সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আবদুল অদুদ
৫৬% কোটার কারণে বিসিএস বঞ্চিত হয়ে ২০১৮ সালের ৩১ জানুয়ারি কোটা সংস্কারের দাবিতে হাইকোর্টে রিটকারীদের নেতা ও কোটা সংস্কারের পক্ষে দৈনিক পত্রিকায় শতাধিক রিপোর্ট করে আলোচিত সাংবাদিক, দ্য নিউ নেশনের এসাইনমেন্ট এডিটর ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোহাম্মদ আবদুল অদুদকে যে কোনো দেশের রাষ্ট্রদূত, পিএসসি’র সদস্য, শিল্পকলা একাডেমির মহাপরিচালক, বাসসের ব্যবস্থাপনা সম্পাদক, প্রধানমন্ত্রীর প্রেস উইং বা সরকারের গুরুত্বপূর্ণ যে কোনো প্রতিষ্ঠানের শীর্ষপদে মূল্যায়ন করার দাবি জানিয়েছেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
এমর্মে সম্প্রতি তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইসমাঈল জবিউল্লাহর সাথে দেখা করে সিভি জমা দেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং সংস্কৃতি মন্ত্রীর দফতরেও সিভি জমা দেন। জানা গেছে, বিভিন্ন সময়ে তাকে রাষ্ট্রীয়ভাবে মূল্যায়ণের দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিচারক, রাজনৈতিক নেতৃবন্দ, আইনজীবী, সাংবাদিক, মানবাধিকারকর্মী ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা। তারা বলছেন, জুলাই আন্দোলনের সূত্রপাত যেখান থেকে, সেই বৈষম্য বিরোধী, কোটা সংস্কার আন্দোলনের অন্যতম রূপকার হিসেবে তিনি মুখ্য ভূমিকা পালন করলেও প্রাপ্তির ক্ষেত্রে অনেকটাই পেছনে পড়ে গেছেন এই গুনী সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব।
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে তাকে নির্বাচন কমিশনার করার জন্য প্রায় ২০টি রাজনৈতিক দল প্রস্তাব করলেও বয়স ১ বছর কম হওয়ায় হতে পারেননি। তবে গণমাধ্যমে প্রশ্ন ওঠেছে, যে দেশে প্রেসিডেন্ট হতে ৩৫ ও প্রধানমন্ত্রী হতে বয়স ২৫ লাগে, সেদেশে নির্বাচন কমিশনার হতে কেম বয়স ৫০ লাগবে? সর্বশেষ তথ্য কমিশন গঠনের পর তার বিষয়ে বিভিন্ন মহলে ক্ষোভ লক্ষ্য করা যাচ্ছে।
তিনি দৈনিক ইনকিলাবে দীর্ঘদিন কর্মরত ছিলেন। জুলাই গণঅভ্যুত্থানের শেষ ৬ দিনে তিনি রেকর্ড ৮৭টি রিপোর্ট করে ব্যাপকভাবে আলোচিত হন। বর্তমানে তিনি দ্য নিউ নেশনে অ্যাসাইনমেন্ট এডিটর হিসেবে কাজ করছেন। তাকে যথাযথ মূল্যায়ন করা হয়নি বলে ক্ষোভও প্রকাশ করেছেন তাদের কেউ কেউ।
তারা জানিয়েছেন, কোটা সংস্কারের পক্ষে শত শত রিপোর্ট করে শিক্ষার্থীদের একটি আন্দোলনকে গণআন্দোলনে রূপদান করে তিনি ছাত্রসমাজের কাছে আলোচিত ও সম্মানিত হন।
খোঁজ নিয়ে জানা গেছে, তার সঙ্গে রিট আবেদনে ছিলেন বাসসের চিফ রিপোর্টার মো. দিদারুল আলম দিদার ও ঢাবির সাবেক ছাত্র আনিসুর রহমান মীর। তবে তিনি ছিলেন সংগঠক। রিটের আইনজীবী ছিলেন এডভোকেট একলাছ উদ্দিন ভুইয়া।
জানা গেছে, ‘ডাকসুর সাবেক ভিপি ও বর্তমান সরকারের প্রতিমন্ত্রী নুরুল হক নুর, কোটা সংস্কার আন্দোলনের নেতা আম জনতা দলের সদস্য সচিব মো. তারেক রহমান, গণঅধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসান ও গণমাধ্যম সচিব আবু হানিফ ছাড়াও তাকে মূল্যায়ণের দাবি/ সুপারিশ করেছেন একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও বাসসের সাবেক এমডি গাজীউল হাসান খান, নারায়ণগঞ্জ ৩ আসনের এমপি আজহারুল ইসলাম মান্নান, বাংলাদেশ ল ফাউন্ডেশনের চেয়ারম্যান বিচারপতি আলী আজগর খান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি ও বর্তমানে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. গোলাম রব্বানী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক ও সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম, সাবেক জেলা ও দায়রা জজ রফিকুর রহমান পাটোয়ারী, সুপ্রিমকোর্টের আইনজীবী ও হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পরিচালক একলাছ উদ্দিন ভুইয়া, জাতীয় মানবাধিকার সোসাইটির চেয়ারম্যান কবি ও সমাজবিজ্ঞানী অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজীসহ আরও অনেকে।
সুপ্রিমকোর্টের আইনজীবী এডভোকেট একলাছ উদ্দিন ভুইয়া বলেন, ৫৬% কোটার কারণে বিসিএসে বঞ্চিত হয়ে সাংবাদিক আবদুল অদুদ রিট করার উদ্যোগ নিলে আমরা তাকে প্রয়োজনীয় সহযোগিতা করি। ওই সময়ে পরিস্থিতি অনেক কঠিন ছিল। ঢাবির অনেক ছাত্র-তরুণকে তার সঙ্গে রিটের বাদী হতে অনুরোধ করলেও কেউ রাজি হননি। একমাত্র আনিসুর রহমান মীর ছাড়া। আমাদের বন্ধু ব্যারিস্টার সরোয়ার হোসেনের লেখা ছাপার ওপর অলিখিত নিষেধাজ্ঞা জারি করা হয়। সেই সময়ে সাহসী তরুণ আবদুল অদুদ রিটের স্বপক্ষে ও কোটা সংস্কারের পক্ষে শত শত রিপোর্ট প্রকাশ করে আন্দোলনে গণজোয়ার সৃষ্টি করেন। একবার আমার বাসায় কোটা সংস্কার আন্দোলনের নেতা মো. তারেক রহমানের ইন্টারভিউ নেন। বর্তমান সরকারের এলজিআরডি মন্ত্রী ড. আবদুল মঈন খান, সাবেক উপদেষ্টা ড. আসিফ নজরুল, ঢাবি শিক্ষক সৈয়দ মনজুরুল ইসলাম, ড. এএসএম আতীকুর রহমান, বিএনপি নেতা শামসুজ্জামান দুদু, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, শাম্মী আক্তার, প্রতিমন্ত্রী জোনায়েদ সাকী ও কোটা সংস্কার আন্দোলনের সিপাহসালার নুরুল হক নুরসহ তরুণ প্রজন্মের প্রতিনিধিদের সাক্ষাতকারধর্মী কোটাবিরোধী অসংখ্য প্রতিবেদন তৈরি ও প্রকাশ করে তিনি যে সাহসী ভূমিকা রেখেছেন, সেজন্য তাকে মূল্যায়ন করা রাষ্ট্রের দায়িত্ব বলে মনে করি।
অন্যান্যদের মতে, বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনের নীরব স্থপতি মোহাম্মদ আবদুল অদুদ সাংবাদিকতা, আইনি উদ্যোগ এবং বৌদ্ধিক প্রচেষ্টার মাধ্যমে জাতীয় চেতনায় পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার অবদান অসামান্য। এটাকে স্বীকৃতি দেওয়া শুধু কৃতজ্ঞতার প্রকাশ নয়—বরং এটি একটি ন্যায়ভিত্তিক, মেধাভিত্তিক ও প্রগতিশীল সমাজের দায়বদ্ধতা।
তার সম্পর্কে আরও জানা গেছে, একটিতে প্রথম স্থানসহ ঢাবি-রাবি থেকে ভালো ফলাফলসহ ত্রিপল মাস্টার্স করা এবং দুই দশকেরও বেশি সময় ইনকিলাব, নিউ নেশন, আমাদের অর্থনীতি, দেশবাংলা ও আমাদের সময়সহ মূলধারার বিভিন্ন জাতীয় দৈনিকে কাজের অভিজ্ঞতাসম্পন্ন ও 'সোনার মানুষ', 'জীবন গঠনে শিক্ষা'সহ একাধিক মূল্যবান গ্রন্থের রচয়িতা ও জ্যেষ্ঠ সাংবাদিক হিসেবে মোহাম্মদ আবদুল অদুদ কোটা সংস্কারের বিষয়টিকে জাতীয় আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসতে ব্যাপক গণমাধ্যম কার্যক্রম পরিচালনা করেন। রাখেন অসামান্য অবদান।
কথা বলে জানা গেছে, ছাত্র জীবনে সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক বিভিন্ন প্রতিযোগিতায় উপজেলা ও জেলা পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত কৃতি শিল্পী, আবৃত্তিকার, বিতার্কিক, অভিনেতা, কবি ও লেখক মোহাম্মদ আবদুল অদুদ জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য, ডিইউজের সাবেক ইউনিট চীফ, জাতীয় মানবাধিকার সোসাইটির যুগ্ম মহাসচিব, ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের দুইবারের নির্বাচিত নির্বাহী সদস্য, জাতীয় বিতর্ক সংগঠন বিএনডিএসের উপদেষ্টা, কুমিল্লা সাংবাদিক ফোরাম অব ঢাকার সাবেক ১ নম্বর ভাইস প্রেসিডেন্ট, শহীদ জেহাদ স্মৃতি পরিষদের সিনিয়র ভাইস চেয়ারম্যান, বুড়িচং শিল্পকলা একাডেমির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও জাতীয়ভিত্তিক সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন ‘অভিব্যক্তি’র সাধারণ সম্পাদক।
এদিকে কালচারাল ফ্যাসিবাদকে মোকাবিলা ও প্রতিহত করতে মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা ও জুলাই বিপ্লবের অর্জনকে বিকশিত করার অঙ্গীকার ব্যক্ত করে সম্প্রতি ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সংগঠন 'অভিব্যক্তি'র এক জরুরী সভায় সর্বসম্মতিক্রমে সংগঠনের সাধারণ সম্পাদক, কোটা সংস্কার আন্দোলনের রূপকার, সিনিয়র সাংবাদিক, কবি ও লেখক মোহাম্মদ আবদুল অদুদকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসাবে নিয়োগ দেওয়ার জন্য সরকারের কাছে বিশেষ অনুরোধ জানানো হয়। সংগঠনের সভাপতি ও জাতীয় প্রেসক্লাবের সিনিয়র সদস্য নুরুল ইসলাম খোকন এতে সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন প্রায় অর্ধশত সাংবাদিক, শিল্পী, কবি, সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।
























