ঢাকা   শুক্রবার ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

নুসরাতের পৈতৃক বাড়িতে আগুন, শর্টসার্কিটের সুযোগ নেই বলছে পল্লী বিদ্যুৎ, তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কমিটি

রাজনীতি

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২১:৩৫, ১৩ নভেম্বর ২০২৬

সর্বশেষ

নুসরাতের পৈতৃক বাড়িতে আগুন, শর্টসার্কিটের সুযোগ নেই বলছে পল্লী বিদ্যুৎ, তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কমিটি

কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে আগুন লাগার ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে। পল্লী বিদ্যুতের এক কর্মকর্তা জানিয়েছেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ওই বাড়িতে আগুন লাগার কোনো সুযোগ নেই। মিটার, বৈদ্যুতিক তার, মেইন সুইচ ও ট্রান্সফরমারের ফিউজ পরীক্ষা করে এমনটাই মনে করছেন তাঁরা। অন্যদিকে, ঘটনাটি তদন্তে মাঠে নেমেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাতের পৈতৃক বাড়ি পরিদর্শন করেন প্রাগপুর পল্লী বিদ্যুৎ সাবজোন কার্যালয়ের এজিএম (অপারেশনস ও মেইনটেন্যান্স) তোজাম্মেল হক।

তিনি জানান, আগুনের ঘটনার পর বিদ্যুৎ সংযোগের মিটার খুলে নেওয়া হয়েছিল। শুক্রবার আবারও ঘটনাস্থল পরিদর্শন করে মিটার, বৈদ্যুতিক তার এবং মিটারের সঙ্গে যুক্ত মেইন সুইচ পরীক্ষা করা হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, কাটআউট অক্ষত রয়েছে, ট্রান্সফরমারের ফিউজ কাটেনি এবং মেইন সুইচও অক্ষত। এসব পর্যবেক্ষণের ভিত্তিতে তিনি মনে করেন, শর্টসার্কিট থেকে আগুন লাগার সুযোগ নেই।

তবে আগুনের প্রকৃত কারণ এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। এদিকে গত বৃহস্পতিবার জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছিলেন, ঘটনাস্থলে পেট্রলবোমা ব্যবহারের প্রমাণ পাওয়া যায়নি বলে ধারণা করা হচ্ছে। বাড়ির বৈদ্যুতিক ওয়্যারিং পুরোনো হওয়ায় শর্টসার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা বেশি বলে তিনি উল্লেখ করেছিলেন। তবে তদন্তে নাশকতার প্রমাণ পাওয়া গেলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও জানান তিনি।

এরই মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। কমিটির সদস্যরা বাড়ির বাসিন্দা শাহ আলম এবং নুসরাতের বাবা আবদুল হালিমের সঙ্গে কথা বলেন। আগুন লাগার সময়কার পরিস্থিতি ও ঘটনার বিভিন্ন খুঁটিনাটি বিষয়ে তাঁদের কাছ থেকে তথ্য নেওয়া হয়।

অন্যদিকে, তদন্তের নিরপেক্ষতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি জানান, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর এ ঘটনার তদন্ত কতটা নিরপেক্ষ হবে, তা নিয়ে তিনি সন্দিহান।

উল্লেখ্য, গত বুধবার গভীর রাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাতের পৈতৃক বাড়িতে আগুন ও বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় পরিবারের সদস্যদের হত্যাচেষ্টার অভিযোগে দৌলতপুর থানায় মামলা করেছেন তিনি। মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কুষ্টিয়া জেলা ও দৌলতপুর উপজেলা পর্যায়ের কয়েকজন নেতার নাম উল্লেখ করা হয়েছে।

এখন তদন্ত কমিটির প্রতিবেদনেই স্পষ্ট হতে পারে, নুসরাতের পৈতৃক বাড়িতে আগুন লাগার প্রকৃত কারণ কী এবং এর পেছনে কোনো নাশকতা ছিল কি না।

সর্বশেষ