ঢাকা   সোমবার ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

রাজনীতি

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১১:১৪, ২ নভেম্বর ২০২৬

সর্বশেষ

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

গঙ্গার পানির ন্যায্য হিস্যা না পেলে ভারতের সঙ্গে বাণিজ্য, করিডর ও ট্রানজিট সুবিধা নিয়েও কঠোর অবস্থানে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, বাংলাদেশে গঙ্গার পানি না এলে ভারতীয় পণ্যও বাংলাদেশে আসবে না। কোনো করিডর বা ট্রানজিট হবে না, এমনকি ভারতীয় কোনো চ্যানেলও বাংলাদেশে চলতে দেওয়া হবে না।

রোববার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় যুব দিবস উপলক্ষে আয়োজিত ‘জাতীয় যুব সম্মেলন ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এনসিপির যুব সংগঠন জাতীয় যুবশক্তি এ সম্মেলনের আয়োজন করে।

নাহিদ ইসলাম বলেন, গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ আগামী ডিসেম্বরে শেষ হচ্ছে। এ পরিস্থিতিতে বাংলাদেশের পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে হবে। এ প্রসঙ্গে মওলানা ভাসানীর ঐতিহাসিক ফারাক্কা লংমার্চের কথা স্মরণ করে তিনি বলেন, প্রয়োজন হলে তাঁরাও আবার লংমার্চের জন্য প্রস্তুত রয়েছেন।

মাতারবাড়ী চুক্তি নিয়ে সরকারের কাছে ব্যাখ্যা দাবি

অর্থনীতি ও বিদেশি ঋণ প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, সরকার বিভিন্ন দেশের কাছে ঋণের জন্য ঘুরছে। কিন্তু সরকারের প্রতি আস্থার সংকট রয়েছে বলে তাঁর দাবি।

জাপানের সঙ্গে বাংলাদেশের বিনিয়োগ ও মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর প্রকল্পের চুক্তিগুলো জনগণের সামনে স্পষ্ট করার দাবি জানান তিনি। এসব চুক্তির মাধ্যমে ভারতকে কোনো ধরনের অবৈধ করিডর বা ট্রানজিট সুবিধা দেওয়ার চেষ্টা করা হলে বাংলাদেশের জনগণ তা প্রতিহত করবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি

সংবিধান সংশোধন নিয়ে সরকারের উদ্যোগের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, এ বিষয়ে নতুন করে আলোচনার প্রয়োজন নেই। নির্বাচনের আগেই আলোচনা শেষ হয়েছে। এখন বাস্তবায়নের সময়।

তিনি অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি জানান। এর ব্যত্যয় ঘটলে বাংলাদেশের জনগণ ও বিরোধী দল তা মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

শ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণের দাবি

পোশাকশ্রমিকদের চলমান আন্দোলন প্রসঙ্গেও কথা বলেন এনসিপি আহ্বায়ক। তিনি বলেন, শ্রমিকেরা ন্যায্য মজুরির দাবিতে আন্দোলন করছেন। সরকার সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা বাড়ালেও শ্রমিক ও বেসরকারি চাকরিজীবীদের বেতন বাড়েনি। এই বৈষম্য মেনে নেওয়া যায় না।

অবিলম্বে শ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণের দাবি জানান তিনি।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। এতে সভাপতিত্ব করেন যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম। সঞ্চালনা করেন সংগঠনটির সদস্যসচিব ফরহাদ সোহেল।

সর্বশেষ