ফুল যে রঙেরই হোক, সৌন্দর্যে মুগ্ধ হন না—এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। তবে ক্রেতাদের আকৃষ্ট করতে ইদানীং তাজা ফুলে কৃত্রিম রং স্প্রে করার প্রবণতা বাড়ছে। যেসব রঙের ফুল সচরাচর দেখা যায় না, সেসব রঙে ফুলকে সাজিয়ে তোলা হচ্ছে কৃত্রিম রঙের সাহায্যে। এতে ফুল দেখতে আকর্ষণীয় হলেও এর ব্যবহার মানুষের স্বাস্থ্যের জন্য কতটা নিরাপদ, তা নিয়ে প্রশ্ন উঠছে।
রাজধানীর আগারগাঁওয়ের ‘ইত্যাদি পুষ্প কেন্দ্র’-এর বিক্রেতা মো. নাঈমের ভাষ্য অনুযায়ী, ফুলে কৃত্রিম রং ব্যবহারের পেছনে কয়েকটি কারণ রয়েছে।
কেন ফুলে কৃত্রিম রং ব্যবহার করা হয়?
১. সৌন্দর্য ও আকর্ষণ বাড়াতে
ক্রেতাদের নজর কাড়তেই মূলত ফুলে রং স্প্রে করা হয়। কৃত্রিম হালকা বা উজ্জ্বল রঙের প্রলেপে সাদা কিংবা হালকা রঙের ফুল মুহূর্তেই বর্ণিল ও চকচকে হয়ে ওঠে।
২. ফুলে বৈচিত্র্য আনতে
বিশেষ কোনো অনুষ্ঠান বা ফুলের তোড়ার জন্য অনেক সময় নির্দিষ্ট রঙের ফুলের প্রয়োজন হয়। কিন্তু প্রাকৃতিকভাবে সেই রঙের ফুল সব মৌসুমে পর্যাপ্ত পাওয়া যায় না। তখন ক্রেতাদের চাহিদা পূরণে ফুলে পছন্দমতো রং স্প্রে করা হয়।
৩. পুরোনো ফুল নতুন দেখাতে
পাপড়ি নেতিয়ে পড়া কিংবা কিছুটা পুরোনো ফুলকে সতেজ দেখাতেও কৃত্রিম রঙের ব্যবহার করা হয়। এতে ফুলের প্রকৃত অবস্থা আড়াল করে সহজে বিক্রি করা সম্ভব হয় বলে অভিযোগ রয়েছে।
৪. পদ্মফুলসহ কিছু ফুলে বেশি ব্যবহার
বিক্রেতা নাঈমের দাবি, পদ্মফুলের পাপড়ি দ্রুত নেতিয়ে পড়ে। এ কারণে ফুলে রং স্প্রে করা হয়, যাতে পাপড়িগুলো কিছুটা বেশি সময় টান টান থাকে। তাঁর ভাষ্য অনুযায়ী, পদ্মফুলে রঙের ব্যবহার তুলনামূলক বেশি। এ ছাড়া সাদা গোলাপ, চন্দ্রমল্লিকা ও লিলিয়ামেও কৃত্রিম রঙের আস্তরণ দেখা যায়।
৫. আমদানি করা ফুলেও কৃত্রিম রং
ম্যাগনিফিশেন্ট টাচ ইভেন্ট অ্যান্ড ফ্লাওয়ার শপের স্বত্বাধিকারী মো. শরিফ ইসলাম জানান, চীন থেকে আমদানি করা চায়না মাম ও গোলাপের কিছু প্রজাতির ফুলে আগে থেকেই কৃত্রিম রং স্প্রে করা থাকে। তাঁর দাবি, এসব ফুলের স্থায়িত্ব বাড়াতে ফরমালিনও ব্যবহার করা হয়।
নিজের দোকানে কৃত্রিম রং করা লিলিয়াম ফুল দেখিয়ে তিনি জানান, প্রাকৃতিকভাবে বিভিন্ন রঙের লিলিয়ামেও রঙের উজ্জ্বলতা বাড়াতে কৃত্রিম রঙের আস্তরণ দেওয়া হচ্ছে।
দোকানে রয়েছে চীন থেকে আমদানি করা কালো গোলাপও। সচরাচর এমন ফুল দেখা যায় না বলে এর দামও বেশি। প্রতিটি কালো গোলাপের দাম ৮০০ টাকা। আর চারটি গোলাপ দিয়ে তৈরি একটি তোড়ার দাম চাওয়া হচ্ছে সাড়ে ৩ হাজার টাকা।
ফুলে কৃত্রিম রং কি স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ?
মিরপুর বোটানিক্যাল গার্ডেনের অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ উদ্ভিদবিজ্ঞানী মো. শামসুল হকের মতে, কৃত্রিম রাসায়নিক বা রং স্প্রে করা ফুল দেখতে আকর্ষণীয় হলেও এর সম্ভাব্য ক্ষতিকর দিক সম্পর্কে সতর্ক থাকা জরুরি।
তাঁর মতে, এ ধরনের স্প্রেতে সিনথেটিক রং, দ্রাবক ও প্রোপেল্যান্টের মতো রাসায়নিক উপাদান থাকতে পারে। এসব উপাদান ত্বকের সংস্পর্শে এলে অ্যালার্জি হতে পারে। আবার স্প্রের রাসায়নিক গন্ধ শ্বাসের সঙ্গে শরীরে প্রবেশ করলে শ্বাসকষ্ট বা মাথাব্যথার মতো সমস্যা দেখা দিতে পারে।
ফুল কেনা ও ধরার সময় যেসব বিষয়ে সতর্ক থাকবেন
১. রং ও গন্ধ পরীক্ষা করুন: কৃত্রিম রং করা ফুলের পাপড়িতে অনেক সময় অসমান রঙের স্তর, স্প্রে করা রঙের ফোঁটা কিংবা রাসায়নিক গন্ধ পাওয়া যায়। কেনার আগে ফুলের পাপড়ির গঠন ও গন্ধ খেয়াল করুন।
২. ফুল নাকের কাছে নেওয়া এড়িয়ে চলুন: উপহার হিসেবে কৃত্রিম রং করা ফুল পেলে সেটি সরাসরি নাকের কাছে নিয়ে ঘ্রাণ নেওয়া থেকে বিরত থাকুন।
৩. ফুল ধরার পর হাত ধুয়ে নিন: রং করা ফুল স্পর্শ করার পর সাবান দিয়ে ভালোভাবে হাত ধুয়ে ফেলুন। বিশেষ করে হাত না ধুয়ে চোখ, নাক বা মুখ স্পর্শ করবেন না।
শুধু কৃত্রিম রং করা ফুল নয়, স্বাভাবিক ফুলের ক্ষেত্রেও সতর্ক থাকা প্রয়োজন। ফুলের পাপড়ির ভাঁজে ছোট পোকামাকড় বা অন্যান্য অনাকাঙ্ক্ষিত উপাদান থাকতে পারে। তাই ফুলের ঘ্রাণ নেওয়া বা ধরার ক্ষেত্রে সচেতন থাকাই ভালো।
























