দেশে ও দেশের বাইরে গুপ্ত ও নিষিদ্ধ রাজনৈতিক গোষ্ঠী নানা ষড়যন্ত্রের জাল বুনছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। আসন্ন শারদীয় দুর্গাপূজাকে এসব গোষ্ঠী লক্ষ্যবস্তু করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে তিনি দলমত–নির্বিশেষে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা ১১টার দিকে ঢাকার নবাবগঞ্জ উপজেলার হরিশকুল বেগম হাসিবা উচ্চবিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে যোগ দিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে কয়েকটি ফলদ গাছের চারাও রোপণ করেন রিজভী।
তিনি বলেন, কোনো অপশক্তি যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই সারা দেশে সুষ্ঠুভাবে পূজা উদ্যাপন নিশ্চিত করতে খোঁজখবর রাখছেন। শহীদ জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে সবাই মিলে কাজ করতে হবে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবু হাসান খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক।
তিনি বলেন, তাঁর চাচাতো ভাই প্রয়াত বীর মুক্তিযোদ্ধা পোখরাজ এই শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলেন। ওই ইউনিয়নে কোনো স্কুল না থাকাকালে হিন্দু সম্প্রদায়ের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিতে তিনি প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার উদ্যোগ নেন। অবহেলিত এ অঞ্চলের রাস্তাঘাটসহ বিভিন্ন উন্নয়নকাজ শিগগিরই ত্বরান্বিত করার অঙ্গীকারও করেন তিনি।
অনুষ্ঠানে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন বলেন, আসন্ন দুর্গাপূজায় সারা দেশের প্রতিটি মন্দিরে ছাত্রদলের নেতাকর্মীদের স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করতে হবে। রাত জেগে মন্দির পাহারা দেওয়ারও নির্দেশ দেন তিনি। এ নির্দেশনার ব্যত্যয় হলে সাংগঠনিক জবাবদিহি নিশ্চিত করা হবে বলে জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদ রানা, সাবেক অধ্যক্ষ মানবেন্দ্র দত্ত, বেগম হাসিবা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার পুত্রবধূ তাহমিনা আদনান, নবাবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম, কেপি উচ্চবিদ্যালয়ের সভাপতি আবু শফিক খন্দকার মাসুদ, প্রধান শিক্ষক মো. শাহ আলম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মহসীন রহমান আকবর এবং ঢাকা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম (নিরব) প্রমুখ।
পরে দোহার উপজেলার জয়পাড়া কলেজ ছাত্রদল আয়োজিত একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে যোগ দেন রুহুল কবির রিজভী।
সেখানে প্রধান অতিথির বক্তব্যে তিনি ছাত্রদলকে দলবাজি, চাঁদাবাজি, সন্ত্রাস ও দখলবাজির বিরুদ্ধে অবস্থান নিয়ে সংগঠন পরিচালনার আহ্বান জানান। তিনি বলেন, শুধু শিক্ষাপ্রতিষ্ঠানকেন্দ্রিক কর্মকাণ্ডে সীমাবদ্ধ থাকলে চলবে না; সাধারণ মানুষের কাছেও যেতে হবে এবং তাদের সুখে-দুঃখে পাশে থাকার চর্চা গড়ে তুলতে হবে।
























