ঢাকা   বৃহস্পতিবার ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

পৃথিবীর সর্বোচ্চ জনবসতি, যেখানে নেই বিশুদ্ধ পানি ও পয়োনিষ্কাশন ব্যবস্থা

ভ্রমণ

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২২:০২, ১২ নভেম্বর ২০২৬

সর্বশেষ

পৃথিবীর সর্বোচ্চ জনবসতি, যেখানে নেই বিশুদ্ধ পানি ও পয়োনিষ্কাশন ব্যবস্থা

সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫ হাজার মিটার উঁচুতে পেরুর আন্দিজ পর্বতমালায় অবস্থিত লা রিনকোনাদা। এটিকে পৃথিবীর সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত স্থায়ী জনবসতি হিসেবে বিবেচনা করা হয়। প্রায় ৫০ হাজার মানুষের বসবাসের এই জনপদে নেই বিশুদ্ধ পানির নিয়মিত সরবরাহ, কার্যকর পয়োনিষ্কাশন বা বর্জ্য ব্যবস্থাপনা। প্রতিকূল পরিবেশের মধ্যেও সোনার সন্ধানে এখানে বসতি গড়েছেন হাজার হাজার মানুষ।

নাসার চোখে সর্বোচ্চ জনবসতি

২০১৯ সালে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা লা রিনকোনাদাকে পৃথিবীর সর্বোচ্চ জনবসতি হিসেবে উল্লেখ করে। দক্ষিণ-পূর্ব পেরুর আনানেয়া পর্বতের ঢালে এবং লা বেলা দুরমিয়েন্তে নামের একটি হিমবাহের নিচে এর অবস্থান। স্প্যানিশ ভাষায় লা বেলা দুরমিয়েন্তে অর্থ ‘ঘুমন্ত সুন্দরী’।

চার দশকেরও বেশি আগে অস্থায়ী খনিশ্রমিকদের শিবির হিসেবে এর যাত্রা শুরু হয়। স্থায়ী শহর হিসেবে গড়ে তোলার পরিকল্পনা না থাকায় শুরু থেকেই সেখানে নাগরিক সুযোগ-সুবিধার অভাব ছিল।

সোনার আকর্ষণে জনসংখ্যা বৃদ্ধি

লা রিনকোনাদার সোনার খনিতে শ্রমিকদের কাজের ব্যবস্থাও ব্যতিক্রমী। প্রচলিত একটি ব্যবস্থায় শ্রমিকেরা একটানা সর্বোচ্চ ৩০ দিন কাজ করতেন, কিন্তু নির্দিষ্ট মজুরি পেতেন না। খনি থেকে যতটুকু সোনা সংগ্রহ করতে পারতেন, তা নিজেদের কাছে রাখার সুযোগ ছিল।

২০০০-এর দশকে সোনার দাম বাড়ার সঙ্গে সঙ্গে এখানে মানুষের আগমনও বাড়ে। নাসার তথ্য অনুযায়ী, ২০০০ থেকে ২০০৯ সালের মধ্যে জনসংখ্যা বেড়েছিল প্রায় ২৩০ শতাংশ। ওই দশকেই প্রথম বিদ্যুৎ পৌঁছায় জনপদটিতে।

তবে এখনো বর্জ্য ব্যবস্থাপনার কার্যকর ব্যবস্থা নেই। অনেক বাসিন্দা আবর্জনা পুড়িয়ে ফেলেন কিংবা মাটিচাপা দেন। এতে পরিবেশদূষণ ও জনস্বাস্থ্য নিয়ে উদ্বেগ রয়েছে।

অক্সিজেনস্বল্পতায় স্বাস্থ্যঝুঁকি

অত্যধিক উচ্চতার কারণে এখানে বাতাসে অক্সিজেনের প্রাপ্যতা সমুদ্রপৃষ্ঠের তুলনায় অনেক কম। নাসার তথ্যমতে, উচ্চতার কারণে প্রতিবার শ্বাস নেওয়ার সময় শরীরে প্রবেশ করা অক্সিজেনের পরিমাণ সমুদ্রপৃষ্ঠের তুলনায় প্রায় অর্ধেক।

এমন পরিবেশে দীর্ঘদিন বসবাস করলে ক্রনিক মাউন্টেন সিকনেস বা দীর্ঘস্থায়ী উচ্চতাজনিত অসুস্থতা দেখা দিতে পারে। এর লক্ষণ মাথাব্যথা, মাথা ঘোরা, কানে শব্দ হওয়া ও হৃদস্পন্দন বেড়ে যাওয়া। গুরুতর ক্ষেত্রে হৃদ্‌যন্ত্রের কার্যক্ষমতা ব্যাহত হতে পারে।

নাসার উল্লেখ করা গবেষকদের অনুমান, এখানকার প্রতি চারজন বাসিন্দার একজন এ সমস্যায় ভুগছেন। উচ্চতাজনিত অক্সিজেনস্বল্পতার প্রভাব নিয়ে গবেষণার জন্য বিজ্ঞানীরাও সেখানে যান।

পর্যটকদের জন্য কতটা উপযোগী?

পেরুর মাচুপিচুর মতো বিখ্যাত পর্যটনকেন্দ্র থাকলেও লা রিনকোনাদা পর্যটকদের জন্য পরিকল্পিত কোনো শহর নয়। ২০২৫ সালে ট্রিপসাইডের এক প্রতিবেদনে জনপদটির উচ্চতা প্রায় ৫ হাজার ১০০ মিটার উল্লেখ করা হয়। একই প্রতিবেদনে এর নিরাপত্তা ও পরিবেশগত পরিস্থিতি নিয়ে উদ্বেগ তুলে ধরা হয়।

সোনার সন্ধানে মানুষের বসতি গড়ে ওঠার এই ঘটনা একদিকে যেমন প্রতিকূল পরিবেশে মানুষের টিকে থাকার সক্ষমতা তুলে ধরে, অন্যদিকে তেমনি দেখায় অর্থনৈতিক আকর্ষণের পেছনে ছুটতে গিয়ে কীভাবে মৌলিক নাগরিক সুবিধাবঞ্চিত জীবন মেনে নিতে হয় হাজার হাজার মানুষকে।

খবর হিন্দুস্তান টাইমসের।

সর্বশেষ