আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী বাছাইয়ে নেতা–কর্মীদের ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, নির্বাচনে অতীতের ফ্যাসিস্ট সরকারের মতো কোনো হস্তক্ষেপ করবে না বর্তমান সরকার। তাই জনগণের কাছে গ্রহণযোগ্য এবং ভোটে জয়ী হওয়ার সক্ষমতা রয়েছে, এমন প্রার্থী বেছে নিতে হবে।
মঙ্গলবার রাতে চট্টগ্রামের র্যাডিসন ব্লু চট্টগ্রাম বে-ভিউ হোটেলে বিএনপির সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব নির্দেশনা দেন তারেক রহমান। সভায় চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের সাড়ে চার শতাধিক নেতা–কর্মী অংশ নেন।
সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতার জন্য নেতা–কর্মীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। এ কাজে সমাজের গণ্যমান্য ব্যক্তিদের সম্পৃক্ত করার কথাও বলেন তিনি।
তারেক রহমান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেতা–কর্মীদের আরও সতর্ক থাকতে হবে। সবাই নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করলে অপরাধ ৫০ শতাংশ কমে আসবে। তবে কোনো নেতা–কর্মী নিজে অপরাধে জড়াতে পারবেন না। এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।
নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন সংগঠনটির সদস্যসচিব নাজিমুর রহমান। তিনি জানান, আগামী স্থানীয় সরকার নির্বাচনে ঐক্যবদ্ধভাবে গ্রহণযোগ্য প্রার্থী বাছাইয়ের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। যাঁর জয়ের সম্ভাবনা রয়েছে এবং যিনি জনগণের কাছে গ্রহণযোগ্য, তাঁকেই প্রার্থী করার বিষয়ে গুরুত্ব দিয়েছেন তিনি। নির্বাচনে সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করবে না বলেও জানিয়েছেন।
সভায় উপস্থিত চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বেলায়েত হোসেন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে নেতা–কর্মীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামীর বিরুদ্ধে নয়, বরং ওই দুই দলের পক্ষ থেকে সরকারের নামে ছড়ানো হচ্ছে বলে উল্লেখ করা বিভিন্ন গুজব ও ষড়যন্ত্র মোকাবিলায় নেতা–কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে বলেছেন তিনি।
বেলায়েত হোসেন আরও জানান, সরকারের ইতিবাচক কর্মকাণ্ড সাধারণ মানুষের কাছে তুলে ধরার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর ভাষ্য, বিরোধী দল সরকারের জনসমর্থন নিয়ে প্রশ্ন তুললেও প্রধানমন্ত্রী বিভিন্ন স্থানে সফরকালে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি দেখা যাচ্ছে।
এর আগে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানাতে রংপুর, রাজশাহী ও চট্টগ্রামে সফর করেন তারেক রহমান। মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে সামরিক বিমানে রাজশাহী থেকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। পরে নগরের জেএম সেন হলের পূজামণ্ডপ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।
তাঁর সফর ঘিরে জেএম সেন হল এবং র্যাডিসন ব্লু হোটেলের সামনে নেতা–কর্মী ও উৎসুক মানুষের ভিড় জমে। রাতে চট্টগ্রাম ছাড়েন তিনি।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর গত ৯ আগস্ট প্রথমবারের মতো চট্টগ্রাম সফর করেন তারেক রহমান। ওই সফরে বাঁশখালী, ফটিকছড়ি, হাটহাজারী ও চট্টগ্রাম মহানগরের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন তিনি। পরে র্যাডিসন ব্লু হোটেলে দলীয় নেতা–কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।
























