সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় বৈদ্যুতিক শর্টসার্কিটের সম্ভাবনাই বেশি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে এটি দুর্ঘটনা, নাকি পরিকল্পিত নাশকতা—তা নিশ্চিত হতে তদন্ত চলছে। তদন্তে নাশকতার প্রমাণ পাওয়া গেলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
এর আগে সংসদে পয়েন্ট অব অর্ডারে বিষয়টি উত্থাপন করেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেন, চারটি পেট্রলবোমা নিক্ষেপ করে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন দেওয়া হয়েছে।
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাড়িটিতে আগুন লেগেছে, নাকি পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে, তা খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এ ঘটনায় বিজিবি, ফায়ার সার্ভিস, স্থানীয় প্রশাসন ও পুলিশ যৌথভাবে তদন্ত করছে।
বিজিবির প্রাথমিক তদন্ত প্রতিবেদনের তথ্য তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, ঘটনাস্থলের আলামত, স্থানীয় বাসিন্দা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলে পেট্রলবোমা ব্যবহারের কোনো প্রমাণ পাওয়া যায়নি। পেট্রলবোমা বিস্ফোরণের মতো কোনো শব্দ শোনা যায়নি। বাড়ির দেয়ালেও পেট্রলবোমার আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকেও এ ধরনের কোনো তথ্য মেলেনি।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগুনের ঘটনায় পেট্রলবোমা ব্যবহার করা হয়নি। বরং বাড়িটির বৈদ্যুতিক সংযোগ পুরোনো ও দুর্বল হওয়ায় শর্টসার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা বেশি। ছবি, অডিও ও ভিডিওসহ বিভিন্ন আলামত পর্যালোচনা করে এমন ধারণা পাওয়া যাচ্ছে। তবে এটি এখনো অনুমাননির্ভর। পূর্ণাঙ্গ তদন্তের পরই প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
অগ্নিকাণ্ডের স্থান সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে একটি টিনশেড আধা পাকা ঘরে আগুন লাগে। ওই বাড়ি থেকে প্রায় ২০ মিটার দূরে তাঁর মা-বাবা তিনতলা একটি ভবনে থাকেন।
তিনি আরও বলেন, আগুন লাগার সময় ওই বাড়িতে কেউ বসবাস করতেন না। সেখানে দুটি ছাগলসহ কিছু জিনিসপত্র ছিল। ঘটনার পর পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অতিরিক্ত পুলিশ সুপার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখানে গেছেন। সকালে তিনি নিজেও কথা বলে পুলিশ সুপারকে ঘটনাস্থলে পাঠিয়েছেন। বিজিবির একটি দলও ঘটনাস্থল পরিদর্শন করেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফায়ার সার্ভিসের জরুরি নম্বর ৯৯৯-এ খবর পাওয়ার পরপরই পার্শ্ববর্তী থানা থেকে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠানো হয় এবং আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় ইতিমধ্যে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডির ভিত্তিতে পুলিশ তদন্ত করছে।
























