চীনে দুর্নীতিবিরোধী কঠোর অভিযানে হাসপাতাল ও চিকিৎসকদের সঙ্গে সরাসরি যোগাযোগ কঠিন হয়ে পড়েছে ওষুধ কোম্পানিগুলোর। ফলে ওষুধের প্রচার ও বিক্রির প্রচলিত কৌশল বদলে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইনির্ভর অ্যাপের দিকে ঝুঁকছে প্রতিষ্ঠানগুলো। চিকিৎসকদের গবেষণা, চিকিৎসাবিষয়ক তথ্য অনুসন্ধান ও বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগের পাশাপাশি এসব অ্যাপকে ওষুধের প্রচারের নতুন মাধ্যম হিসেবে গড়ে তোলার উদ্যোগ চলছে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, চীনে চিকিৎসকদের জন্য বিশেষভাবে তৈরি একাধিক এআই অ্যাপ চলতি বছর বাজারে এসেছে। আলিবাবা হেলথ ও জেডি হেলথের মতো অনলাইন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এসব অ্যাপ তৈরি করেছে। চিকিৎসকদের প্রয়োজনীয় তথ্য সরবরাহের পাশাপাশি ওষুধ কোম্পানিগুলোর জন্যও তৈরি হচ্ছে বাণিজ্যিক প্রচারের সুযোগ।
আলিবাবা হেলথের প্রধান প্রযুক্তি কর্মকর্তা ওয়াং শিয়াংঝি রয়টার্সকে জানিয়েছেন, তাঁদের ‘হাইড্রিয়ন’ নামের এআই অ্যাপে চিকিৎসকদের প্রশ্নের উত্তরের পাশাপাশি সংশ্লিষ্ট ওষুধের পক্ষে থাকা গবেষণা ও ক্লিনিক্যাল তথ্য তুলে ধরার ব্যবসায়িক মডেল বিবেচনা করা হচ্ছে। অর্থাৎ চিকিৎসকের কোনো প্রশ্নের প্রাসঙ্গিক উত্তরের সঙ্গে ওষুধ কোম্পানির প্রচারিত গবেষণাও দেখানো সম্ভব হবে।
তবে এখনো হাইড্রিয়ন অ্যাপে ওষুধ কোম্পানিগুলোর সঙ্গে এ ধরনের বাণিজ্যিক সহযোগিতা শুরু হয়নি। ওয়াংয়ের দাবি, দেশি-বিদেশি অনেক ওষুধ কোম্পানি এ উদ্যোগে আগ্রহ দেখিয়েছে।
চিকিৎসকদের মধ্যে বাড়ছে এআইয়ের ব্যবহার
চীনের চিকিৎসা খাতে এআই প্রযুক্তির ব্যবহার দ্রুত বাড়ছে। আলিবাবা হেলথের এক জরিপে অংশ নেওয়া কয়েক শ চিকিৎসকের ৯৩ শতাংশ জানিয়েছেন, তাঁরা এখন এআই টুল ব্যবহার করেন। এক বছর আগে এ হার ছিল প্রায় ৭০ শতাংশ।
এদিকে জেডি হেলথের ‘ঝিই’ নামের এআই সহকারীও চিকিৎসা শিক্ষা ও ওষুধের প্রচারের কাজে যুক্ত হচ্ছে। চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান পিআইসিএ হেলথ তাদের অ্যাপে এই এআই সহকারী যুক্ত করেছে।
গত আগস্টে প্রতিষ্ঠান দুটি জানিয়েছিল, ওষুধ কোম্পানিগুলোকে লক্ষ্যভিত্তিক ডিজিটাল প্রচার এবং চিকিৎসকদের শিক্ষা কার্যক্রমে সহায়তা দেবে তারা।
এ ছাড়া চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান ইডু টেকের ‘ইডু এভিডেন্স’ অ্যাপেও ওষুধের প্রচারের সুযোগ নিয়ে কোম্পানিগুলোর সঙ্গে আলোচনা হয়েছে। প্রতিষ্ঠানটির এক নির্বাহী রয়টার্সকে জানিয়েছেন, ওষুধ কোম্পানিগুলো তাদের পণ্যের পক্ষে গবেষণাভিত্তিক সমর্থন বাড়ানোর পাশাপাশি অ্যাপের সার্চ ফলাফলে ভালো অবস্থান পেতে আগ্রহী। তবে এখনো এ ধরনের সুবিধা চালু করেনি ইডু টেক।
দুর্নীতিবিরোধী অভিযানে বদলাচ্ছে প্রচারের কৌশল
চীনের স্বাস্থ্য খাতে ঘুষ ও দুর্নীতি বন্ধে কয়েক বছর ধরে অভিযান চলছে। চলতি বছরের গ্রীষ্মে এ অভিযান আরও জোরদার করা হয়। একই সঙ্গে চিকিৎসক ও হাসপাতালের কাছে ওষুধের তথ্য তুলে ধরার ক্ষেত্রে কোম্পানির প্রতিনিধিদের জন্য কঠোর নিয়ম জারি করে কর্তৃপক্ষ।
এর সরাসরি প্রভাব পড়েছে ওষুধ কোম্পানিগুলোর বিক্রিতে। চীনের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ঝেজিয়াং শিয়ানজু ফার্মাসিউটিক্যাল গত আগস্টে জানিয়েছে, নতুন বিধিনিষেধ তাদের বিক্রিতে প্রভাব ফেলেছে। অন্য একটি ওষুধ কোম্পানির বিক্রয় বিভাগের কর্মকর্তা হাসপাতাল পরিদর্শনে সীমাবদ্ধতাকে ব্যবসার বড় বাধা হিসেবে উল্লেখ করেছেন।
এ পরিস্থিতিতে বিকল্প হিসেবে ডিজিটাল প্রচারসেবা বাড়াচ্ছে প্রতিষ্ঠানগুলো। চীনের মেডলিভ টেকনোলজি জানিয়েছে, ২০২৬ সালের প্রথম ছয় মাসে তাদের লক্ষ্যভিত্তিক প্রচার ও করপোরেট সলিউশন সেবার আওতায় স্বাস্থ্য খাতের ৫০৯টি গ্রাহক প্রতিষ্ঠানের পণ্য বাজারজাত করা হয়েছে। আগের বছরের একই সময়ের তুলনায় এ সংখ্যা প্রায় ১৪ শতাংশ বেশি।
এআইভিত্তিক চিকিৎসা অনুসন্ধান প্ল্যাটফর্ম নাল হাইপোথিসিসের প্রধান নির্বাহী গুও ফেইয়ের মতে, আগে চিকিৎসকদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে আপ্যায়ন ও উপহার দেওয়ার মতো প্রচলিত পদ্ধতির ওপর নির্ভর করত ওষুধ কোম্পানিগুলো। এখন চিকিৎসকদের গবেষণা ও চিকিৎসাসংক্রান্ত কাজে সহায়তা করে এমন প্রযুক্তির মাধ্যমে তাঁদের কাছে পৌঁছানোর চেষ্টা করছে প্রতিষ্ঠানগুলো।
গুও জানান, চীনের বড় ওষুধ কোম্পানিগুলোর পাশাপাশি কয়েকটি বিদেশি প্রতিষ্ঠানও তাঁদের ‘নোস’ প্ল্যাটফর্ম ব্যবহার করে নির্দিষ্ট রোগভিত্তিক চিকিৎসক-সহায়ক একাডেমিক প্ল্যাটফর্ম তৈরি করেছে। তবে এসব গ্রাহক প্রতিষ্ঠানের নাম প্রকাশ করেননি তিনি।
ডিজিটাল স্বাস্থ্যসেবায় শত শত বিলিয়ন ইউয়ানের বাজার
চীনের ওষুধবাজার যুক্তরাষ্ট্রের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম। গবেষণা প্রতিষ্ঠান ফ্রস্ট অ্যান্ড সুলিভানের পূর্বাভাস অনুযায়ী, দেশটির ডিজিটাল স্বাস্থ্যসেবা খাতে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রচার ব্যয় ২০২৭ থেকে ২০৩০ সাল পর্যন্ত বছরে গড়ে ২৭ দশমিক ৫ শতাংশ হারে বাড়তে পারে।
প্রতিষ্ঠানটির পূর্বাভাস বলছে, ২০৩০ সালের মধ্যে এ বাজারের আকার দাঁড়াতে পারে ২৭৪ দশমিক ৪ বিলিয়ন ইউয়ানে, যা প্রায় ৪১ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলারের সমান। তবে এই হিসাব শুধু চিকিৎসকদের জন্য তৈরি এআই অ্যাপের নয়, বরং চীনের সামগ্রিক ডিজিটাল স্বাস্থ্য বিপণন খাতের।
সব মিলিয়ে দুর্নীতিবিরোধী অভিযানে প্রচলিত বিপণন পদ্ধতি বাধাগ্রস্ত হওয়ায় ওষুধ কোম্পানিগুলো প্রযুক্তিনির্ভর নতুন পথ খুঁজছে। তবে চিকিৎসকদের কাছে এআইয়ের মাধ্যমে ওষুধের প্রচার বাড়ার সঙ্গে সঙ্গে তথ্যের নির্ভরযোগ্যতা, গবেষণার নিরপেক্ষতা এবং বাণিজ্যিক প্রচার ও চিকিৎসাবিষয়ক তথ্যের মধ্যে স্বচ্ছতা বজায় রাখার বিষয়গুলোও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।
























