দেশের বাজারে টানা চার দফায় কমানো হয়েছে সোনার দাম। এতে প্রতি ভরিতে সোনার দাম কমেছে মোট ৯ হাজার ৮৫৬ টাকা। এর মধ্যে আজ শুক্রবার ছুটির দিনেও ভরিতে সর্বোচ্চ ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছে। ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নেমে এসেছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকায়।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকরের ঘোষণা দিয়েছে।
এর আগে গত ৬ ও ১১ নভেম্বর দুই দফায় ভরিতে ২ হাজার ৭৪১ টাকা করে মোট ৫ হাজার ৪৮২ টাকা কমানো হয়। এরপর গতকাল বৃহস্পতিবার আরও ২ হাজার ২১৬ টাকা কমানো হয়। সর্বশেষ আজকের দাম কমানোর ফলে চার দফায় সোনার দাম কমল প্রায় ১০ হাজার টাকা।
নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম কমে দাঁড়িয়েছে ২ লাখ ৯ হাজার ৮৯৪ টাকা। এই ক্যাটাগরিতে ভরিতে কমেছে ২ হাজার ১০০ টাকা।
এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৮০৮ টাকা কমে দাঁড়িয়েছে ১ লাখ ৮০ হাজার ২৬৭ টাকা। আর সনাতন পদ্ধতির সোনার দাম ভরিতে ১ হাজার ৪৫৮ টাকা কমে হয়েছে ১ লাখ ৪৭ হাজার ৩১৬ টাকা।
এর আগে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ছিল ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা। একই সময়ে ২১ ক্যারেটের দাম ছিল ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা।
বাজুসের তথ্য অনুযায়ী, টানা দরপতনের ফলে বর্তমানে ২২ ক্যারেটের সোনার দাম গত ১ অক্টোবরের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। অথচ এর আগে মাত্র চার দিনের ব্যবধানে (২ থেকে ৫ নভেম্বর) সোনার দাম প্রায় ১২ হাজার টাকা বেড়ে ২ লাখ ২৯ হাজার টাকা ছাড়িয়ে গিয়েছিল।
সোনার দাম কমানোর কারণ হিসেবে বাজুস জানিয়েছে, দেশের বাজারে তেজাবি সোনার দাম কমেছে। তবে এর পেছনে বৈশ্বিক বাজারে সোনার দরপতনও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
যদিও দরপতনের পর আন্তর্জাতিক বাজারে সোনার দাম কিছুটা বেড়েছে। আজ দুপুর ১২টার দিকে স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম ২০ ডলার বেড়ে ৩ হাজার ৯০১ ডলারে দাঁড়ায়।
এদিকে সোনার দাম কমলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম আগের মতোই ৩ হাজার ৪৯৯ টাকা।
বাজুস জানিয়েছে, সোনা ও রুপার বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত রয়েছে। তাই অলংকার বিক্রির সময় জুয়েলারি প্রতিষ্ঠানগুলোকে ক্রেতাদের কাছ থেকে আলাদা করে ভ্যাট আদায় করতে পারবে না।
























