দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির (আপ) নেতা অরবিন্দ কেজরিওয়াল এবং তাঁর মেয়ে হর্ষিতা কেজরিওয়ালকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। তাঁদের প্রাণনাশের ভয় দেখিয়ে ৭ কোটি রুপি দাবি করেছে এক ব্যক্তি। অভিযোগ, হুমকিদাতা নিজেকে কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য বলে পরিচয় দিয়েছেন।
দিল্লির তিলক নগরের আপ বিধায়ক জার্নেল সিং জানিয়েছেন, গত ৬ নভেম্বর তাঁর কাছে একটি ফোন আসে। একই সঙ্গে পাঠানো হয় একটি খুদে বার্তা। সেখানে বলা হয়, ৭ কোটি রুপি না দিলে অরবিন্দ কেজরিওয়াল ও তাঁর মেয়ে হর্ষিতাকে হত্যা করা হবে।
এ ঘটনায় পাঞ্জাবের মোহালি থানায় অভিযোগ করেছেন জার্নেল সিং। পাশাপাশি কেজরিওয়াল ও তাঁর পরিবারের নিরাপত্তা বাড়ানোর দাবি জানিয়েছে আম আদমি পার্টি।
বিষ্ণোই গ্যাংয়ের সংশ্লিষ্টতা খতিয়ে দেখছে পুলিশ
পাঞ্জাব পুলিশ সূত্রের বরাতে গণমাধ্যম জানিয়েছে, যে নম্বর থেকে ফোন ও বার্তা পাঠানো হয়েছে, তার ডিজিটাল তথ্য-উপাত্ত পরীক্ষা করছেন তদন্তকারীরা। খতিয়ে দেখা হচ্ছে ফোনটির কল রেকর্ড, ইন্টারনেট প্রটোকল (আইপি) লগ এবং অবস্থানসংক্রান্ত তথ্য।
হুমকির পেছনে সত্যিই লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সংশ্লিষ্টতা রয়েছে, নাকি কেউ ওই গ্যাংয়ের নাম ব্যবহার করে ভয় দেখাচ্ছে—তা-ও তদন্ত করে দেখা হচ্ছে।
লরেন্স বিষ্ণোই ২০১৫ সাল থেকে গুজরাটের সবরমতি কারাগারে বন্দী। তবে তিনি কারাগারে থাকলেও তাঁর দলের সদস্যরা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত বলে অভিযোগ রয়েছে।
সম্প্রতি মুম্বাইয়ে জনপ্রিয় হিন্দি সিনেমার অভিনেতা টাইগার শ্রফের গাড়িতে গুলি চালানোর ঘটনা ঘটে। এতে অভিনেতা ও তাঁর চালক অক্ষত থাকেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ওই হামলার দায় স্বীকার করে বিষ্ণোই গ্যাং। এ ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাঁদের সঙ্গে গ্যাংটির প্রকৃত সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্তাধীন।
অভিনেতাদের কাছেও আসছে চাঁদাবাজির হুমকি
মুম্বাইয়ে বিনোদনজগতের তারকাদের কাছে অর্থ দাবি করে হুমকি পাঠানোর ঘটনা নতুন নয়। অপরাধজগতের ভাষায় এ ধরনের অর্থ দাবিকে বলা হয় ‘প্রটেকশন মানি’। অর্থাৎ নিরাপত্তার বিনিময়ে অর্থ দিতে বাধ্য করার চেষ্টা।
সাম্প্রতিক সময়ে একাধিক অভিনেতা ও পরিচালকের কাছেও এ ধরনের হুমকি এসেছে। কিছুদিন আগে অভিনেতা আয়ুষ্মান খুরানা ও তুষার কাপুরের কাছে পাঁচ কোটি রুপি দাবি করে হুমকিবার্তা পাঠানো হয় বলে পুলিশ সূত্রের বরাতে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়।
তদন্তে নেমে মুম্বাই পুলিশ বেঙ্গালুরুর এক তথ্যপ্রযুক্তি কর্মীকে গ্রেপ্তার করে। পুলিশের দাবি, ওই ব্যক্তি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে কণ্ঠস্বর নকল করে অর্থ দাবি করেছিলেন। ওই ঘটনায় বিষ্ণোই গ্যাংয়ের কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলে জানানো হয়।
বলিউডের আরও কয়েকজন জনপ্রিয় তারকাও বিভিন্ন সময়ে প্রাণনাশের হুমকি পেয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন সালমান খান, শাহরুখ খান ও আমির খান।
সম্প্রতি অমিতাভ বচ্চনকেও হুমকি দেওয়া হয়েছে। বৃহন্মুম্বাই পৌরসভায় পাঠানো একটি ই-মেইলে বলা হয়, মুম্বাইয়ের জুহু এলাকায় তাঁর বাংলো ‘জলসা’, মেয়রের কার্যালয় এবং একটি স্কুল বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে। একই বার্তায় জনপ্রিয় পাঞ্জাবি গায়ক দিলজিৎ দোসাঞ্জের কনসার্টেও হামলার হুমকি দেওয়া হয়। ৩১ অক্টোবর থেকে ২৩ নভেম্বরের মধ্যে এসব হামলা চালানোর কথা বলা হয়েছিল।
মুম্বাইয়ে অবস্থান করলে প্রতি রোববার নির্দিষ্ট সময়ে বাড়ির সামনে এসে ভক্তদের সঙ্গে দেখা করেন অমিতাভ বচ্চন। ওই হুমকির পর তাঁকে বুলেটপ্রুফ কাচের ঘেরাটোপের ভেতরে দাঁড়িয়ে ভক্তদের অভিবাদন জানাতে দেখা যায়।
দিল্লি পুলিশের বদলে পাঞ্জাবে অভিযোগ কেন?
কেজরিওয়াল ও তাঁর মেয়েকে হত্যার হুমকির ঘটনায় আপ বিধায়ক জার্নেল সিং দিল্লি পুলিশের কাছে অভিযোগ না করে পাঞ্জাব পুলিশের কাছে অভিযোগ করেছেন। বিষয়টি নিয়েও রাজনৈতিক মহলে আলোচনা তৈরি হয়েছে।
দিল্লির সরকার পরিচালনা করছে বিজেপি। অন্যদিকে, দিল্লি পুলিশ কেন্দ্রীয় সরকারের অধীন। পাঞ্জাবে ক্ষমতায় রয়েছে আম আদমি পার্টি। দুই রাজ্যের রাজনৈতিক বাস্তবতার কারণে দিল্লি পুলিশের ওপর আস্থার ঘাটতি থেকেই পাঞ্জাব পুলিশের কাছে অভিযোগ করা হয়েছে বলে মনে করা হচ্ছে।
অভিযোগ পাওয়ার পর পাঞ্জাব পুলিশ ভারতীয় ন্যায় সংহিতা ও তথ্যপ্রযুক্তি আইনের আওতায় এফআইআর দায়ের করেছে। এখন তদন্তকারীরা খতিয়ে দেখছেন, হুমকির সঙ্গে বিষ্ণোই গ্যাংয়ের কোনো যোগসূত্র রয়েছে কি না এবং কারা এর পেছনে জড়িত।
























