ঢালিউডের নব্বইয়ের দশকের জনপ্রিয় তারকা দম্পতি মৌসুমী ও ওমর সানী। অভিনয়জীবনের ব্যস্ততার পাশাপাশি দুই সন্তানকে বড় করে তোলার বিষয়েও বরাবরই সচেতন তাঁরা। তবে সন্তানদের ওপর নিজেদের পছন্দ চাপিয়ে না দিয়ে তাঁদের আগ্রহ ও সিদ্ধান্তকে গুরুত্ব দিয়েছেন এই দম্পতি। বর্তমানে তাঁদের দুই সন্তানই দেশের বাইরে থেকে নিজেদের পছন্দের ক্ষেত্রে ভবিষ্যৎ গড়ছেন।
গত ২৯ অক্টোবর ছিল এই দম্পতির মেয়ে ফাইজা আবিহা মৌসুমীর জন্মদিন। বিশেষ দিনে যুক্তরাষ্ট্রে থাকা মেয়েকে নিয়ে ভালোবাসা ও দোয়ার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন মা মৌসুমী। অন্যদিকে বাংলাদেশে থেকে ভিডিও কলে মেয়ের সঙ্গে কথা বলে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাবা ওমর সানী।
মেয়ের জন্মদিনে ফেসবুকে দেওয়া এক পোস্টে মৌসুমী লিখেছেন, ‘শুভ জন্মদিন, আমার রাজকন্যা! আমার চঞ্চল হরিণী, নয়নের মণি। হাঁটি হাঁটি পা করে কবে যে এত বড় হয়ে গেলে, সত্যি খুব অবাক লাগে! এই তো সেদিনের কথা, আমার কোলজুড়ে ছোট্ট একটা পুতুলের মতো দেখতে মিষ্টি একটা মেয়েকে দেখে অবাক হয়ে তাকিয়ে ছিলাম। আল্লাহ–তায়ালার কাছে শুকরিয়া, তিনি আমাদের ঘর আলো করেছেন। আল্লাহ যেন তোমাকে নেক হায়াত দান করেন এবং দুনিয়া ও আখিরাতে সুখী করেন। আমিন।’
মেয়ের প্রতি ভালোবাসা প্রকাশ করে মৌসুমী আরও লিখেছেন, ‘তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার, আমার হাসি, আমার গর্ব, আমার পৃথিবী। আল্লাহ যেন তোমার জীবন সুখ, শান্তি, ভালোবাসা আর সাফল্যে ভরিয়ে দেন। তোমার প্রতিটি স্বপ্ন পূরণ হোক, তোমার মুখের হাসি যেন কখনো ম্লান না হয়। সব সময় ভালো থেকো, সুস্থ থেকো, আর জীবনে অনেক বড় হও।’
মা হিসেবে মেয়েকে নিয়ে নিজের চাওয়ার কথাও তুলে ধরেছেন মৌসুমী। তাঁর ভাষায়, মেয়ের জীবনের প্রতিটি দিন যেন আনন্দে ভরে থাকে। পৃথিবীর সব ভালোবাসা দিয়ে মেয়েকে আগলে রাখতে চান তিনি। ফাইজার প্রতি মায়ের ভালোবাসা ও দোয়া সব সময় থাকবে বলেও জানিয়েছেন এই অভিনেত্রী।
মেয়ের জন্মদিনে শুভেচ্ছা জানাতে ভোলেননি ওমর সানীও। ভিডিও কলে ফাইজার সঙ্গে কথা বলার মুহূর্তের একটি ভিডিও ফেসবুকে পোস্ট করেন তিনি। একাধিক পোস্টে মেয়ের প্রতি ভালোবাসা প্রকাশ করে অভিনেতা লিখেছেন, ‘আমার মা, আমার চোখের মণি ফাইজা। শুভ জন্মদিন, দোয়া ও শুভকামনা।’
মৌসুমী ও ওমর সানীর দুই সন্তানের মধ্যে ফাইজা ছোট। বাংলাদেশে ও লেভেল ও এ লেভেল শেষ করে বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে কসমেটোলজি বিষয়ে পড়াশোনা করছেন তিনি। এই বিষয়কে ঘিরেই নিজের ভবিষ্যৎ গড়তে চান ফাইজা।
অন্যদিকে দম্পতির বড় ছেলে ফারদীন এহসান স্বাধীন পড়াশোনা শেষ করে সংযুক্ত আরব আমিরাতের একটি আবাসন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন। শুরুর দিকে পড়াশোনার পাশাপাশি নির্মাণ ও প্রযোজনার কাজেও যুক্ত ছিলেন তিনি। তবে দীর্ঘদিন ধরে ওই ব্যবসার সঙ্গে নেই ফারদীন। বর্তমানে রিয়েল এস্টেট খাতেই নিজের কর্মজীবন এগিয়ে নিচ্ছেন।
সন্তানদের পেশা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ওমর সানী বলেন, ‘মৌসুমী ও আমি দুজনেই কোনো কিছু ওদের ওপর চাপিয়ে দিইনি। দুজনের এ লেভেল পর্যন্ত পড়াশোনা নিয়ে আমরা সিরিয়াস ছিলাম। এরপর দুজনে নিজেদের পছন্দমতো ফিল্ডে কাজ করতে চেয়েছে। পছন্দসই বিষয়ে পড়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। বাবা–মা হিসেবে আমরা দুজনে সন্তানদের ব্যাপারে রিজিট মনোভাব রাখিনি।’
ছেলের বর্তমান অবস্থার কথা জানিয়ে তিনি বলেন, ‘ফারদীন এখন পড়াশোনা শেষ করে দুবাইয়ে খুব ভালো আছে। রিয়েল এস্টেট কোম্পানির সঙ্গে আছে। অন্যদিকে আমাদের মেয়ে ফাইজা, কসমেটোলজি নিয়ে পড়ছে, এটা নিয়ে তার আগামী জীবন সাজাতে চায়।’
সন্তানদের প্রতি নিজেদের সমর্থনের কথা জানিয়ে ওমর সানী আরও বলেন, ‘বাবা–মা হিসেবে আমাদের দুজনের সমর্থন ওদের প্রতি আছে। আমাদের একটা কথা ওদের প্রতি, তোমরা তোমাদের মতো করে বেড়ে ওঠো। প্রতিষ্ঠিত হও। তোমাদের জীবন যেন মানুষের উপকারে আসে, এটাই শুধু চাওয়া।’
























