ঢাকা   শুক্রবার ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

রাজনীতি–সংশ্লিষ্টতা নেই, এমন ব্যবসায়ীদের ব্যাংক হিসাব খুলে দিচ্ছে এনবিআর

অর্থ ও বাণিজ্য

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৫:১০, ১৩ নভেম্বর ২০২৬

সর্বশেষ

রাজনীতি–সংশ্লিষ্টতা নেই, এমন ব্যবসায়ীদের ব্যাংক হিসাব খুলে দিচ্ছে এনবিআর

তৈরি পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষে সংশ্লিষ্টতার সন্দেহে জব্দ করা ব্যাংক হিসাব অবমুক্ত করতে শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বিশেষ করে যেসব ব্যবসায়ী ও প্রতিষ্ঠানের মালিকের রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই, তাঁদের ব্যাংক হিসাব খুলে দেওয়া হচ্ছে। ব্যবসায়ীদের উদ্বেগ ও সমালোচনার মুখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে স্বস্তি ফিরেছে ভুক্তভোগী অনেক ব্যবসায়ীর মধ্যে।

তবে ব্যাংক হিসাব অবমুক্ত হলেও পুরোপুরি হয়রানিমুক্ত হতে পারেননি সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। কারণ, ব্যাংক হিসাব জব্দের পাশাপাশি প্রতিষ্ঠানগুলোর গত পাঁচ বছরের ব্যাংক লেনদেনের তথ্য চেয়েছে এনবিআরের আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট। হিসাব খুলে দেওয়া হলেও তথ্য সংগ্রহের প্রক্রিয়া এখনো চলমান রয়েছে।

এ ছাড়া ব্যাংক হিসাব জব্দের কারণে ঋণপত্র (এলসি) খোলা এবং অনুমোদিত ঋণসীমা ব্যবহারের ক্ষেত্রেও ব্যাংক কর্মকর্তাদের মধ্যে একধরনের অস্বস্তি তৈরি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

তৈরি পোশাকশিল্পে মজুরি বৃদ্ধির দাবিতে গত অক্টোবর থেকে শ্রমিক আন্দোলন চলছে। আন্দোলনের মুখে গত ১ নভেম্বর সরকার মজুরি বোর্ড গঠন করে। গত সোমবার বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধি ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেন। তবে এরপরও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। গতকাল বৃহস্পতিবারও সাভারের আশুলিয়া ও গাজীপুরে শ্রমিক বিক্ষোভের কারণে ২০৪টি কারখানার উৎপাদন ব্যাহত হয়।

এর মধ্যে গত অক্টোবরের শেষ দিকে শ্রমিক বিক্ষোভ তীব্র হলে আন্দোলনে সংশ্লিষ্টতার সন্দেহে গত ৪ নভেম্বর তৈরি পোশাক খাতের দুই শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের তথ্য চায় এনবিআর। একই সঙ্গে প্রায় ১০০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেওয়া হয়। গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন এনবিআরের একাধিক কর্মকর্তা।

এনবিআরের আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট (আইটিআইআইইউ) এবং কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) পৃথকভাবে এসব ব্যাংক হিসাব জব্দ ও তথ্য সংগ্রহের উদ্যোগ নেয়।

আইটিআইআইইউর তালিকায় থাকা ১১০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে ৬৭ জন ছিলেন ব্যবসায়ী। তাঁদের প্রতিষ্ঠানগুলো ছিল সাতটি শিল্প গ্রুপের। এই ব্যবসায়ীদের মধ্যে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক ছয় সংসদ সদস্য এবং আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের পদে থাকা আরও দুজন ছিলেন। তাঁদের পাশাপাশি স্ত্রী, ভাই ও ব্যবসায়িক অংশীদারদের নামও তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।

তবে তালিকায় রাজনৈতিক সংশ্লিষ্টতা না থাকা বেশ কিছু প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও প্রতিষ্ঠানের নামও চলে আসে। এতে ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ ও সমালোচনা তৈরি হয়।

পোশাক খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ব্যাংক হিসাব জব্দের পর বিজিএমইএর নেতারা সরকারের উচ্চপর্যায়ে যোগাযোগ করেন। তাঁরা জানান, তালিকায় এমন অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠান রয়েছে, যাঁরা রাজনীতির সঙ্গে যুক্ত নন। তাঁদের ব্যাংক হিসাব জব্দ থাকলে শ্রমিকদের মজুরি পরিশোধ এবং রপ্তানি কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এরপর পরিস্থিতি বিবেচনায় সরকার কিছুটা নমনীয় হয়।

এরই মধ্যে স্ট্যান্ডার্ড গ্রুপের জব্দ করা ব্যাংক হিসাব অবমুক্ত করেছে এনবিআর। গ্রুপটির মালিকদের কেউ রাজনীতির সঙ্গে যুক্ত নন। গত বুধবার এনবিআরের আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট এ বিষয়ে চিঠি দেয়।

স্ট্যান্ডার্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হাসনাত মোশাররফ জানান, বৃহস্পতিবার ব্যাংক কর্তৃপক্ষ তাঁদের নিশ্চিত করেছে যে, ব্যক্তিগত ও কোম্পানির সব ব্যাংক হিসাব অবমুক্ত করা হয়েছে।

অন্যদিকে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য ফয়জুর রহমান ব্যবসায়িক অংশীদার হওয়ায় তুসুকা গ্রুপের ১০টি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের তথ্য তলব করা হয়। পাশাপাশি গ্রুপটির পরিচালক ফয়জুর রহমান, আরশাদ জামাল, রেফায়েত উল্লাহ, ফিরোজ আলমসহ মোট ৯ জনের ব্যাংক হিসাব জব্দ করা হয়।

গত সপ্তাহে তুসুকা গ্রুপের প্রতিষ্ঠানগুলোর জব্দ ব্যাংক হিসাব অবমুক্ত করা হলেও সংশ্লিষ্ট ব্যক্তিদের হিসাব এখনো জব্দ রয়েছে।

গ্রুপটির চেয়ারম্যান আরশাদ জামাল জানান, ফয়জুর রহমান ছাড়া অন্য অংশীদারদের ব্যাংক হিসাব অবমুক্ত করার আবেদন বিজিএমইএর কাছে দেওয়া হয়েছে। সংগঠনটি সুপারিশসহ আবেদনটি এনবিআরে পাঠিয়েছে। দ্রুতই এসব হিসাব অবমুক্ত হবে বলে আশা করছেন তাঁরা।

এদিকে মন্ডল গ্রুপের ২৮টি এবং এনভয় গ্রুপের পাঁচটি প্রতিষ্ঠানের জব্দ ব্যাংক হিসাবও খুলে দেওয়া হয়েছে। তবে গ্রুপ দুটির মালিকদের ব্যক্তিগত ব্যাংক হিসাব এখনো জব্দ রয়েছে।

বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান জানিয়েছেন, এনবিআরের তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর ব্যাংক হিসাব অবমুক্ত করা হয়েছে। এ ছাড়া সাবেক সংসদ সদস্য নন, এমন ব্যক্তিদের ব্যাংক হিসাবও অবমুক্ত করার সুপারিশ করেছে বিজিএমইএ। এ বিষয়ে এনবিআর দ্রুত সিদ্ধান্ত নেবে বলে আশা করছেন তিনি।

সর্বশেষ