ঢাকা   রোববার ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রাহায়ণ ১৪৩৩

এআই দিয়ে পরীক্ষায় জালিয়াতি, দায় নিয়ে পদত্যাগ দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রীর

বিশেষ প্রতিবেদন

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৮:৫৬, ২২ নভেম্বর ২০২৬

সর্বশেষ

এআই দিয়ে পরীক্ষায় জালিয়াতি, দায় নিয়ে পদত্যাগ দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রীর

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে পরীক্ষায় জালিয়াতির ঘটনায় তীব্র সমালোচনা ও জনরোষের মুখে পদত্যাগ করেছেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী চোই কিয়ো-জিন। পরীক্ষায় অসদুপায় ঠেকাতে সরকারের নেওয়া নানা পদক্ষেপের পরও জনমনে আস্থা ফেরাতে ব্যর্থ হওয়ায় শেষ পর্যন্ত পদ ছাড়তে হয়েছে তাঁকে। আজ রোববার (২২ নভেম্বর) তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছেন দেশটির প্রেসিডেন্ট লি জে মিয়ং।

ঘটনার সূত্রপাত গত ১৫ নভেম্বর। দেশটির জাতীয় পর্যায়ের কর হিসাবরক্ষক বা ট্যাক্স অ্যাকাউন্ট্যান্ট যোগ্যতা পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়া এক পরীক্ষার্থী ক্ষুদ্র ক্যামেরা ও স্মার্টফোন ব্যবহার করে জালিয়াতির কথা স্বীকার করেন। তাঁর স্বীকারোক্তি অনুযায়ী, পরীক্ষার প্রশ্নের ছবি তুলে এআইয়ের কাছে পাঠিয়ে উত্তর সংগ্রহ করেছিলেন তিনি। এ ঘটনায় তদন্ত শুরু করেছে দেশটির পুলিশ।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর দেশজুড়ে পরীক্ষায় এআই ব্যবহার করে জালিয়াতির আশঙ্কা ছড়িয়ে পড়ে। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য অনুষ্ঠিত দেশটির সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা ‘সুনেউং’ ঘিরে উদ্বেগ বাড়ে। এর মাত্র চার দিন পর, গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) অনুষ্ঠিত হয় এ পরীক্ষা।

দক্ষিণ কোরিয়ায় প্রতিবছর অনুষ্ঠিত নয় ঘণ্টার এই পরীক্ষা শিক্ষার্থীদের ভবিষ্যৎ নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি, উচ্চ বেতনের চাকরি এমনকি সামাজিক অবস্থান ও জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রেও সুনেউং পরীক্ষার ফলকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

এআই ব্যবহার করে নকলের ঘটনা সামনে আসার পর পরীক্ষায় জালিয়াতি ঠেকাতে নজিরবিহীন সতর্কতা নেয় কর্তৃপক্ষ। পরীক্ষাকেন্দ্রের আশপাশে উন্মুক্ত ওয়াই-ফাই সংযোগ বন্ধ করা হয়। পরীক্ষার্থীদের পোশাকের বোতামের ওপর স্টিকার লাগানোসহ স্মার্ট ডিভাইস বন্ধ করে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি চশমা, ঘড়ি ও পোশাকে লুকানো ক্যামেরা আছে কি না, তা তল্লাশি করা হয়।

তবে এসব পদক্ষেপের পরও শিক্ষামন্ত্রী চোই কিয়ো-জিন জনমনে আস্থা ফেরাতে পারেননি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পদত্যাগের ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘পরীক্ষা শেষ হয়েছে। আমি এর সম্পূর্ণ দায়ভার নিচ্ছি এবং পদত্যাগ করছি।’

এর আগে পার্লামেন্টের শুনানিতে পরীক্ষার দিন জালিয়াতি শনাক্তে কর্তৃপক্ষ সক্ষম কি না, এমন প্রশ্নের জবাবে ৭২ বছর বয়সী শিক্ষামন্ত্রী বলেছিলেন, বয়সের কারণে এ বিষয়ে তিনি আত্মবিশ্বাসী নন। তাঁর এমন মন্তব্যও জনমনে ক্ষোভ তৈরি করে।

এদিকে, গত বৃহস্পতিবারের সুনেউং পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস-সংশ্লিষ্ট অসদাচরণের ১১১টি ঘটনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। এর প্রায় অর্ধেকই ধরা পড়ে সরকারের পাঠানো জরুরি সতর্কবার্তার মাধ্যমে।

এআইনির্ভর প্রযুক্তির অপব্যবহার কীভাবে জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ পরীক্ষার স্বচ্ছতা ও শিক্ষাব্যবস্থার ওপর আস্থাকে প্রশ্নের মুখে ফেলতে পারে, দক্ষিণ কোরিয়ার এই ঘটনা তারই বড় উদাহরণ হয়ে উঠেছে।

সর্বশেষ