ঢাকা   শুক্রবার ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

ডিভিডেন্ড না দেওয়ায় ১০ কোম্পানির পর্ষদকে ২৯ কোটি টাকার বেশি জরিমানা বিএসইসির

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৫:১৯, ১৩ নভেম্বর ২০২৬

সর্বশেষ

ডিভিডেন্ড না দেওয়ায় ১০ কোম্পানির পর্ষদকে ২৯ কোটি টাকার বেশি জরিমানা বিএসইসির

বিনিয়োগকারীদের ঘোষিত ডিভিডেন্ড নির্ধারিত সময়ে পরিশোধ না করা এবং সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে শেয়ারবাজারে তালিকাভুক্ত ১০টি কোম্পানির পরিচালনা পর্ষদ ও শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এসব কোম্পানির সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্মিলিতভাবে ২৯ কোটি টাকার বেশি জরিমানা করা হয়েছে। এর মধ্যে এককভাবে সর্বোচ্চ ১৪ কোটি ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে লুব-রেফের সংশ্লিষ্ট পরিচালকদের।

বিএসইসি সূত্রে জানা গেছে, সম্প্রতি এ বিষয়ে পৃথক আদেশ জারি করেছে কমিশন। আদেশে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে জরিমানার অর্থ পরিশোধ করতে হবে। অন্যথায় প্রতিদিনের জন্য প্রত্যেক দায়ী ব্যক্তিকে অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা দিতে হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযুক্ত কোম্পানিগুলো শুধু বিনিয়োগকারীদের ডিভিডেন্ড পরিশোধেই গড়িমসি করেনি, বরং নিয়ম অনুযায়ী বাধ্যতামূলক প্রতিবেদনও কমিশনে জমা দেয়নি। এ বিষয়ে বিএসইসি ব্যাখ্যা চেয়ে চিঠি পাঠালেও কয়েকটি কোম্পানি কোনো জবাব দেয়নি।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম জানিয়েছেন, শেয়ারহোল্ডারদের প্রাপ্য ডিভিডেন্ড নির্ধারিত সময়ে পরিশোধ না করার কারণেই সংশ্লিষ্ট কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদের বিরুদ্ধে এ আর্থিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ব্যক্তিগত দায়বদ্ধতার ভিত্তিতে ১০টি কোম্পানির অন্তত ৫০ জন পর্ষদ সদস্য ও শীর্ষ কর্মকর্তা এ শাস্তির আওতায় এসেছেন।

নথিপত্র পর্যালোচনায় দেখা যায়, ২০২২ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরে অধিকাংশ কোম্পানি মুনাফা করলেও সিকিউরিটিজ আইন অনুযায়ী বিনিয়োগকারীদের ঘোষিত ক্যাশ ডিভিডেন্ড পরিশোধ করেনি।

বিএসইসির বিধান অনুযায়ী, ক্যাশ ডিভিডেন্ড ঘোষণার ১০ দিনের মধ্যে সমপরিমাণ অর্থ পৃথক ব্যাংক হিসাবে জমা রাখতে হয়। পাশাপাশি বার্ষিক সাধারণ সভায় (এজিএম) অনুমোদনের ৩০ দিনের মধ্যে বিনিয়োগকারীদের ডিভিডেন্ড পরিশোধ করতে হয়। এসব বিধান লঙ্ঘন করায় কোম্পানিগুলোর সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে কমিশন।

জরিমানার তালিকায় সবার ওপরে রয়েছে লুব-রেফ। কোম্পানিটির চেয়ারম্যান রুবিয়া নাহার, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইউসুফ এবং পরিচালক মো. সালাউদ্দিন ইউসুফ, ড. ইসরাত জাহান, আহমেদ হোসেন ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মো. ইমরান আজাদের প্রত্যেককে ২ কোটি ৩৫ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। ছয়জনের মোট জরিমানা দাঁড়িয়েছে ১৪ কোটি ১০ লাখ টাকা।

দ্বিতীয় অবস্থানে রয়েছে অ্যাসোসিয়েটেড অক্সিজেন। কোম্পানিটির চেয়ারম্যান নিজাম উদ্দিন চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক ইসমত জাহান এবং পরিচালক ফাহিম চৌধুরী ও আজমাইন মাহতাব চৌধুরীর প্রত্যেককে প্রায় ২ কোটি টাকা করে জরিমানা করা হয়েছে।

এ ছাড়া বিডি পেইন্টসের চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস মীম, ব্যবস্থাপনা পরিচালক মো. বেলাল খান এবং পরিচালক মো. মারুফুল ইসলাম তারুণের প্রত্যেককে ৯৭ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

ওরিজা অ্যাগ্রোর চেয়ারম্যান মালিহা খালেদ, ব্যবস্থাপনা পরিচালক মো. সোহেদুল ইসলাম এবং পরিচালক এম আজহার রহমান ও নিবরাস উল্লাহ সিদ্দিকীর প্রত্যেককে ৪৭ লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

অন্যদিকে কৃষিবিদ সিডের চেয়ারম্যান ড. আলী আফজাল, ব্যবস্থাপনা পরিচালক শরীফ মোহাম্মদ তসলিম রেজা এবং পরিচালক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম সরকার, অধ্যাপক ড. আবদুল হামিদ, ড. মো. শাহজাহান, মো. ইব্রাহিম খলিল ও তাসলিমা ইয়াসমিনকে জনপ্রতি ১০ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

বাকি পাঁচটি কোম্পানির পরিচালনা পর্ষদ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সর্বোচ্চ ২০ লাখ থেকে সর্বনিম্ন ১ লাখ টাকা পর্যন্ত জরিমানা করা হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে সাফকো স্পিনিং মিলস, মামুন অ্যাগ্রো প্রোডাক্টস, প্যাসিফিক ডেনিমস, অ্যাডভেন্ট ফার্মা ও জেনেক্স ইনফোসিস।

সাফকো স্পিনিং মিলসের চেয়ারম্যান সৈয়দ এ কে এম সালিম, ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ এ বি এম হুমায়ুন ও পরিচালক সৈয়দ সাকেব আহমেদ জরিমানার আওতায় এসেছেন।

মামুন অ্যাগ্রো প্রোডাক্টসের চেয়ারম্যান নাসরিন জাহান মামুন, ব্যবস্থাপনা পরিচালক মো. মামুনুর রশিদ এবং পরিচালক তাসনিম তামান্না ও তাবাসসুম জান্নাত নোভাকেও জরিমানা করা হয়েছে।

এ ছাড়া প্যাসিফিক ডেনিমসের চেয়ারম্যান মো. শাদেকুর আলম ইয়াসিন, ব্যবস্থাপনা পরিচালক মো. শফিউল আজম (মহসিন) এবং পরিচালক মো. সোহেল খান ও এম এ কামাল ভূঁইয়া শাস্তির আওতায় রয়েছেন।

অ্যাডভেন্ট ফার্মার চেয়ারম্যান আসিফ ইকবাল চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক ফারিয়া বিনতে আলম এবং পরিচালক ওয়াজহি আহমেদ, কাজী রিনা আলম, মো. তাজুল ইসলাম, মোহাম্মদ তৌহিদুল ইসলাম ও খন্দকার সাগীর আহমেদকেও জরিমানা করা হয়েছে।

অন্যদিকে জেনেক্স ইনফোসিসের তৎকালীন চেয়ারম্যান মোহাম্মদ আদনান ইমাম, ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক শাহ জালাল উদ্দিন, পরিচালক চৌধুরী ফজলে ইমাম, প্রিন্স মজুমদার, ওরাকল সার্ভিসেস পিএলসি ও নিলুফার ইমাম, কোম্পানি সচিব রিয়াজ উদ্দিন ভূঁইয়া এবং প্রধান আর্থিক কর্মকর্তা মো. মোস্তাক আহমেদকে শাস্তির আওতায় এনেছে বিএসইসি।

সর্বশেষ