ঢাকা   শনিবার ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

বিএসইসির বড় সিদ্ধান্ত: সচল হচ্ছে হিরুসহ ৭ জনের ৯৩ বিও হিসাব

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ২২:২৭, ১৩ নভেম্বর ২০২৬

সর্বশেষ

বিএসইসির বড় সিদ্ধান্ত: সচল হচ্ছে হিরুসহ ৭ জনের ৯৩ বিও হিসাব

শেয়ারবাজারের আলোচিত বিনিয়োগকারী আবুল খায়ের হিরু ও তার পরিবারের সদস্যসহ সাত ব্যক্তির মোট ৯৩টি বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবের ওপর থেকে জব্দাদেশ শর্তসাপেক্ষে প্রত্যাহার করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এর ফলে নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে হিসাবগুলোতে আবারও শেয়ার লেনদেনের সুযোগ তৈরি হয়েছে। এর আগে ২০২৪ সালের ২১ আগস্ট এসব বিও হিসাব জব্দ করা হয়েছিল।

কমিশনের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়ার পর বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিএসইসি চেয়ারম্যান মাসুদ খানের স্বাক্ষরিত আদেশে এ নির্দেশনা জারি করা হয়।

বিএসইসির আদেশ অনুযায়ী, সচল হওয়ার অপেক্ষায় থাকা ৯৩টি বিও হিসাবের মধ্যে সবচেয়ে বেশি ৩২টি আবুল খায়ের হিরুর নামে। এ ছাড়া কাজী সাদিয়া হাসানের ২৩টি, সাজেদুর রহমানের ১১টি এবং কনিকা আফরোজের ১০টি হিসাবের জব্দাদেশ প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি আবুল কালাম মাতবরের ৮টি, ফেরদৌসী বেগমের ৫টি এবং সাজেদ মাদবরের ৪টি বিও হিসাবও এই তালিকায় রয়েছে।

তবে জব্দাদেশ প্রত্যাহার করলেও হিসাবগুলো ব্যবহারের ক্ষেত্রে বেশ কিছু কঠোর শর্ত দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। বিএসইসি জানিয়েছে, আদালত, দুর্নীতি দমন কমিশন, জাতীয় রাজস্ব বোর্ড, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট কিংবা অন্য কোনো যথাযথ কর্তৃপক্ষের জব্দ বা নিষেধাজ্ঞার আদেশ বহাল থাকলে সংশ্লিষ্ট হিসাব সচল করার সুযোগ থাকবে না। আদেশ কার্যকরের আগে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডকে (সিডিবিএল) হিসাবগুলোর বর্তমান অবস্থা যাচাই করতে হবে।

শর্ত পূরণ হলে এসব বিও হিসাবে কেবল সেকেন্ডারি মার্কেটে সাধারণ শেয়ার কেনাবেচা করা যাবে। তবে শেয়ার স্থানান্তর, হস্তান্তর এবং ব্লক মার্কেটে কোনো ধরনের লেনদেনের অনুমতি দেওয়া হয়নি। একই সঙ্গে মার্জিন বিধিমালা ২০২৫ অনুসরণ করে বিদ্যমান মার্জিন ঋণ সমন্বয়ের সুযোগ রাখা হয়েছে।

এ ছাড়া ৯৩টি বিও হিসাব থেকে কোনো অর্থ উত্তোলন বা স্থানান্তর করা যাবে না। বর্তমানে প্লেজ, লিয়েন কিংবা লক-ইন অবস্থায় থাকা শেয়ারের ক্ষেত্রেও এই লেনদেনের সুবিধা কার্যকর হবে না।

এসব শর্ত যথাযথভাবে বাস্তবায়ন ও তদারকির জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ এবং সিডিবিএলকে নির্দেশ দিয়েছে বিএসইসি। পাশাপাশি প্রতি মাসের ১০ তারিখের মধ্যে কমিশনে কমপ্লায়েন্স প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এদিকে, জব্দাদেশ প্রত্যাহার হলেও অর্থ উত্তোলন ও শেয়ার স্থানান্তরে নিষেধাজ্ঞা বহাল থাকায় সংশ্লিষ্ট বিনিয়োগকারীরা আপাতত নির্ধারিত সীমার মধ্যেই শেয়ার লেনদেন করতে পারবেন।

সর্বশেষ