মহত্যার পাশাপাশি আরও ৮৮৫ জন রুশ সেনার মৃত্যু আগ্নেয়াস্ত্রজনিত ‘অনিশ্চিত উদ্দেশ্যে’ আঘাতের কারণে নথিভুক্ত হয়েছে। বিশেষজ্ঞদের ধারণা, এসব ঘটনার অনেকগুলোও আত্মহত্যা হতে পারে। সব মিলিয়ে আত্মহত্যার সংখ্যা একটি রুশ রেজিমেন্টের সমান।
নথি অনুযায়ী, যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার সঙ্গে সেনাদের আত্মহত্যার ঘটনাও বেড়েছে। ২০২২ সালে এ সংখ্যা ছিল ৫০টির বেশি। ২০২৪ সালে তা ২০০ ছাড়িয়ে যায়। আর ২০২৫ সালে আত্মহত্যার সংখ্যা দাঁড়ায় সর্বোচ্চ ৩৬৫ জনে। ২০২৬ সালের হিসাব অসম্পূর্ণ হলেও এরই মধ্যে প্রায় ৩০০টি ঘটনা নথিভুক্ত হয়েছে।
চিহ্নিত ১ হাজার ৮৭টি আত্মহত্যার অন্তত ৬১৪টি ঘটেছে ইউক্রেনের অধিকৃত অঞ্চল এবং রাশিয়ার সীমান্তবর্তী বেলগোরোদ ও ব্রিয়ানস্ক এলাকায়। আত্মহত্যাকারীদের মধ্যে ১৮ ও ১৯ বছর বয়সী ৪৩ জন তরুণও রয়েছেন।
সামরিক বিশ্লেষকদের মতে, ব্যাপক প্রাণহানি, কঠোর সামরিক শৃঙ্খলা, সহকর্মী ও কমান্ডারদের চাপ এবং যুদ্ধ থেকে বেরিয়ে আসার সুযোগ না থাকায় রুশ সেনাদের মধ্যে মানসিক চাপ বাড়ছে।
ফরেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের জ্যেষ্ঠ ফেলো রব লি বলেন, সেনাদের সামনে এগিয়ে যেতে বাধ্য করতে রুশ বাহিনীতে ব্যাপক বলপ্রয়োগ ও শারীরিক নির্যাতনের ঘটনা ঘটে। এমন পরিস্থিতিতে সেনাদের আত্মহত্যার পথ বেছে নেওয়া অস্বাভাবিক নয়।
রুশ সেনাদের দলত্যাগে সহায়তাকারী সংগঠন ‘ইদিতে লেসোম’-এর মুখপাত্র ইভান চুভিলিয়ায়েভের মতে, যুদ্ধক্ষেত্র যেন একটি ‘বদ্ধ টিনের কৌটা’, যেখান থেকে খুব কম তথ্যই বাইরে আসে। তাঁর ভাষায়, একজন সেনা আত্মহত্যা করলেও সরকারি নথিতে তাঁকে বীর হিসেবে দেখানো হয়।
গার্ডিয়ানের অনুসন্ধানে আরও উঠে এসেছে, ২০২২ সালে দোনেৎস্কে সৈনিক আলেকজান্ডার লাজোরের পরিবারকে তাঁর যুদ্ধে নিহত হওয়ার খবর দেওয়া হয়েছিল। কিন্তু সহকর্মীদের দাবি, তিনি আত্মহত্যা করেছিলেন।
এদিকে, মিডিয়াজোনা ও আইস্টোরিজের তথ্য অনুযায়ী, অন্তত ৪৯ হাজার রুশ সেনাকে পলাতক বা অনুপস্থিত ঘোষণা করা হয়েছে।
ইউক্রেন যুদ্ধে নিহত ৭ লাখের বেশি রুশ সেনা
এদিকে, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সাত লাখের বেশি সেনা নিহত হয়েছেন বলে নতুন এক হিসাব প্রকাশ করেছে মেদুজা ও মিডিয়াজোনা। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
রসস্ট্যাটের ফাঁস হওয়া তথ্যের পাশাপাশি উত্তরাধিকারসংক্রান্ত নথি, মৃত্যুসংবাদ, সিভিল রেজিস্ট্রি এবং সরকারি তথ্য বিনিময়ব্যবস্থা বিশ্লেষণ করে এ হিসাব তৈরি করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বর পর্যন্ত রাশিয়া সরকারিভাবে অন্তত ৪ লাখ ৯০ হাজার সেনার মৃত্যুর তথ্য নথিভুক্ত করেছে। তবে তথ্য হালনাগাদে বিলম্বের কারণে ২০২৫ ও ২০২৬ সালের অনেক মৃত্যুর হিসাব এতে যুক্ত হয়নি।
ক্রেমলিনের দমন-পীড়ন, সংবাদমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ এবং প্রচারের কারণে যুদ্ধের প্রকৃত প্রাণহানির তথ্য রাশিয়ার সাধারণ মানুষের কাছে সীমিতই থেকে যাচ্ছে। ফলে ইউক্রেন যুদ্ধে রুশ সেনাদের প্রকৃত মৃত্যুর সংখ্যা নিয়ে অনিশ্চয়তা এখনো রয়ে গেছে।
























