ঢাকা   রোববার ১৬ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩

বিএনপির স্থায়ী কমিটিতে রিজভীসহ নতুন চার মুখ

বিএনপির স্থায়ী কমিটিতে রিজভীসহ নতুন চার মুখ

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে নতুন করে চার নেতাকে সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। তাঁরা হলেন—দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক ফরহাদ হালিম (ডোনার) এবং চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মো. ইসমাইল জবিউল্লাহ।

শনিবার বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক গতিশীলতা বাড়ানো এবং দলীয় সিদ্ধান্তের ধারাবাহিকতায় এই চার নেতাকে জাতীয় স্থায়ী কমিটির সদস্য করা হয়েছে।

নতুন সদস্যদের মধ্যে রুহুল কবির রিজভী দীর্ঘদিন ধরে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করছেন। আমান উল্লাহ আমান এর আগে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ছিলেন। একই সাংগঠনিক ইউনিটের ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্বে ছিলেন ফরহাদ হালিম। আর ইসমাইল জবিউল্লাহ বর্তমানে প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিএনপির সর্বশেষ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয় ২০১৬ সালের ১৯ মার্চ। ওই কাউন্সিলের পর জাতীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়। পরবর্তী সময়ে সদস্যদের মৃত্যু, পদত্যাগসহ বিভিন্ন কারণে কমিটির কয়েকটি পদ শূন্য হয়। এসব শূন্য পদে বিভিন্ন সময়ে নতুন সদস্য যুক্ত করেছে দলটি। এবার একসঙ্গে চার নেতাকে স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত করা হলো।

১৯ সদস্যের বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে আগে ১৩ জন সদস্য ছিলেন। তাঁরা হলেন—তারেক রহমান, খন্দকার মোশাররফ হোসেন, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও এ জেড এম জাহিদ হোসেন।

তবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী করার পর তিনি গত বৃহস্পতিবার দলীয় পদ থেকে পদত্যাগ করেন। নতুন চার সদস্য অন্তর্ভুক্ত হওয়ায় বর্তমানে বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ১৬ জনে।