ঢাকা   সোমবার ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রাহায়ণ ১৪৩৩

‘এক মিনিটও প্রধানমন্ত্রী থাকতে পারেন না’, নেতানিয়াহুকে আইজেনকটের হুঁশিয়ারি

বিশেষ প্রতিবেদন

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৯:৪৩, ১৬ নভেম্বর ২০২৬

সর্বশেষ

‘এক মিনিটও প্রধানমন্ত্রী থাকতে পারেন না’, নেতানিয়াহুকে আইজেনকটের হুঁশিয়ারি

ইসরায়েলের সদ্য অনুষ্ঠিত নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে সরব হয়েছেন দেশটির বিরোধী জোটের নেতা গাদি আইজেনকট। নেতানিয়াহুর কার্যালয়ের বিরুদ্ধে নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগ ওঠার পর আইজেনকট বলেছেন, নেতানিয়াহু আর এক মিনিটের জন্যও সরকারের শীর্ষ পদে থাকতে পারেন না।

গত রোববার (১৫ নভেম্বর) প্রতিদ্বন্দ্বী নেতানিয়াহুকে আক্রমণ করে এ মন্তব্য করেন আইজেনকট। তবে এর কয়েক ঘণ্টা আগেই দুই নেতার প্রতিনিধিরা জাতীয় ঐক্যের সরকার গঠনের সম্ভাবনা নিয়ে আলোচনায় বসেছিলেন। ফলে ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

গত ২৭ অক্টোবর ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। পরে দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ নতুন সরকার গঠনের দায়িত্ব দেন আইজেনকটকে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আইজেনকট বলেন, বিদায়ী প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তাঁর ঘনিষ্ঠ মহলের কর্মকাণ্ড ইসরায়েলের গণতন্ত্রের জন্য বাস্তব, প্রত্যক্ষ ও তাৎক্ষণিক হুমকি তৈরি করেছে।

নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ

ইসরায়েলের সম্প্রচারমাধ্যম চ্যানেল ১২-এর এক প্রতিবেদনে বলা হয়, গত ২৭ অক্টোবরের নির্বাচনের আগের রাতে নেতানিয়াহুর চিফ অব স্টাফ আইদো নর্ডেন আরবদের দল ইউনাইটেড আরব লিস্টের (রাআম) কয়েকজন সদস্যের বিরুদ্ধে পুলিশ কমিশনারের দপ্তরে অভিযোগ করেন।

প্রতিবেদন অনুযায়ী, নর্ডেন পুলিশ কর্মকর্তাদের এমন এক ব্যক্তির কাছে পাঠান, যিনি গোয়েন্দা তথ্যের উৎস বলে দাবি করেছিলেন। ওই ব্যক্তি আগে নেতানিয়াহুর কার্যালয়ে কাজ করতেন।

চ্যানেল ১২ জানায়, ওই ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে প্রায় ১৪ জন পুলিশ কর্মকর্তা কোনো পরোয়ানা ছাড়াই রাআম দলের তিন সদস্যের বাড়িতে অভিযান চালান। ভোটারদের অর্থের বিনিময়ে ভোট দিতে উৎসাহিত করার সন্দেহে তাঁদের গ্রেপ্তার করা হয়।

নির্বাচনের দিন নেতানিয়াহু দেশজুড়ে আরব নেতৃত্বাধীন দলগুলোর বিরুদ্ধে প্রচার চালান। তবে নির্বাচনে আরব নেতৃত্বাধীন দলগুলো রেকর্ড ১৯টি আসনে জয়ী হয়। ভোটের প্রাথমিক ফল প্রকাশের পর নেতানিয়াহুর লিকুদ পার্টি নির্বাচনে কারচুপির অভিযোগ তুললেও এর পক্ষে কোনো প্রমাণ দিতে পারেনি।

পরবর্তী পুলিশি তদন্তেও কথিত গোয়েন্দা সূত্রের দেওয়া তথ্যের কোনো ভিত্তি পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পরে গ্রেপ্তার হওয়া রাআম দলের তিন সদস্যকে ছেড়ে দেওয়া হয়।

আরব আইনপ্রণেতাদের ফোনে আড়ি পাতার চেষ্টা

চ্যানেল ১২-এর প্রতিবেদনে আরও বলা হয়, ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান ডেভিড জিনি নির্বাচনের দিন ফিলিস্তিনি বংশোদ্ভূত পাঁচ নেসেট সদস্যের ফোনে আড়ি পাতার অনুমতি চেয়েছিলেন অ্যাটর্নি জেনারেলের দপ্তরের কাছে। নির্বাচনে হস্তক্ষেপের সন্দেহে তিনি এ অনুরোধ করেছিলেন। তবে তাঁর সেই অনুরোধ প্রত্যাখ্যান করা হয়।

এ ঘটনায় অবিলম্বে তদন্তের দাবি জানিয়েছেন সাবেক সেনাপ্রধান আইজেনকট। তিনি বলেন, প্রকাশিত তথ্যের বিষয়ে পুলিশ ও শিন বেতকে দ্রুত স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে।

অন্যদিকে, নেতানিয়াহুর দল লিকুদ পার্টি আইজেনকটের বক্তব্যকে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ‘আপত্তিকর উসকানি’ বলে অভিহিত করেছে।

এর আগে গত শুক্রবার আইজেনকট অভিযোগ করেছিলেন, ক্ষমতা ধরে রাখতে নির্বাচনের সময় ফিলিস্তিনি বংশোদ্ভূত ইসরায়েলিদের বিরুদ্ধে বর্ণবাদী ও সহিংস প্রচারে উসকানি দিয়েছেন নেতানিয়াহু।

ঐক্যের সরকার নিয়ে আলোচনা, বাড়ছে রাজনৈতিক টানাপোড়েন

নির্বাচনের পর সরকার গঠন নিয়ে ইসরায়েলে রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে। এ অবস্থায় গত শনিবার আবারও আইজেনকটকে জাতীয় ঐক্যের সরকার গঠনের আহ্বান জানান নেতানিয়াহু। তবে আইজেনকট তাঁর এ প্রস্তাবকে ‘ব্লাফ’ বা ধাপ্পাবাজি বলে অভিহিত করেন।

তবে জাতীয় ঐক্যের সরকার গঠনের প্রস্তাব নিয়ে নিজের ইয়াশার পার্টির সঙ্গে লিকুদ পার্টির আলোচনার বিষয়টি নিশ্চিত করেছেন আইজেনকট।

নির্বাচনের পর থেকে সরকার গঠন নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা চললেও নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ নতুন করে দুই নেতার রাজনৈতিক বিরোধকে সামনে নিয়ে এসেছে। এ পরিস্থিতিতে আইজেনকটের সরকার গঠনের উদ্যোগ এবং নেতানিয়াহুর সঙ্গে ঐক্যের সম্ভাবনা কোন দিকে যায়, তা নিয়ে নজর রয়েছে ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনে।

তথ্যসূত্র: আল-জাজিরা, চ্যানেল ১২।

 

সর্বশেষ