ঢাকা   বৃহস্পতিবার ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

বকেয়া আদায়ে কঠোর বিটিআরসি, ৪৮ কোটি টাকা আদায়ে জরিমানা ও লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি

বিজ্ঞান ও প্রযুক্তি

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২২:০৯, ১২ নভেম্বর ২০২৬

সর্বশেষ

বকেয়া আদায়ে কঠোর বিটিআরসি, ৪৮ কোটি টাকা আদায়ে জরিমানা ও লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি

টেলিযোগাযোগ খাতের বিভিন্ন পর্যায়ের অপারেটরদের কাছে পাওনা প্রায় ৪৮ কোটি ৬০ লাখ টাকা আদায়ে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বকেয়া পরিশোধে ব্যর্থ প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে জরিমানা, ব্যান্ডউইথ কমিয়ে দেওয়া, লাইসেন্স বাতিল এবং আইনি পদক্ষেপসহ বিভিন্ন ব্যবস্থা নিচ্ছে নিয়ন্ত্রক সংস্থাটি।

সম্প্রতি কমিশনের এক বৈঠকে বকেয়া আদায়ে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। এর আওতায় রয়েছে ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) অপারেটরদের ব্যান্ডউইথ চার্জ, ইন্টারনেট প্রোটোকল টেলিফোনি সার্ভিস প্রোভাইডারদের (আইপিটিএসপি) লাইসেন্স ও বার্ষিক ফি এবং মোবাইল নম্বর পোর্টেবিলিটি (এমএনপি) সেবাদাতার নিয়ন্ত্রক সংস্থাসংশ্লিষ্ট পাওনা।

নথিপত্র অনুযায়ী, মোট বকেয়ার মধ্যে আইপিটিএসপি অপারেটরদের কাছে পাওনা ৩৪ কোটি ৬২ লাখ টাকা, আইআইজি অপারেটরদের কাছে ৮ কোটি ৯৬ লাখ টাকা এবং দেশের একমাত্র এমএনপি সেবাদাতা প্রতিষ্ঠান ইনফোজিলিয়ন টেলিটেক বিডি লিমিটেডের কাছে ৫ কোটি ১ লাখ টাকা।

আইআইজি অপারেটরদের কাছে বকেয়া ৮ কোটি ৯৬ লাখ টাকা

আইআইজি খাতে নিরীক্ষায় বিল না করে ব্যান্ডউইথ ব্যবহারের জন্য ২৬টি অপারেটরের বিরুদ্ধে ৯ কোটি ৪৭ লাখ ৯৭ হাজার ৩৪৪ টাকা পাওনা চিহ্নিত করা হয়। এর মধ্যে ৫১ লাখ ১৪ হাজার টাকা আদায় করেছে কমিশন। এখনো বকেয়া রয়েছে প্রায় ৮ কোটি ৯৬ লাখ টাকা।

কিছু অপারেটরকে কিস্তিতে বকেয়া পরিশোধের সুযোগ দেওয়া হয়েছে। সাইবারগেট লিমিটেডের বিরুদ্ধে ৩৮ লাখ ১৯ হাজার টাকা পাওনা থাকলেও প্রতিষ্ঠানটি পরিশোধ করেছে ৫ লাখ টাকা। বাকি ৩৩ লাখ ১৯ হাজার টাকা বার্ষিক ১৫ শতাংশ বিলম্ব ফিসহ ১২টি সমান মাসিক কিস্তিতে পরিশোধের অনুমতি পেয়েছে প্রতিষ্ঠানটি।

অন্যদিকে, আর্থ টেলিকমিউনিকেশন লিমিটেড ৯৬ লাখ ২৬ হাজার টাকা দাবির বিপরীতে ২৫ লাখ টাকা পরিশোধ করেছে। বাকি ৭১ লাখ ২৬ হাজার টাকা ১২টি সমান কিস্তিতে পরিশোধের সুযোগ পেয়েছে। এ ছাড়া ২১ লাখ ১৩ হাজার টাকা বকেয়া থাকা পিরেস্ক নেটওয়ার্কস লিমিটেডকে আরও এক মাস সময় দিয়েছে কমিশন।

অন্যান্য খেলাপি আইআইজি অপারেটরের কাছ থেকে লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং বিভাগের মাধ্যমে বকেয়া আদায়ের সিদ্ধান্ত হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ম্যাঙ্গো টেলিসার্ভিসেস, আমরা টেকনোলজিস, ম্যাক্সনেট অনলাইন, ম্যাক্সহাব, ইন্ট্রাগ্লোব কমিউনিকেশন, ওয়ান এশিয়া অ্যালায়েন্স কমিউনিকেশন, বিডি লিংক কমিউনিকেশন, ইকুইটেল কমিউনিকেশন, রেডিয়েন্ট কমিউনিকেশন, রেগো কমিউনিকেশন এবং প্ল্যানেট ইন্টারনেট গেটওয়ে।

এ ছাড়া বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) পাওনা বিল না করা ব্যান্ডউইথ চার্জ বাবদ ২ কোটি ৬৪ লাখ টাকা আদায়ের ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে কমিশন। তবে নিরীক্ষায় চিহ্নিত আইআইজি খাতের বকেয়ার বাইরে এই অর্থ অতিরিক্ত কি না, তা নিশ্চিত না হওয়ায় মোট পাওনার হিসাবে যোগ করা হয়নি।

১৮ আইপিটিএসপি প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল

আইপিটিএসপি খাতে লাইসেন্স ও বার্ষিক ফি বাবদ বকেয়ার পরিমাণ ৩৪ কোটি ৬২ লাখ ৭ হাজার ৬৩৬ টাকা। এরই মধ্যে ১৮টি প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করেছে বিটিআরসি।

এ ছাড়া ৮ কোটি ৭৯ লাখ টাকা পাওনার জন্য ডিজিটাল কানেক্টিভিটি লিমিটেড এবং ২১ কোটি ২১ লাখ টাকা পাওনার জন্য আইডিয়া নেটওয়ার্কস অ্যান্ড কমিউনিকেশনস লিমিটেডের বিরুদ্ধে সার্টিফিকেট মামলা করা হয়েছে। এই দুই মামলার অর্থ আইপিটিএসপি খাতের মোট বকেয়ার অন্তর্ভুক্ত।

অন্যদিকে, আইসিসি কমিউনিকেশন, আইডিয়া টেক, আমরা নেটওয়ার্কস ও সরকার কমিউনিকেশনসহ বকেয়া থাকা সচল আইপিটিএসপি প্রতিষ্ঠানের ব্যান্ডউইথ তাৎক্ষণিকভাবে ৫০ শতাংশ কমিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন।

এমএনপি সেবাদাতাকে জরিমানা

এমএনপি সেবাদাতা ইনফোজিলিয়ন টেলিটেক বিডি লিমিটেডের কাছে বিটিআরসির পাওনা ৫ কোটি ১ লাখ ৬৭ হাজার ৮১৮ টাকা। এর মধ্যে রয়েছে অসমন্বিত রাজস্ব অংশ, বিলম্ব ফি, ভ্যাট, সার্ভিস অবলিগেশন ফান্ডের বকেয়া এবং সংশ্লিষ্ট বিলম্ব ফি।

কমিশনের ৩০০তম বৈঠকের পর প্রতিষ্ঠানটিকে ১২টি মাসিক কিস্তিতে বকেয়া পরিশোধের সুযোগ দেওয়া হয়েছিল। তবে ২০২৬ সালের মার্চ থেকে জুন পর্যন্ত কিস্তির অর্থ পরিশোধে ব্যর্থ হয় প্রতিষ্ঠানটি। এ কারণে ১ লাখ টাকা জরিমানা করেছে বিটিআরসি। আগামী ৩০ দিনের মধ্যে জরিমানার অর্থ পরিশোধ করতে হবে। পাশাপাশি মূল বকেয়া আদায়ের বিষয়টি কমিশনের লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং বিভাগে পাঠানো হয়েছে।

তথ্য না দেওয়ায় ১১৬ আইএসপিকে নোটিশ

শুধু আর্থিক বকেয়া নয়, বাধ্যতামূলক তথ্য জমা না দেওয়ার বিষয়েও ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের (আইএসপি) বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বিটিআরসি।

২০২৫ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ব্যান্ডউইথ ব্যবহার, গ্রাহক সংখ্যা ও নেটওয়ার্কের মানসংক্রান্ত তথ্য স্বয়ংক্রিয় ডেটা ইনফরমেশন সিস্টেমে (ডিআইএস) জমা দিতে ব্যর্থ হওয়ায় ১১৬টি আইএসপি লাইসেন্সধারী প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

অপারেটরদের জবাব এবং পরবর্তী সময়ে নিয়ম মেনে চলার অবস্থার ভিত্তিতে বিভিন্ন অঙ্কের জরিমানা নির্ধারণ করেছে কমিশন। নিবন্ধিত অপারেটরদের জরিমানা ২ হাজার ৫০০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত। আর নিবন্ধিত গোষ্ঠীর বাইরের অপারেটরদের জরিমানা ৬ হাজার ৭৫০ থেকে ১ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত।

সব খেলাপি অপারেটরকে ৩০ দিনের মধ্যে নিবন্ধন সম্পন্ন করে প্রয়োজনীয় তথ্য আপলোডের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তা করতে ব্যর্থ হলে তাদের লাইসেন্স বাতিলের প্রক্রিয়া শুরু হবে।

আরও দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে জরিমানা

বেনাপোলে অননুমোদিত টিসিএলএস পয়েন্ট অব প্রেজেন্স পরিচালনা এবং বিটিআরসির অনুমোদন ছাড়া অবকাঠামো ভাগাভাগির দায়ে আর্থ টেলিকমিউনিকেশন লিমিটেডকেও জরিমানা করেছে কমিশন। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১-এর ৬৫(৫) ধারায় প্রতিষ্ঠানটিকে ১০ কার্যদিবসের মধ্যে জরিমানা পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। তবে বৈঠকের কার্যবিবরণীতে জরিমানার অঙ্ক সংখ্যা ও কথায় ভিন্নভাবে উল্লেখ থাকায় প্রকৃত পরিমাণটি যাচাই করা প্রয়োজন।

অন্যদিকে, বিটিআরসির পূর্বানুমোদন ছাড়া ‘সাইক্লোন প্রকল্পের’ আওতায় রোমান্স ও সানসহ তৃতীয় পক্ষের সঙ্গে প্ল্যাটফর্ম ও সেবা চুক্তি করায় এনটিটিএন অপারেটর ফাইবার অ্যাট হোম লিমিটেডকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ১০ কার্যদিবসের মধ্যে এ অর্থ পরিশোধ করতে হবে।

কমিশনের এসব সিদ্ধান্তে টেলিযোগাযোগ খাতে আর্থিক ও লাইসেন্সিং শর্ত বাস্তবায়নে কঠোর অবস্থানের বিষয়টি স্পষ্ট হয়েছে। একই সঙ্গে দীর্ঘদিনের বকেয়া আদায়ে জরিমানা, ব্যান্ডউইথ সীমিতকরণ, লাইসেন্স বাতিল ও আইনি পদক্ষেপের মাধ্যমে অপারেটরদের ওপর চাপ বাড়াচ্ছে নিয়ন্ত্রক সংস্থাটি।

সর্বশেষ