ঢাকা   মঙ্গলবার ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩

বর্ষায় বরিশাল: যেসব জায়গা মিস করবেন না

ভ্রমণ

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২১:১৩, ৪ আগস্ট ২০২৬

সর্বশেষ

বর্ষায় বরিশাল: যেসব জায়গা মিস করবেন না

বাংলাদেশের দক্ষিণাঞ্চলের সৌন্দর্যের কথা উঠলে বরিশালের নাম সবার আগে আসে। নদী, খাল-বিল, সবুজ প্রকৃতি আর বর্ষার থইথই পানিতে বরিশাল যেন নতুন রূপে সেজে ওঠে। তাই বর্ষাকালই বরিশাল ভ্রমণের সবচেয়ে উপযুক্ত সময়। ইতিহাস, ঐতিহ্য ও প্রকৃতির অপূর্ব মেলবন্ধনে গড়ে ওঠা এই অঞ্চলে রয়েছে অসংখ্য দর্শনীয় স্থান, যা যেকোনো ভ্রমণপিপাসীকে মুগ্ধ করবে।

অশ্বিনীকুমার টাউন হল
বরিশাল শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত শতবর্ষী এই লাল রঙের ভবনটি শহরের অন্যতম ঐতিহাসিক স্থাপনা। ১৯২১ সালে শিক্ষাবিদ অশ্বিনীকুমার দত্ত এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বর্তমানে এটি বরিশালের সাংস্কৃতিক কর্মকাণ্ডের অন্যতম কেন্দ্র।

বিবির পুকুর
শহরের কেন্দ্রস্থলে অবস্থিত এই ঐতিহ্যবাহী পুকুরটি ১৯০৮ সালে জিন্নাত বিবি পানির সংকট দূর করতে খনন করেন বলে জনশ্রুতি রয়েছে। বর্তমানে এটি স্থানীয়দের আড্ডা ও অবকাশ কাটানোর জনপ্রিয় স্থান।

৩০ গোডাউন বধ্যভূমি
কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত এই স্থান বাংলাদেশের মুক্তিযুদ্ধের এক বেদনাবিধুর স্মৃতি বহন করে। এখানে নির্মিত স্মৃতিসৌধ শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি নদীর তীরের মনোরম পরিবেশও উপভোগ করা যায়।

অক্সফোর্ড মিশন চার্চ
১১৩ বছরেরও বেশি পুরোনো এই চার্চটি বরিশালের অন্যতম আকর্ষণ। গ্রিক স্থাপত্যশৈলীতে নির্মিত বিশাল এই কমপ্লেক্সে রয়েছে সুন্দর বাগান, পুকুর, বিদ্যালয় ও ঐতিহাসিক প্রার্থনাকক্ষ, যা দর্শনার্থীদের মুগ্ধ করে।

সেন্ট পিটার্স ক্যাথেড্রাল
সাদা রঙের দৃষ্টিনন্দন এই গির্জাটি বরিশালের আরেকটি ঐতিহাসিক নিদর্শন। শান্ত পরিবেশ ও পুকুরপাড়ে বসে প্রকৃতি উপভোগের জন্য এটি একটি আদর্শ স্থান।

মুকুন্দ দাসের কালীবাড়ি
চারণ কবি মুকুন্দ দাস প্রতিষ্ঠিত শতবর্ষী এই মন্দিরটি ধর্মীয় ও ঐতিহাসিক গুরুত্ব বহন করে। প্রতিবছর এখানে জাঁকজমকপূর্ণ শ্যামাপূজা অনুষ্ঠিত হয়।

ব্রজমোহন (বিএম) কলেজ
১৮৮৯ সালে প্রতিষ্ঠিত দেশের অন্যতম প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান বিএম কলেজ শুধু শিক্ষার জন্যই নয়, এর ঐতিহ্যবাহী ক্যাম্পাস ও সবুজ পরিবেশের জন্যও পরিচিত। কবি জীবনানন্দ দাশ এখানে শিক্ষকতা করেছেন।

দুর্গাসাগর দিঘি
বরিশাল শহর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে অবস্থিত দক্ষিণাঞ্চলের বৃহত্তম দিঘি দুর্গাসাগর। বর্ষায় এর চারপাশের সবুজ প্রকৃতি ও শান্ত পরিবেশ দর্শনার্থীদের মুগ্ধ করে। শীতকালে এখানে হাজারো পরিযায়ী পাখিরও দেখা মেলে।

সাতলার বিল
উজিরপুরের সাতলার বিল বর্ষাকালে লাল শাপলার সমুদ্রে পরিণত হয়। খুব ভোরে নৌকায় ঘুরে শাপলার অপরূপ সৌন্দর্য উপভোগ করা জীবনের এক অনন্য অভিজ্ঞতা।

ভাসমান পেয়ারা বাজার
ঝালকাঠির ভীমরুলীর ভাসমান পেয়ারা বাজার বর্ষাকালের সবচেয়ে আকর্ষণীয় গন্তব্যগুলোর একটি। নৌকায় ভাসমান এই বাজারে পেয়ারা ছাড়াও নানা ধরনের ফল ও সবজি বিক্রি হয়। আঁকাবাঁকা খালপথে নৌকাভ্রমণই এই সফরের সবচেয়ে বড় আকর্ষণ।

ভ্রমণ টিপস

  • বর্ষাকালে ছাতা বা রেইনকোট সঙ্গে রাখুন।
  • নৌকাভ্রমণের সময় লাইফ জ্যাকেট ব্যবহার করুন।
  • প্লাস্টিক বা ময়লা পানিতে ফেলবেন না।
  • স্থানীয় মানুষের ব্যক্তিগত সম্পদ ও বাগানের প্রতি সম্মান দেখান।
  • সাতলার বিল দেখতে খুব ভোরে এবং ভাসমান পেয়ারা বাজারে সকালেই পৌঁছানোর চেষ্টা করুন।

বর্ষার সময় নদী, খাল, বিল, সবুজ প্রকৃতি আর ইতিহাসের মেলবন্ধনে বরিশাল এক অনন্য ভ্রমণগন্তব্যে পরিণত হয়। প্রকৃতির শান্ত সৌন্দর্য, ঐতিহাসিক স্থাপনা ও জলপথের বৈচিত্র্য একসঙ্গে উপভোগ করতে চাইলে বর্ষায় বরিশাল হতে পারে আপনার পরবর্তী ভ্রমণের সেরা ঠিকানা।

সর্বশেষ