পেটব্যথা হলেই অনেকে মনে করেন গ্যাস, বদহজম কিংবা হজমের সমস্যা হয়েছে। চিকিৎসকের পরামর্শ ছাড়াই ওষুধ খেয়ে সাময়িক স্বস্তিও পান। কিন্তু কিছুদিন পর আবারও ফিরে আসে একই ব্যথা। এমন পরিস্থিতিকে সাধারণ হজমের সমস্যা ভেবে অবহেলা করা বিপজ্জনক হতে পারে। কারণ, বারবার পেটব্যথার পেছনে লুকিয়ে থাকতে পারে অন্ত্রের বিরল কোনো রোগ। এমনকি পরিস্থিতি জটিল হলে প্রয়োজন হতে পারে অস্ত্রোপচারেরও। খবর হিন্দুস্তান টাইমসের।
সম্প্রতি ভারতের সার্জিক্যাল গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট, প্যানক্রিয়াটিক ও কোলোরেক্টাল সার্জন চিকিৎসক বিক্রম জে রাও এমনই একটি ঘটনার কথা জানিয়েছেন।
তাঁর মতে, ওষুধ খাওয়ার পরও পেটব্যথা বারবার ফিরে এলে শুধু ব্যথা কমানোর চেষ্টা না করে এর প্রকৃত কারণ খুঁজে বের করা জরুরি।
পেটব্যথার পেছনে থাকতে পারে যে বিরল রোগ
চিকিৎসক বিক্রম জে রাও জানিয়েছেন, বারবার পেটব্যথার একটি বিরল কারণ হতে পারে স্মল বাওয়েল ইনটাসাসসেপশন। এ সমস্যায় অন্ত্রের একটি অংশ পাশের আরেকটি অংশের ভেতরে ঢুকে যায়। অনেকটা দূরবিনের এক অংশ অন্য অংশের মধ্যে ঢুকে যাওয়ার মতো।
এর ফলে অন্ত্রের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। খাবার ও পরিপাক হওয়া বর্জ্য অন্ত্রের মধ্য দিয়ে চলাচলেও বাধা তৈরি হতে পারে। কোনো কোনো ক্ষেত্রে এ সমস্যা গুরুতর আকার ধারণ করে।
চিকিৎসকের ভাষ্য অনুযায়ী, অন্ত্রের ভেতরে টিউমার বা অস্বাভাবিক টিস্যু বৃদ্ধিও এ সমস্যার কারণ হতে পারে। এর মধ্যে একটি হলো ইন্টেস্টাইনাল লাইপোমা। এটি চর্বিজাতীয় টিস্যু দিয়ে তৈরি এক ধরনের নিরীহ টিউমার। সাধারণত ক্যানসার না হলেও এটি অন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে বাধা সৃষ্টি করতে পারে।
৪০ বছর বয়সী নারীর পেটব্যথার আসল কারণ
চিকিৎসক রাওয়ের দেওয়া তথ্য অনুযায়ী, ৪০ বছর বয়সী এক নারী দীর্ঘদিন ধরে বারবার পেটব্যথায় ভুগছিলেন। কয়েক দফায় ওষুধ ও উপসর্গভিত্তিক চিকিৎসা নিয়েও স্থায়ীভাবে সুস্থ হচ্ছিলেন না তিনি। কিছুদিন পরপরই ফিরে আসছিল পেটের অস্বস্তি ও ব্যথা।
একপর্যায়ে ব্যথার প্রকৃত কারণ জানতে বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা করা হয়। পেটের ভেতরের অবস্থা দেখতে বিশেষ ইমেজিং পরীক্ষা করানোর পর ধরা পড়ে স্মল বাওয়েল ইনটাসাসসেপশন।
পরবর্তী পরীক্ষায় জানা যায়, অন্ত্রের ভেতরে থাকা একটি নিরীহ চর্বিজাতীয় টিউমার বা লাইপোমার কারণে এ সমস্যা তৈরি হয়েছে। অর্থাৎ, সাধারণ পেটব্যথা মনে হলেও এর পেছনে ছিল অন্ত্রের জটিল একটি রোগ।
অস্ত্রোপচারে দূর হলো সমস্যা
রোগের প্রকৃত কারণ শনাক্ত হওয়ার পর চিকিৎসকেরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। ওই নারীর ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে অস্ত্রোপচার করা হয়। এ পদ্ধতিতে পেটে ছোট ছোট ছিদ্র করে ক্যামেরা ও বিশেষ যন্ত্রের সাহায্যে অস্ত্রোপচার করা হয়।
এ সময় আক্রান্ত অন্ত্রের অংশটি কেটে বাদ দেওয়া হয়। চিকিৎসক রাও জানান, সমস্যার মূল কারণ দূর করতেই অন্ত্রের আক্রান্ত অংশ অপসারণ করা হয়েছিল। শুধু ব্যথানাশক কিংবা উপসর্গ কমানোর ওষুধে সাময়িক স্বস্তি মিললেও রোগের স্থায়ী সমাধান সম্ভব ছিল না।
যেসব লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
পেটব্যথার কারণ সব সময় এক নয়। বদহজম, সংক্রমণ কিংবা হজমতন্ত্রের সাধারণ সমস্যা থেকে শুরু করে অন্ত্রের জটিল রোগ—বিভিন্ন কারণে এমন ব্যথা হতে পারে।
তাই পেটব্যথা বারবার ফিরে এলে কিংবা চিকিৎসার পরও না কমলে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন। প্রয়োজন অনুযায়ী চিকিৎসকের পরামর্শে শারীরিক পরীক্ষা ও ইমেজিংয়ের মাধ্যমে ব্যথার প্রকৃত কারণ শনাক্ত করতে হবে।
বিশেষজ্ঞদের পরামর্শ, একই উপসর্গের জন্য বারবার নিজে নিজে ওষুধ খেয়ে সাময়িক স্বস্তি পাওয়ার চেষ্টা না করে সমস্যার উৎস খুঁজে বের করা জরুরি। তীব্র বা বাড়তে থাকা পেটব্যথা, বারবার বমি, পেট ফুলে যাওয়া কিংবা পায়খানা ও গ্যাস বন্ধ হয়ে গেলে দ্রুত জরুরি চিকিৎসা নিতে হবে।
খবর হিন্দুস্তান টাইমসের।
























