ঢাকা   বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩

রাষ্ট্রপতি নির্বাচনে দুই প্রার্থী, তিন মনোনয়ন—অলির দু’টি কেন?

রাষ্ট্রপতি নির্বাচনে দুই প্রার্থী, তিন মনোনয়ন—অলির দু’টি কেন?

রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন দুই প্রার্থী। তবে নির্বাচন কমিশনে জমা পড়েছে তিনটি মনোনয়নপত্র। বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি মনোনয়নপত্রের বিপরীতে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদের জমা পড়েছে দুটি। একই প্রার্থীর দুটি মনোনয়নপত্র জমা দেওয়ার কারণ নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন।

বৃহস্পতিবার নির্ধারিত সময়ের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচনী কর্তা এএমএম নাসির উদ্দিনের কাছে এসব মনোনয়নপত্র জমা দেওয়া হয়। বিকেল ৪টার পর রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ব্রিফিংয়ে বিষয়টি জানান ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে তিনটি মনোনয়নপত্র পাওয়া গেছে। এর মধ্যে কর্নেল (অব.) অলি আহমদের দুটি এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি। তবে রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকছেন দুজনই।

অলি আহমদের দুটি মনোনয়নপত্র জমা দেওয়ার কারণ জানতে চাইলে ইসি সচিব বলেন, কেন দুটি মনোনয়নপত্র দেওয়া হয়েছে, তা প্রার্থী বা সংশ্লিষ্টরাই বলতে পারবেন। তবে আইন অনুযায়ী, যাচাই-বাছাইয়ে প্রথম মনোনয়নপত্র বৈধ হলে দ্বিতীয়টি যাচাইয়ের প্রয়োজন হবে না।

ইসি জানিয়েছে, ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৬ আগস্ট সকাল ১০টা থেকে নির্বাচন ভবনে মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে। এ সময় সহযোগিতার জন্য সংসদ সচিবালয় থেকে একজন কর্মকর্তা উপস্থিত থাকবেন।

এর আগে বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদের একটি মনোনয়নপত্র জমা দেওয়া হয়। পরে বিকেলে তাঁর পক্ষে আরেকটি মনোনয়নপত্র জমা দেওয়া হয়।

মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর আগামী ১৮ আগস্ট পর্যন্ত প্রত্যাহারের সুযোগ থাকবে। এরপর ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ হবে। ভোট চলবে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।