ঢাকা   শনিবার ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

ম্যাকরিব স্যান্ডউইচ নিয়ে প্রতারণার মামলা, ম্যাকডোনাল্ডসের আবেদন নাকচ আদালতের

বিশেষ প্রতিবেদন

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১২:০৬, ৩১ অক্টোবর ২০২৬

সর্বশেষ

ম্যাকরিব স্যান্ডউইচ নিয়ে প্রতারণার মামলা, ম্যাকডোনাল্ডসের আবেদন নাকচ আদালতের

ম্যাকডোনাল্ডসের জনপ্রিয় ‘ম্যাকরিব’ স্যান্ডউইচে ব্যবহৃত মাংসের উপাদান নিয়ে ভোক্তাদের সঙ্গে প্রতারণার অভিযোগে দায়ের করা মামলা চলবে। মামলাটি বাতিল চেয়ে করা ম্যাকডোনাল্ডসের আবেদন নাকচ করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত। গত শুক্রবার (৩০ অক্টোবর) শিকাগোর মার্কিন জেলা আদালতের বিচারক এপ্রিল পেরি এ আদেশ দেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বাদীদের অভিযোগ, ম্যাকডোনাল্ডস ইচ্ছাকৃতভাবে ম্যাকরিব স্যান্ডউইচের প্যাটিগুলোকে শূকরের পাঁজরের মাংসের মতো আকৃতি দেয়। এতে ক্রেতাদের মনে হয়, স্যান্ডউইচটিতে দামি ও সুস্বাদু পাঁজরের মাংস ব্যবহার করা হয়েছে। অথচ অভিযোগ অনুযায়ী, এতে পাঁজরের মাংসের পরিবর্তে শূকরের কাঁধের অংশসহ তুলনামূলক কম দামি বিভিন্ন উপাদান ব্যবহার করা হয়। এমনকি হৃৎপিণ্ড ও ভুঁড়ির মতো অঙ্গ ব্যবহারের অভিযোগও তুলেছেন বাদীরা।

ম্যাকডোনাল্ডসের পক্ষ থেকে মামলাটি বাতিলের আবেদন জানিয়ে বলা হয়েছিল, মাত্র ৭ ডলারের একটি স্যান্ডউইচে ক্রেতারা আসল পাঁজরের মাংস আশা করতে পারেন না। তবে আদালত এ যুক্তি গ্রহণ করেননি।

বিচারক এপ্রিল পেরি বলেন, স্যান্ডউইচ কেনার আগে ক্রেতাদের পণ্যের উপাদান সম্পর্কে আলাদা করে গবেষণা করার প্রয়োজন নেই। তাঁর পর্যবেক্ষণ, পাঁজরের মাংসের মতো আকৃতি ব্যবহার করে পণ্যটির বিজ্ঞাপন দেওয়ার বিষয়টি প্রতারণার অভিযোগকে আরও জোরালো করেছে।

অন্যদিকে, অভিযোগ অস্বীকার করে ম্যাকডোনাল্ডস এক বিবৃতিতে জানিয়েছে, তাদের ম্যাকরিব স্যান্ডউইচে হৃৎপিণ্ড বা ভুঁড়ি ব্যবহার করা হয় না। পণ্যের উপাদান সম্পর্কে প্রতিষ্ঠানটি সব সময় স্বচ্ছতা বজায় রাখে। মামলাটিকে ভিত্তিহীন ও তথ্য বিকৃতির উদাহরণ বলেও দাবি করেছে তারা।

তবে বাদীপক্ষের আইনজীবীরা জানিয়েছেন, ম্যাকডোনাল্ডসের বিরুদ্ধে প্রতারণামূলক বিপণনের অভিযোগে তাঁরা আইনি লড়াই চালিয়ে যাবেন।

উল্লেখ্য, বিজ্ঞাপনে দেখানো পণ্যের সঙ্গে বাস্তব পণ্যের আকৃতি, উপাদান ও পরিবেশনার পার্থক্য নিয়ে এর আগেও ম্যাকডোনাল্ডস, বার্গার কিং এবং ওয়েন্ডিসের মতো বড় ফাস্ট-ফুড ব্র্যান্ডের বিরুদ্ধে বিভিন্ন আইনি অভিযোগ উঠেছে।

সর্বশেষ