স্মার্টফোনে কথা বলার সময় অপর প্রান্তের ব্যক্তির কণ্ঠস্বর স্পষ্ট শোনা না গেলে অনেকেই প্রথমে নেটওয়ার্কের সমস্যাকে দায়ী করেন। তবে সব সময় নেটওয়ার্কের কারণে এমনটা হয় না। ফোনের স্পিকারে ময়লা জমা, ভুলভাবে লাগানো কভার বা স্ক্রিন গার্ড কিংবা কলের ভলিউম কম থাকার কারণেও এ সমস্যা দেখা দিতে পারে।
কয়েকটি বিষয় পরীক্ষা করেই ঘরে বসে সমস্যার সমাধান করা সম্ভব। ফোনে কথা বলার সময় শব্দ কম শোনা গেলে যে পাঁচটি বিষয় পরীক্ষা করবেন, সেগুলো হলো—
১. ফোনের স্পিকারে ময়লা জমেছে কি না দেখুন
ফোনের ওপরের দিকে থাকা ছোট স্পিকারকে ইয়ারপিস বলা হয়। কলের সময় এই স্পিকার দিয়েই অপর প্রান্তের ব্যক্তির কণ্ঠস্বর শোনা যায়। দীর্ঘদিন ব্যবহারের ফলে এতে ধুলাবালি, ঘাম ও ত্বকের তেল জমতে পারে। এতে স্পিকারের ছিদ্র আংশিক বন্ধ হয়ে শব্দের তীব্রতা কমে যায়।
এ সমস্যা সমাধানে নরম ও শুকনো ব্রাশ দিয়ে স্পিকারের অংশটি আলতোভাবে পরিষ্কার করুন। তবে পিন, ছুঁচ বা পানি ব্যবহার করবেন না। এতে স্পিকারের সূক্ষ্ম অংশ ক্ষতিগ্রস্ত হতে পারে।
২. কভার বা স্ক্রিন গার্ড স্পিকার ঢেকে রেখেছে কি না পরীক্ষা করুন
নতুন ফোন কভার বা স্ক্রিন গার্ড লাগানোর পর থেকে কলের শব্দ কমে গেলে সেগুলো পরীক্ষা করা জরুরি। অনেক সময় ফোনের মডেলের সঙ্গে পুরোপুরি মানানসই নয়—এমন কভার বা স্ক্রিন গার্ড ইয়ারপিসের অংশ আংশিক ঢেকে দিতে পারে। ঠিকমতো না বসালেও শব্দ চলাচলে বাধা তৈরি হতে পারে।
এ ক্ষেত্রে সাময়িকভাবে কভার খুলে কাউকে ফোন করে দেখুন। শব্দ স্বাভাবিক হলে বুঝতে পারবেন, সমস্যার কারণ কভারের নকশা বা অবস্থান। স্ক্রিন গার্ডের ক্ষেত্রে সেটিও পরীক্ষা করুন।
৩. কলের ভলিউম বাড়ানো আছে কি না দেখুন
ফোনের সাধারণ ভলিউম ও কলের ভলিউম এক নয়। অনেক সময় ফোনের সাধারণ শব্দ বাড়ানো থাকলেও কলের সময় ভলিউম কম থাকে।
এ সমস্যা এড়াতে কারও সঙ্গে কথা বলার সময় ফোনের ভলিউম বাড়ানোর বোতাম চাপুন। স্ক্রিনে কলের ভলিউম বাড়ছে কি না, সেটিও দেখে নিন।
৪. ব্লুটুথে অন্য কোনো ডিভাইস যুক্ত আছে কি না পরীক্ষা করুন
ফোনের সঙ্গে ব্লুটুথ হেডফোন, ইয়ারবাড বা অন্য কোনো অডিও ডিভাইস যুক্ত থাকলে কলের শব্দ সেদিকে চলে যেতে পারে। ফলে ফোনের ইয়ারপিসে শব্দ কম শোনা যেতে পারে বা একেবারেই শোনা না-ও যেতে পারে।
তাই কলের সময় ব্লুটুথ চালু আছে কি না এবং কোনো ডিভাইস সংযুক্ত রয়েছে কি না পরীক্ষা করুন। প্রয়োজনে ব্লুটুথ বন্ধ করে আবার কল করে দেখুন। পাশাপাশি ফোনের সেটিংসে অডিও ব্যালান্সের অবস্থানও পরীক্ষা করতে পারেন।
৫. সমস্যা না মিটলে সার্ভিস সেন্টারে যান
স্পিকার পরিষ্কার করা, কভার বা স্ক্রিন গার্ড পরীক্ষা, কলের ভলিউম বাড়ানো এবং ব্লুটুথ সংযোগ বিচ্ছিন্ন করার পরও যদি শব্দ কম শোনা যায়, তাহলে ফোনের ভেতরে হার্ডওয়্যারজনিত সমস্যা থাকতে পারে। স্পিকার নষ্ট হওয়া বা সংযোগে ত্রুটির কারণেও এমনটা হতে পারে।
এ অবস্থায় নিজে ফোন খুলে মেরামতের চেষ্টা না করে সংশ্লিষ্ট ব্র্যান্ডের অনুমোদিত সার্ভিস সেন্টারে যোগাযোগ করুন। এতে সমস্যার প্রকৃত কারণ শনাক্ত করা এবং প্রয়োজনীয় মেরামত করানো সহজ হবে।
























