বিশ্বজুড়ে বড় ধরনের প্রযুক্তিগত বিপর্যয়ের মুখে পড়েছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট। প্রতিষ্ঠানটির ই-মেইল সেবা আউটলুকসহ গুরুত্বপূর্ণ কয়েকটি অনলাইন সেবা ব্যবহারে বিঘ্ন ঘটেছে। এতে ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন দেশের ব্যক্তি ব্যবহারকারী থেকে শুরু করে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীরা।
গতকাল বৃহস্পতিবার কয়েক ঘণ্টা ধরে চলা এ বিপর্যয়ের প্রভাব পড়েছে মাইক্রোসফটের অনলাইন যোগাযোগের প্ল্যাটফর্ম টিমস এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সহকারী কোপাইলটেও।
মাইক্রোসফট জানিয়েছে, তাদের প্রযুক্তিগত অবকাঠামোর ওপর অতিরিক্ত চাপের কারণে এ সমস্যার সৃষ্টি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে নেওয়া পদক্ষেপ প্রত্যাশা অনুযায়ী কাজ না করায় এখন বিকল্প সমাধান খুঁজছে প্রতিষ্ঠানটি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মাইক্রোসফট জানায়, সেবা সচল রাখার সক্ষমতা বাড়াতে যেসব পরিবর্তন আনা হয়েছিল, সেগুলোর কার্যকারিতা পর্যবেক্ষণে প্রত্যাশিত ফল পাওয়া যায়নি। তাই সেবার সক্ষমতা বাড়াতে বিকল্প উপায় খোঁজা হচ্ছে।
তবে কখন নাগাদ সব সেবা পুরোপুরি স্বাভাবিক হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময় জানায়নি প্রতিষ্ঠানটি।
এদিকে বিপর্যয় শুরুর মাত্র এক ঘণ্টার মধ্যেই এর প্রভাব ছড়িয়ে পড়ে বিশ্বের বিভিন্ন অঞ্চলে। অনলাইন সেবার ত্রুটি পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, বিশ্বের ৭৪টি দেশ ও অঞ্চলে মাইক্রোসফটের বিভিন্ন সেবা ব্যবহারে সমস্যার খবর পাওয়া গেছে।
ডাউনডিটেক্টরের প্রকাশিত মানচিত্রে দেখা যায়, উত্তর ও দক্ষিণ আমেরিকার বিভিন্ন অঞ্চল ছাড়াও ইউরোপ, এশিয়া ও আফ্রিকার কিছু অংশের ব্যবহারকারীরা এ বিপর্যয়ের শিকার হয়েছেন।
বিভিন্ন কোম্পানি ও সরকারি প্রতিষ্ঠানও জানিয়েছে, আউটলুকের মাধ্যমে ই-মেইল যোগাযোগ করতে না পারায় তাদের নিয়মিত কার্যক্রম ব্যাহত হচ্ছে।
























