মাত্র ছয় মাসে দেশের সব সমস্যার শতভাগ সমাধান করা কঠিন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। তবে তাঁর দাবি, দায়িত্ব নেওয়ার পর থেকেই সরকার সর্বোচ্চ আন্তরিকতা, দায়বদ্ধতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছে।
সরকারের দায়িত্ব গ্রহণের ১৮০ দিন পূর্তি উপলক্ষে সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় সরকারের গত ছয় মাসের বিভিন্ন কর্মকাণ্ড এবং নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে নেওয়া পদক্ষেপ তুলে ধরা হয়।
মাহদী আমিন বলেন, দীর্ঘ ১৬ বছরের শাসনের পর যে পরিস্থিতির মধ্যে বর্তমান সরকার দায়িত্ব নিয়েছে, সেখানে মাত্র ছয় মাসে সব সমস্যার সমাধান করা সহজ নয়। তবে প্রতিটি ক্ষেত্রে সরকারের আন্তরিকতা ও দায়বদ্ধতার ঘাটতি নেই।
তিনি বলেন, নির্বাচনী ইশতেহারের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে। বিএনপির ১৯ দফা, ভিশন ২০৩০, ২৭ দফা এবং যুগপৎ আন্দোলনের ৩১ দফার আলোকে সরকারের কার্যক্রম পরিচালিত হচ্ছে। ইশতেহারের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের বিষয়ে প্রধানমন্ত্রী জাতীয় সংসদেও প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানান তিনি।
কৃষক ও সামাজিক সুরক্ষায় বিভিন্ন উদ্যোগ
মাহদী আমিন বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথম মন্ত্রিসভা বৈঠকেই কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত সুদসহ কৃষিঋণ মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়। এতে প্রায় ১৩ লাখ কৃষক পরিবার সরাসরি উপকৃত হয়েছে বলে দাবি করেন তিনি।
এ ছাড়া কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড ও প্রবাসী কার্ড চালুর উদ্যোগ, জেলা পর্যায়ে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ স্থাপন, ইমাম-মুয়াজ্জিন, পুরোহিত, যাজক ও বৌদ্ধ অধ্যক্ষদের সম্মানী, খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচির কথা তুলে ধরেন তিনি।
সরকার দায়িত্ব নেওয়ার পর রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও দাবি করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র। তাঁর মতে, কৃত্রিমভাবে পণ্যের দাম বাড়ানো এবং সিন্ডিকেট নিয়ন্ত্রণে সরকার কঠোর ব্যবস্থা নিয়েছে।
শিক্ষায় সংস্কারের দাবি
মাহদী আমিন বলেন, বর্তমান সরকারের সময়ে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের কোনো ঘটনা ঘটেনি। পাশাপাশি উত্তরপত্র নিরপেক্ষভাবে মূল্যায়ন করা হয়েছে বলে দাবি করেন তিনি।
অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ ট্রাস্টের অর্থ পরিশোধের উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি। তাঁর দাবি, সম্প্রতি প্রাথমিকভাবে ২ হাজার কোটি টাকার চেক অবসরপ্রাপ্ত শিক্ষকদের দেওয়া হয়েছে।
এ ছাড়া আগামী শিক্ষাবর্ষ থেকে পাঠ্যক্রমে নতুন বিষয় যুক্ত করা, শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই, শিক্ষার্থীদের স্কুলড্রেস ও ব্যাগ প্রদান এবং পর্যায়ক্রমে মিড-ডে মিল চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
মেয়েদের স্নাতক পর্যন্ত অবৈতনিক শিক্ষা এবং তৃতীয় ভাষা শিক্ষাকে গুরুত্ব দেওয়ার কথাও তুলে ধরেন মাহদী আমিন।
নতুন পে-স্কেল চূড়ান্তের পথে
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল প্রণয়নের কাজ অনেকটাই চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা।
এ ছাড়া ক্রীড়াকে পেশা হিসেবে স্বীকৃতি, স্পোর্টস ভিলেজ প্রতিষ্ঠা, খেলার মাঠ সংস্কার ও সংরক্ষণ এবং জুলাই গণ-অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের জন্য বিভিন্ন সহায়তা কার্যক্রমের কথা তুলে ধরেন তিনি।
বন্ধ হয়ে যাওয়া কলকারখানা পুনরায় চালু করতে আলাদা তহবিল এবং শ্রমিকদের সুরক্ষায় শ্রমবান্ধব আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান মাহদী আমিন।
আর্থিক খাতে সংস্কারের দাবি
সরকার দায়িত্ব নেওয়ার পর ভেঙে পড়া অর্থনৈতিক কাঠামো পুনর্গঠনে সংস্কার কার্যক্রম শুরু হয়েছে বলে দাবি করেন মাহদী আমিন।
তিনি বলেন, ব্যবসা-বাণিজ্য সহজ করতে বিভিন্ন ক্ষেত্রে কর কমানো, আমানতকারীদের আমানতের সুরক্ষা, রপ্তানিমুখী শিল্পে বন্ডেড ওয়্যারহাউস সুবিধা সম্প্রসারণ এবং ট্রেড ও ব্যবসায়িক লাইসেন্স নবায়নের প্রক্রিয়া সহজ করা হয়েছে।
বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে মুনাফা নিজ দেশে ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে বিদ্যমান বাধা কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
এ ছাড়া অর্থ পাচারের মাধ্যমে বিদেশে চলে যাওয়া অর্থ দেশে ফেরাতে বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপক্ষীয় পর্যায়ে কাজ চলছে এবং এতে ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে দাবি করেন তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের বক্তব্য
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে দাবি করে মাহদী আমিন বলেন, সরকার দায়িত্ব নেওয়ার সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি ছিল অত্যন্ত নাজুক। সেখান থেকে উত্তরণ ঘটিয়ে রাজনৈতিক হয়রানিমুক্ত ও জনবান্ধব পুলিশ-প্রশাসন গড়ে তোলার চেষ্টা চলছে।
তাঁর দাবি, বর্তমানে সাধারণ মানুষের মধ্যে পুলিশ, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আস্থা ফিরছে। পাশাপাশি দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থা সতর্ক রয়েছে।
মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে প্রতিবেশী দেশের কাছে আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণের আবেদন জানানো হয়েছে বলেও জানান তিনি।
‘সবার আগে বাংলাদেশ’
পররাষ্ট্রনীতি প্রসঙ্গে মাহদী আমিন বলেন, বর্তমান সরকারের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি ‘সবার আগে বাংলাদেশ’। বিশ্বের সব দেশের সঙ্গে সমতা, ন্যায্যতা ও মর্যাদার ভিত্তিতে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্ক গড়ে তোলাই সরকারের লক্ষ্য।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ভিআইপি সংস্কৃতি ভেঙে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সম্পৃক্ত হওয়ার যে দৃষ্টান্ত তৈরি করেছেন, সেটিই সরকারের জনমুখী কর্মকাণ্ডের প্রতিফলন।























