রাজধানীর মহাখালীর জনপ্রিয় দূরবীন বাংলা রেস্তোরাঁয় খাবারের সিরিয়াল নিয়ে বাগ্বিতণ্ডার জেরে হামলা ও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ নভেম্বর) বেলা ১১টার দিকে আমতলী এলাকায় সরকারি তিতুমীর কলেজের কাছের রেস্তোরাঁটিতে এ ঘটনা ঘটে। হামলাকারীরা তিতুমীর কলেজের শিক্ষার্থী বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় রেস্তোরাঁকর্মী ও হামলাকারী পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
দেশীয় নানা পদের খাবারের জন্য পরিচিত দূরবীন বাংলা রেস্তোরাঁয় প্রতিদিন সকাল থেকেই ভিড় করেন খাবারপ্রেমীরা। সেখানে খাবার খেতে বসার জায়গা পেতে অপেক্ষা করতে হয় সিরিয়ালে। আর এই সিরিয়ালেই তৈরি হয় বিরোধের সূত্রপাত।
রেস্তোরাঁর মালিক সাফিন বেগের ভাষ্য অনুযায়ী, শুক্রবার সকালে এক তরুণ রেস্তোরাঁয় এসে একটি খালি চেয়ারে বসে পড়েন। কিন্তু ওই জায়গার জন্য আগে থেকেই একটি পরিবার অপেক্ষমাণ ছিল। এ নিয়ে তরুণের সঙ্গে ওই পরিবারের সদস্যদের বাগ্বিতণ্ডা হয়। পরিস্থিতি সামাল দিতে রেস্তোরাঁর এক কর্মী এগিয়ে এসে তাঁকে অন্য জায়গায় বসার ব্যবস্থা করে দেওয়ার প্রস্তাব দেন। তবে এতে ক্ষুব্ধ হয়ে তরুণ রেস্তোরাঁ থেকে বেরিয়ে যান।
রেস্তোরাঁর মালিক জানান, কিছুক্ষণ পর ওই তরুণ কয়েকজনকে সঙ্গে নিয়ে ফিরে আসেন। প্রথমে রেস্তোরাঁর বাইরে কর্মী খলিলকে মারধর করা হয়। এরপর রেস্তোরাঁর ভেতরে ঢুকে শুরু হয় ব্যাপক ভাঙচুর।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতেও দেখা যায়, একদল যুবক হঠাৎ রেস্তোরাঁর ভেতরে প্রবেশ করে চেয়ার, টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করছেন।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন জানান, খাবারের সিরিয়াল নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে রেস্তোরাঁ কর্তৃপক্ষের প্রথমে ঝগড়া ও পরে মারামারি হয়। একপর্যায়ে শিক্ষার্থীরা আরও কয়েকজন সহপাঠীকে ডেকে এনে রেস্তোরাঁয় ভাঙচুর চালান।
পুলিশ জানায়, সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। তাঁদের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার পর রেস্তোরাঁটি বন্ধ রাখা হয়।
খবর পেয়ে দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার রুহুল কবীর খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। তিনি জানান, ঘটনার ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
একই সঙ্গে রেস্তোরাঁর মালিককে দ্রুত প্রতিষ্ঠানটি খুলে দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। রেস্তোরাঁ চালু হলে সেখানে পুলিশের নিরাপত্তা দেওয়ার আশ্বাসও দিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।
























