ঢাকা   বৃহস্পতিবার ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

২৭ নভেম্বর বায়তুল মোকাররমে জুমার বয়ান করবেন মুফতি তাকি উসমানি

ধর্ম

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২১:২০, ১২ নভেম্বর ২০২৬

সর্বশেষ

২৭ নভেম্বর বায়তুল মোকাররমে জুমার বয়ান করবেন মুফতি তাকি উসমানি

বিশ্ববরেণ্য ইসলামি স্কলার ও পাকিস্তানের প্রখ্যাত আলেম শায়খুল ইসলাম মুফতি মুহাম্মদ তাকি উসমানি সাত দিনের সফরে বাংলাদেশে আসছেন। আগামী ২২ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত সফরে দেশের বিভিন্ন মাদরাসা, ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় সম্মেলনে অংশ নেবেন তিনি।

সফরসূচি অনুযায়ী, আগামী ২৭ নভেম্বর (শুক্রবার) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজের আগে খুতবা ও বয়ান দেবেন মুফতি তাকি উসমানি। একই সঙ্গে তিনি জুমার নামাজে ইমামতিও করবেন।

বুধবার (১১ নভেম্বর) ঢাকাস্থ শায়খ জাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা মুফতি মিজানুর রহমান সাঈদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাঁর চূড়ান্ত সফরসূচি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বার্ধক্যজনিত দুর্বলতা ও শারীরিক অসুস্থতার কারণে মুফতি তাকি উসমানির বাংলাদেশ সফরের কর্মসূচিতে কয়েক দফা পরিবর্তন আনা হয়েছে। পরে গত ৬ নভেম্বর বেশ কিছু গুরুত্বপূর্ণ আয়োজন বাদ দিয়ে সীমিতসংখ্যক কর্মসূচির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

মুফতি তাকি উসমানির সাত দিনের সফরসূচি

  • ২২ নভেম্বর: শায়খ জাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারে ১৫ সালা দস্তারবন্দি ও আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন।

  • ২৩ নভেম্বর: জামিয়া আরাবিয়া ফরিদাবাদে ৭০ সালা দস্তারবন্দি মহাসম্মেলন।

  • ২৪ নভেম্বর: চট্টগ্রামের দারুল উলূম হাটহাজারী মাদরাসায় ওলামা সম্মেলন।

  • ২৫ নভেম্বর: সিলেট আলিয়া মাদরাসা মাঠে ইসলামী মহাসম্মেলন।

  • ২৬ নভেম্বর: বেফাক ও হাইআতুল উলয়ার আয়োজনে ওলামা সম্মেলন।

  • ২৭ নভেম্বর: জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার খুতবা ও বয়ান। রাতে জামিয়া হাকীমুল উম্মত, কেরানীগঞ্জে ইসলাহি বয়ান।

  • ২৮ নভেম্বর: জামিয়া মাদানিয়া যাত্রাবাড়ীতে দরসে বুখারি।

বিজ্ঞপ্তিতে মুফতি মিজানুর রহমান সাঈদ দেশের সর্বস্তরের আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসল্লিদের কাছে মুফতি তাকি উসমানির সুস্থতা ও নিরাপদ সফরের জন্য বিশেষ দোয়া কামনা করেছেন।

উল্লেখ্য, মুফতি মুহাম্মদ তাকি উসমানি বর্তমান বিশ্বের অন্যতম শীর্ষ ইসলামি চিন্তাবিদ, ফকিহ ও মুহাদ্দিস। ১৯৪৩ সালে ভারতের দেওবন্দে জন্ম নেওয়া এই মনীষী পাকিস্তানের সাবেক প্রধান মুফতি মুহাম্মদ শফি উসমানির (রহ.) সন্তান। তিনি বর্তমানে জামিয়া দারুল উলুম করাচির মুহতামিম ও শাইখুল হাদিস হিসেবে দায়িত্ব পালন করছেন।

এ ছাড়া তিনি পাকিস্তানের সুপ্রিম কোর্টের শরিয়ত আপিল বেঞ্চের সাবেক বিচারপতি এবং ওআইসির আন্তর্জাতিক ইসলামি ফিকহ একাডেমির স্থায়ী সদস্য। তাফসির, হাদিস ও ইসলামি অর্থনীতি বিষয়ে আরবি, উর্দু ও ইংরেজি ভাষায় তাঁর শতাধিক গ্রন্থ রয়েছে।

সর্বশেষ