ঢাকা   বৃহস্পতিবার ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

বাড়িতে হামলাকে শর্টসার্কিট বলায় ক্ষুব্ধ নুসরাত, স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন

রাজনীতি

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২০:০৩, ১২ নভেম্বর ২০২৬

সর্বশেষ

বাড়িতে হামলাকে শর্টসার্কিট বলায় ক্ষুব্ধ নুসরাত, স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন

কুষ্টিয়ায় নিজের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনাকে বৈদ্যুতিক শর্টসার্কিটের সম্ভাব্য ফল বলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের দেওয়া বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুম। তাঁর অভিযোগ, বাড়িতে পেট্রলবোমা হামলার ঘটনাকে লঘু করে দেখানোর চেষ্টা করা হয়েছে। এ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে প্রশ্ন তুলে তিনি বলেছেন, ‘কেন এই হামলাকে লঘু করতে চাইলেন?’

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যার আগে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ ক্ষোভ প্রকাশ করেন নুসরাত।

এর আগে জাতীয় সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের উত্থাপিত প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নুসরাতের গ্রামের বাড়িতে আগুন লাগার পেছনে বৈদ্যুতিক শর্টসার্কিটের সম্ভাবনাই বেশি। প্রাথমিক তদন্তে পেট্রলবোমা ব্যবহারের কোনো আলামত পাওয়া যায়নি বলেও জানান তিনি। তবে ঘটনাটি দুর্ঘটনা, নাকি পরিকল্পিত নাশকতা, তা নিশ্চিত হতে তদন্ত চলছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের প্রতিক্রিয়ায় নুসরাত তাঁর ফেসবুক পোস্টে দাবি করেন, বাড়িটিতে শিশু সন্তানসহ ৬ থেকে ৭ জন মানুষ এবং একাধিক গবাদিপশু বসবাস করত। অথচ সংসদে দাঁড়িয়ে বাড়িটিকে পরিত্যক্ত বলে উল্লেখ করা হয়েছে।

তিনি লেখেন, ‘বাচ্চাসহ ৬–৭ জন মানুষ, একাধিক গবাদিপশুর বসবাসসহ একটি বসতবাড়িকে সংসদে দাঁড়িয়ে পরিত্যক্ত ঘোষণা করে দিল স্বরাষ্ট্রমন্ত্রী!! পেট্রলের পোড়া গন্ধে ভরা একটা ধ্বংসস্তূপকে বলে দিলেন শর্টসার্কিটের ফলাফল!!’

নিজের বাড়ির অবস্থা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে নুসরাত আরও লেখেন, ‘আসলে কয়েক কোটির রাজকীয় ফ্ল্যাট না থাকলে আর কারো বসতবাড়িকে পরিত্যক্ত মনে হতেই পারে!! সবাই তো আর দেশান্তরে থেকেও কয়েকগুণ সম্পত্তি বাড়িয়ে ফেলতে পারে না।’

বাড়িতে হামলার পেছনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকেরা জড়িত বলে নিজের বিশ্বাসের কথাও উল্লেখ করেন নুসরাত। একই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে তিনি লেখেন, ‘সেক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব কেন এই হামলাকে লঘু করতে চাইলেন?’

পোস্টের শেষাংশে তিনি প্রশ্ন তোলেন, তাঁর বাড়িতে সাতজন মানুষ ঘুমিয়ে থাকলেও সেটিকে যদি পরিত্যক্ত বলা হয়, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ, ফার্মগেটের বাস কিংবা কমলাপুর রেলস্টেশনকেও কি পরিত্যক্ত বলা হবে? এ প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে তিনি লেখেন, ‘ছিহ!’

সর্বশেষ