সরকারি ও বেসরকারি স্কুলে প্রথম শ্রেণিতে ভর্তির বয়সসীমা নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তির অবসান ঘটিয়েছে সরকার। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভর্তি নীতিমালা সংশোধন করে বেসরকারি স্কুলের সঙ্গে বয়সসীমা সমান করা হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৭ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি উভয় ধরনের স্কুলে প্রথম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থীর বয়স কমপক্ষে ছয় বছর হতে হবে। তবে বয়স সাত বছরের কম থাকতে হবে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে ‘সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৭ (সংশোধিত)’ প্রকাশ করা হয়েছে।
সংশোধিত নীতিমালায় বলা হয়েছে, জাতীয় শিক্ষানীতি-২০১০ অনুযায়ী প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষাবর্ষের ১ জানুয়ারি শিক্ষার্থীর বয়স ছয় বছর বা তার বেশি হতে হবে। তবে কোনোভাবেই সাত বছর পূর্ণ হওয়া যাবে না।
এ হিসাবে ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে জন্ম নেওয়া শিশুরা ২০২৭ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন করার যোগ্য হবে।
নীতিমালা অনুযায়ী, শিক্ষার্থীর বয়স প্রমাণের জন্য অনলাইন জন্মনিবন্ধন সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে।
তবে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে বয়সের সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত অতিরিক্ত ছাড় দেওয়ার সুযোগ রাখা হয়েছে।
নতুন এই সংশোধনের ফলে সরকারি ও বেসরকারি স্কুলে প্রথম শ্রেণিতে ভর্তির বয়স নিয়ে আগের বিভ্রান্তি দূর হবে বলে আশা করা হচ্ছে।
























