ঢাকা   শুক্রবার ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

সবার স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয়

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২১:৪৯, ১৩ নভেম্বর ২০২৬

সর্বশেষ

সবার স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিটি মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ডায়াবেটিস প্রতিরোধে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাদ্য গ্রহণ ও শরীরচর্চার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

শনিবার (১৪ নভেম্বর) ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। শুক্রবার (১৩ নভেম্বর) দেওয়া এই বাণীতে এবারের দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’।

প্রধানমন্ত্রী বলেন, ডায়াবেটিস বর্তমানে বিশ্বব্যাপী অন্যতম প্রধান জনস্বাস্থ্য চ্যালেঞ্জ। বাংলাদেশেও এ রোগে আক্রান্ত মানুষের সংখ্যা ক্রমেই বাড়ছে, যা উদ্বেগের বিষয়। ডায়াবেটিস অনিয়ন্ত্রিত থাকলে হৃদযন্ত্র, কিডনি, চোখসহ শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে। এমনকি রোগটির জটিলতা জীবনহানির কারণও হতে পারে।

তবে সময়মতো রোগ শনাক্তকরণ, সঠিক চিকিৎসা, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত শারীরিক পরিশ্রম এবং সচেতন জীবনযাপনের মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব বলে উল্লেখ করেন তিনি।

তারেক রহমান বলেন, ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিরাও যথাযথ চিকিৎসা ও নিয়মিত পরিচর্যার মাধ্যমে সুস্থ, স্বাভাবিক ও কর্মক্ষম জীবনযাপন করতে পারেন। আর যারা এখনো এ রোগে আক্রান্ত হননি, তাঁদেরও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাবার গ্রহণ ও শরীরচর্চার মাধ্যমে ডায়াবেটিস প্রতিরোধে সচেষ্ট থাকতে হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি অসংক্রামক রোগ প্রতিরোধে সচেতনতা গড়ে তোলা সরকারের অন্যতম অগ্রাধিকার। বিশেষ করে ডায়াবেটিসের মতো ক্রমবর্ধমান জনস্বাস্থ্য সমস্যা মোকাবিলায় সময়োপযোগী পদক্ষেপ ও সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

তিনি বলেন, সরকার প্রতিটি মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায়, যাতে সবাই সুস্থ, কর্মক্ষম ও মর্যাদাপূর্ণ জীবনযাপন করতে পারেন। এ লক্ষ্য অর্জনে সরকার, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টা জরুরি।

প্রধানমন্ত্রীর মতে, একটি সুস্থ ও কর্মক্ষম জনগোষ্ঠীই দেশের উন্নয়ন ও সমৃদ্ধির অন্যতম প্রধান ভিত্তি। সুস্বাস্থ্য শুধু ব্যক্তির জীবনমান উন্নত করে না, বরং পরিবার, সমাজ ও রাষ্ট্রের সামগ্রিক অগ্রযাত্রাকেও গতিশীল করে।

বাণীতে তিনি আরও জানান, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির উদ্যোগে প্রতিবছরের মতো এবারও বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হচ্ছে। বাংলাদেশের উদ্যোগ ও প্রচেষ্টায় দিবসটি জাতিসংঘের স্বীকৃতি লাভ করে। গত দুই দশক ধরে বিশ্বব্যাপী দিবসটি পালিত হওয়া বাংলাদেশের জন্য গৌরবের বিষয়।

সবশেষে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সদস্য, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তি এবং সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি ‘বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬’ উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সাফল্য কামনা করেন তিনি।

সর্বশেষ