ঢাকা   শুক্রবার ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

পোশাক শ্রমিকদের জন্য বিশেষ ওএমএস, ৩০ টাকা কেজিতে মিলবে চাল, মাসে সর্বোচ্চ ১০ কেজি

জাতীয়

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২১:৫৫, ১৩ নভেম্বর ২০২৬

সর্বশেষ

পোশাক শ্রমিকদের জন্য বিশেষ ওএমএস, ৩০ টাকা কেজিতে মিলবে চাল, মাসে সর্বোচ্চ ১০ কেজি

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য বিশেষ খোলাবাজারে পণ্য বিক্রয় বা ওএমএস কর্মসূচি চালু করেছে সরকার। এখন থেকে মাত্র ৩০ টাকা কেজি দরে চাল কিনতে পারবেন পোশাকশ্রমিকেরা। একজন শ্রমিক মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কেনার সুযোগ পাবেন।

শুক্রবার (১৩ নভেম্বর) থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এ বিশেষ কর্মসূচি। নিম্ন আয়ের শ্রমজীবী মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা এবং নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর ব্যয় কমানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে ঢাকা মহানগরী, সাভার, ধামরাই, গাজীপুর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় ৬৬টি ট্রাকের মাধ্যমে চাল বিক্রি করা হচ্ছে। প্রতিটি ট্রাকে পাঁচ মেট্রিক টন করে প্রতি শুক্রবার মোট ৩৩০ মেট্রিক টন চাল বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এ কর্মসূচির আওতায় ঢাকা মহানগরীতে ছয়টি ট্রাকে ৩০ মেট্রিক টন, সাভারে আটটি ট্রাকে ৪০ মেট্রিক টন এবং ধামরাইয়ে দুটি ট্রাকে ১০ মেট্রিক টন চাল বিক্রি করা হবে। এ ছাড়া গাজীপুরে ৩০টি ট্রাকে ১৫০ মেট্রিক টন, নারায়ণগঞ্জে ১০টি ট্রাকে ৫০ মেট্রিক টন এবং চট্টগ্রামে ১০টি ট্রাকে ৫০ মেট্রিক টন চাল বিক্রির পরিকল্পনা রয়েছে।

প্রতি শুক্রবার দুই দফায় চাল বিক্রি করা হচ্ছে। প্রথম দফায় সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এবং দ্বিতীয় দফায় দুপুর আড়াইটা থেকে বিকেল ৫টা পর্যন্ত চাল পাওয়া যাবে। তবে দ্বিতীয় দফায় চাল বিক্রি নির্ভর করবে মজুদের ওপর।

চাল কিনতে শ্রমিকদের নিজ নিজ প্রতিষ্ঠানের পরিচয়পত্র বা আইডি কার্ড প্রদর্শন করতে হবে। পাশাপাশি কারখানার মাস্টার রোলে স্বাক্ষর করে চাল সংগ্রহ করতে হবে। প্রকৃত পোশাকশ্রমিকদের কাছে এ সুবিধা পৌঁছে দিতেই রাখা হয়েছে এ ব্যবস্থা।

খাদ্য অধিদপ্তরের ব্যবস্থাপনায় পরিচালিত কর্মসূচির স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে খাদ্য মন্ত্রণালয় এবং অধিদপ্তরের পক্ষ থেকে পৃথক মনিটরিং টিম গঠন করা হয়েছে। প্রতিটি ট্রাকের বিপরীতেও দায়িত্ব পালন করছেন একজন করে তদারকি কর্মকর্তা।

প্রথম দিনেই নির্ধারিত বিক্রয়কেন্দ্রগুলোতে শ্রমিকদের উপস্থিতি দেখা গেছে। সংশ্লিষ্টদের আশা, এ উদ্যোগের ফলে পোশাকশ্রমিকদের মাসিক খাদ্য ব্যয় কিছুটা কমবে এবং নিম্ন আয়ের শ্রমজীবী মানুষের খাদ্যনিরাপত্তা জোরদার হবে।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশেষ এ ওএমএস কর্মসূচি চালু থাকবে বলে জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়।

সর্বশেষ